এই বায়ার্ন অন্য রকম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখ পারে। বায়ার্ন মিউনিখ পারে না! চার বছরের মধ্যে এটি তাদের তৃতীয় ফাইনাল। বায়ার্ন যে ফাইনালে উঠতে পারে, এটাই তো তার বড় প্রমাণ। কিন্তু ফাইনালে উঠেও আগের দুবার বায়ার্নের খালি হাতে ফেরাটা এটাও বলে, ফাইনালের চাপ তারা নিতে পারে না!২০১০ সালের ফাইনালটি নিয়ে বলার কিছু নেই। সেবার হোসে মরিনহোর ধুরন্ধর মস্তিষ্কের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল। ডিয়েগো মিলিতোর জোড়া গোলে হেরেছিল বায়ার্ন। কিন্তু গতবার? নিজেদের মাঠ, নিজেদের দর্শক, মাঠের ঘাসগুলোয় পর্যন্ত তাদের ঘামের পরিচিত গন্ধ। সেই বায়ার্ন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হেরে গেল, সেটিও ৮৮ মিনিটে খেয়ে বসা গোলে, শিরোপা থেকে মাত্র দুই মিনিট দূরত্বে...হারটাও শেষ পর্যন্ত টাইব্রেকার ‘লটারি’তে!এর চেয়ে বড় কষ্ট আর কী হয়! পুরো ম্যাচে ওই একটাই কর্নার পেয়েছিল চেলসি। তা থেকেই কিনা চেলসির জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে নামা দিদিয়ের দ্রগবা করে বসলেন গোল! স্মৃতিটা এতটাই টাটকা, ক্ষতটা এতটাই সাম্প্রতিক, এখনো মাঝেমধ্যেই নিশ্চয়ই যন্ত্রণা দেয়। এবার আর তাই কোনো ভুল করতে চায় না রেকর্ড সর্বোচ্চ পাঁচবার ফাইনালে গিয়ে পরাজিত বায়ার্ন।

এর চেয়েও নাটকীয় পরাজয় আছে বায়ার্নের ইতিহাসে। ১৯৯৯ সালের ফাইনালে তারা হেরেছিল যোগ করা সময়ে, ৯১ ও ৯৩ মিনিটে দুটি গোল খেয়ে! সেই স্মৃতি উল্লেখ করে বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, নিজেদের মাঠে হারের যন্ত্রণাটাই বেশি, ‘১৯৯৯ সালের ফাইনালটির কথা আমার মনে আছে। বার্সেলোনায় আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে নাটকীয়ভাবে হেরেছিলাম। সেটা ছিল অবিশ্বাস্য, নির্মম। তবে আমার কাছে মনে হয় এটা আরও বেশি তিক্ত, নৃশংস। এই ফাইনালটি আগেরটিকেও ছাপিয়ে গেছে।’

বাভারিয়ানরা কিন্তু গতবারের চেয়ে আরও শক্তি বাড়িয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। তার প্রমাণ মিলবে লিগে। দুই ডজনেরও বেশি রেকর্ড গড়ে এবার বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন। প্রথম জার্মান দল হিসেবে শিরোপাত্রয়ী জেতার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে থাকা বায়ার্ন এবারও কাঁদতে চায়, তবে সেটা প্রাপ্তির আনন্দে। সেটা হবে আনন্দাশ্রু। বায়ার্নের বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেস বলছেন, ‘এই দলটা তার মানসিকতা এবং মানসিক শক্তির দিক দিয়ে অবিশ্বাস্য। আমরা এবার কোনো অঘটনের ফাঁদে পড়তে চাই না। আমাদের একটা পরিষ্কার লক্ষ্য আছে—ইউরোপিয়ান কাপ জেতা। এই লক্ষ্য থেকে আমাদের কেউ বিচ্যুত করতে পারবে না। কোচ বা খেলোয়াড় হিসেবে আমি আগে কখনোই এতটা লক্ষ্যবদ্ধ একটা দল দেখিনি।’

আগের দুবারের হেরে যাওয়ার অভিজ্ঞতা এই দলের প্রায় সবারই আছে। তার পরও টমাস মুলারের দাবি, সেটা কোনো বাড়তি চাপে ফেলবে না তাঁদের। কারণ বায়ার্নের মতো দলে খেলতে গেলে চাপটা সামলাতে জানতে হয়, ‘বায়ার্নের সঙ্গে চাপ সব সময়ই থাকে। বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগটা বাদ দিয়ে সব ম্যাচেই মনে হয় এই চাপটা ছিল।’

এবারের বায়ার্ন যে আসলেই কী, সেটা ভালোই টের পেয়েছে বার্সা, সেমিফাইনালের দুই লেগে যখন তাদের ছিঁড়েখুঁড়ে ফেলল জার্মান ক্লাবটি। এবারের বায়ার্ন যে আসলেই কী, সেটা তারা বুঝিয়ে দিয়েছে লিগের শেষ ম্যাচেও। ১০ মিনিটের মধ্যে ৩-১ গোলে পিছিয়ে পড়া বায়ার্ন শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ৪-৩ গোলে। সেবার প্রতিপক্ষ ছিল বরুসিয়া মনশেনগ্লাডবাখ, এবার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড। দেখা যাক! এএফপি।