এই বার্সা দল ‘স্পেশাল’: মেসি
ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়নস লিগ—গত মৌসুমে দুটি শিরোপাই নিজেদের ঘরে তুলেছে বার্সেলোনা। ২০০৮ সালে ম্যানেজার পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত লা লিগা জায়ান্টদের ঘরে শিরোপা উঠেছে দশটি! এই বার্সেলোনা দল যে ‘বিশেষ কিছু’, সমালোচকদেরও তা মানতে আপত্তি থাকার কথা নয়। এর পরও খুব সাধারণ ‘বিশেষ কিছু’ কথাটি লিওনেল মেসির মতো কারও মুখ থেকে বেরোলে গুরুত্ব বেড়ে যায় বহু গুণ!তাহলে কি ক্লাব ফুটবলের ইতিহাসে এই বার্সেলোনাই সেরা দল? নিশ্চিত নন লিওনেল মেসি। তবে গত মৌসুমে ৫৩ গোল করা এই ‘জাদুকর’ একটা বিষয়ে নিশ্চিত—এই বার্সেলোনা দলকে সবার মনে রাখতেই হবে।‘আমি জানি না, বার্সেলোনা ফুটবল ইতিহাসের সেরা দল কি না। বিভিন্ন যুগে বিভিন্ন দল ছিল। কিন্তু চিরদিন স্মরণ রাখার দাবিদার আমরা হতেই পারি। এই বার্সা দল স্পেশাল’—এক সাক্ষাত্কারে বলেছেন মেসি।বার্সেলোনাকে এত এত শিরোপা এনে দিয়েছেন। এর সঙ্গে তুলনা করলে দেশকে কিছুই এনে দিতে পারেননি মেসি। সমালোচকেরা তো প্রায়ই বলেন, ‘ও তো ক্লাব পর্যায়ের খেলোয়াড়। জাতীয় দলের জার্সি গায়ে দিলেই কেমন জানি হয়ে যায়!’ মেসি অবশ্য এসব সমালোচনা নিয়ে ভাবছেন না। তাঁর দৃষ্টিজুড়ে এখন ‘মিশন কোপা আমেরিকা’। মেসি বলছেন, ‘আমি কাজের সংস্কৃতিতে বিশ্বাসী। সবাই সেটা জানে। খারাপ-ভালো সব সময়েই আমি শান্ত থাকতে চাই। এবার আর্জেন্টিনার জন্য কিছু করতে চাই।’ ওয়েবসাইট।