এই বাংলাদেশকেই চান জার্গেনসেন
ওয়ানডে সিরিজ জয়ের ট্রফিটা কালই হাতে পায়নি বাংলাদেশ দল। মিরপুরে ৬ নভেম্বরের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসে নাকি সেদিন বাংলাদেশ দলের হাতে ট্রফিটা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী শেষে কাল তাই যথেষ্ট সময় পেলেন বাংলাদেশ কোচ শেন জার্গেনসেন। মাঠে দাঁড়িয়ে নির্বাচকদের সঙ্গে কী একটা আলোচনা সেরে ড্রেসিংরুমের দিকে যাওয়ার পথে সাংবাদিকদের ‘অবরোধ’। এমন একটা সিরিজ জয়ের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচও, ‘অসম্ভব ভালো লাগছে। অসাধারণ এক জয় এটা।’ আগেরবার বাংলাদেশ যখন নিউজিল্যান্ডকে ৪-০-তে ধবলধোলাই করেছিল, সে সময় এই জার্গেনসেনই ছিলেন নিউজিল্যান্ডের বোলিং কোচ। এবার তিনি জয়ী দলে। মুদ্রার দুই পিঠই দেখা হলো জার্গেনসেনের।
কালকের জয়ের পর বাংলাদেশ কোচ বলছিলেন, ‘উইকেটটা খুব বেশি ভালো ছিল। বল বেশি টার্ন করেনি। তাতেই বড় লক্ষ্যের দিকে ছোটার পরীক্ষাটা হয়ে গেছে ছেলেদের। আমাদের এই কাজটা আরও বেশি বেশি করতে হবে।’
কোচের চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট ওপেনার শামসুর রহমানের ইনিংস। প্রশংসা ঝরল নাসির হোসেনের জন্যও, ‘৬০ রানের পর কিছুটা সংগ্রাম করতে হলেও এরপর নাঈমের সঙ্গে দারুণ জুটি হলো শামসুরের। ওটাই আমাদের ভালো অবস্থানে নিয়ে যায়। এরপর নাসির দারুণভাবে খেলাটা শেষ করে এসেছে।’