এই বিশ্বকাপে আমিও ‘খেলছি’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক, শখের কলাম লেখক। এবার তিনি পুরোদস্তুর কলাম লেখক, ক্রিকেট বিশ্লেষক। প্রথমবারের মতো টানা ১৫ দিন কলাম লেখার অভিজ্ঞতা আর বিশ্বকাপে তাঁর পরিকল্পনা সম্পর্কে জানালেন হাবিবুল বাশারটানা ১৫ দিন কলাম লিখলেন। সম্ভবত এই অভিজ্ঞতা আপনার জন্য প্রথম।হাবিবুল বাশার: কলাম আসলে অনেক দিন ধরেই লিখছি। গত বিশ্বকাপেও প্রায় নিয়মিত আমার কলাম প্রথম আলোয় ছাপা হয়েছে। আরও কয়েকটি পত্রিকাতেও ছাপা হয়েছে। কিন্তু টানা ১৫ দিন কলাম লিখলাম এই প্রথম।অভিজ্ঞতা কেমন ছিল?হাবিবুল: ইন্টারেস্টিং। প্রথমত কলামের বিষয়টি ছিল বিশ্বকাপ দলের ১৫ জন ক্রিকেটার। প্রতিদিন একজনকে নিয়ে আমার স্মৃতি, অভিজ্ঞতা, বিশ্লেষণ। এবারের বিষয়টি আলাদা। যেখানেই গেছি সবাই প্রশংসা করেছে। আমার নিজেরও ভালো লেগেছে। খুব উপভোগ করেছি। তবে একই সঙ্গে আমাকে কিন্তু খুব সাবধানী থাকতে হয়েছে। কারণ ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। সমালোচনা, অনেকের খেলার দুর্বল দিক নিয়েও লিখেছি। তবে আমি সচেতনভাবেই চেষ্টা করেছি এমন কিছু না লিখতে, যেটা অন্যায় সমালোচনা হয়ে যায়। ক্রিকেট অঙ্গনের বাইরে থেকে কেমন সাড়া পেয়েছেন?হাবিবুল: একটা অভিজ্ঞতার কথা বলি। আশরাফুলকে নিয়ে কলামটা ছাপা হওয়ার দিন আব্দুন নূর তুষার ফোন দিয়েছিলেন। আমি তুষার ভাইয়ের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ভাবলাম, হয়তো কোনো টিভি অনুষ্ঠানে যেতে হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে জানালেন, আমার কলামগুলো নিয়মিত পড়েন। আশরাফুলকে নিয়ে লেখাটা তাঁর হূদয় ছুঁয়ে গেছে। পরিচিতরা অনেকেই ফোন দিয়ে উৎসাহিত করেছেন। ক্রিকেটারদের মধ্যে কেমন সাড়া পেয়েছেন?হাবিবুল: হা হা হা...নাম বলব না। একজন শুরুর দিকে আমাকে ফোন করে বলল, তাকে নিয়ে যেন ভালো ভালো কথা লেখা হয়। না হলে খবর আছে! ক্রিকেটারদের ভালো প্রতিক্রিয়া পেয়েছি। অনেকের ফোন পেয়ে জেনেছি, আমার কলাম নিয়ে ওদের মধ্যে আলোচনাও হয়েছে। কাজটা উপভোগের ছিল, কঠিনও ছিল নিশ্চয়ই?হাবিবুল: অবশ্যই। আমার অভিজ্ঞতা থেকে শুরুতেই ঠিক করে নিয়েছিলাম, কারও অন্যায় সমালোচনা করব না। নিজে ক্রিকেটার ছিলাম। অনেক সময় পত্রপত্রিকায় অনেক কিছু ছাপা হয়েছে। অনেক সমালোচনাও সহ্য করেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ক্রিকেটাররা অন্যায় সমালোচনার শিকারও হয়। সাংবাদিকের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ তাঁর লেখায় প্রতিফলিত হয়। আমি তাই প্রতিটি বাক্যের ব্যাপারেই সাবধানী ছিলাম। এমনিতেই সামনে বিশ্বকাপ। আমি চাইনি এমন কিছু লিখে কাউকে আঘাত করতে। সময়টা সমালোচনার নয়, উৎসাহ জোগানোর। সমালোচনা যে করিনি, তা নয়। তবে সেটি সমালোচনার চেয়ে বেশি ছিল, তাদের একসময়ের সহযাত্রী হিসেবে আমার অভিজ্ঞতা থেকে দেওয়া পরামর্শ। সমালোচনা গঠনমূলক হলেই ভালো। আপনি নিজে এবার বিশ্বকাপে অনেকটা পেশাদার সাংবাদিকের ভূমিকাই তো নিচ্ছেন?হাবিবুল: হ্যাঁ, কিছুটা। পুরো বিশ্বকাপে আমি নিয়মিত প্রথম আলোয় লিখব। পাশাপাশি বৈশাখী টিভিতে প্রতিদিন আমার একটি সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আজ (গতকাল) থেকে বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত রাত নয়টায় প্রচারিত হবে ‘ইটস টাইম টু ক্রিকেট’ নামের অনুষ্ঠানটি। বিশ্বকাপ শুরু হলে প্রতিদিন ম্যাচের আগে। অনুষ্ঠানে দর্শকেরাও সরাসরি ফোনে অংশ নিতে পারবে।বেশ ব্যস্ত সময় যাচ্ছে তাহলে!হাবিবুল: মনে হয়, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেললেই এর চেয়ে কম ব্যস্ত থাকতাম (হাসি)। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক প্রস্তুতি নিচ্ছি। বেশ স্টাডি করতে হচ্ছে। ১৪ দল, ১৫ জন করে ক্রিকেটার। তা ছাড়া ক্রিকেটে পরিসংখ্যান এত বড় একটা বিষয়। তবে আমি পরিসংখ্যানে ভারাক্রান্ত লেখার পক্ষে নই। আমি বিশ্লেষণ তো করবই, পাশাপাশি খেলার আগে-পরে ড্রেসিংরুমে পরিবেশ কেমন থাকে, ক্রিকেটারদের অভিজ্ঞতা, আনন্দ-কষ্ট, ভালো লাগার অনুভূতিগুলোর দিকে বেশি নজর দিতে চাই। বলতে পারেন, এই বিশ্বকাপে আমিও ‘খেলছি’!