এই বিশ্বকাপের আর্জেন্টিনা

সেমিফাইনালে মুখোমুখি আজ আর্জেন্টিনা-হল্যান্ড। মহারণের আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পেরিয়ে আসা পথ কতটা মসৃণ ছিল আর্জেন্টিনা দলের, কতটাই বা ছিল বাঁক!

সেরা খেলোয়াড়
লিওনেল মেসি
ব্রাজিল ও নেইমারকে বাদ দিলে, এই বিশ্বকাপে আর কোনো দলকে একজন ফুটবলারের ওপর এতটা নির্ভর করতে হয়নি। পাঁচ ম্যাচের চারটিতেই মেসি-ঝলকে পার পেয়েছে আর্জেন্টিনা। মেসির এক মুহূর্তের জাদু নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ভাগ্য। কে জানে, মেসি না থাকলে হয়তো গ্রুপপর্বেই থমকে যেত আর্জেন্টিনা!
সেরা মুহূর্ত
দ্বিতীয় রাউন্ডে ডি মারিয়ার গোল
ম্যাচ প্রায় টাইব্রেকারে নিয়েই গিয়েছিল সুইজারল্যান্ড। ১১৭ মিনিটে ২৮টি সুযোগ নষ্ট করার পর স্বস্তির গোল। কারিগর যথারীতি মেসি। সুইস ডিফেন্সের বুক চিড়ে মেসির জাদুকরি ছুট এবং ফাঁকায় দাঁড়ানো অ্যাঙ্গেল ডি মারিয়াকে পাস। ডি মারিয়ার নিখুঁত ফিনিশিং। যেন ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার পাসে ক্লদিও ক্যানিজিয়ার সেই গোল!
শঙ্কা
মেসিতে অতিনির্ভরতা
‘প্রতিবার বল পেলেই আমরা মেসিকে খুঁজি, কারণ সে-ই আমাদের সেরা ফুটবলার’—দ্বিতীয় রাউন্ড জয়ের পর বলেছিলেন পাবলো জাবালেতা। নির্ভরতায় ক্ষতি নেই, কিন্তু অতিনির্ভরতা জাগায় শঙ্কা। কখনো কখনো এই অতিনির্ভরতা ছিল বড্ড দৃষ্টিকটু, আর্জেন্টিনার আক্রমণভাগে তো প্রতিভার অভাব নেই!
সেরা গোল
ইরানের বিপক্ষে মেসির গোল
বিব্রতকর এক ড্র তখন মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। ৯১ মিনিটে ৩০ গজ দূরে বল পেলেন মেসি, ডান দিয়ে খানিকটা ভেতরে ঢুকে বাঁ পায়ের গোলা। ইরান গোলকিপারের সাধ্য ছিল না ঠেকানোর। ওই ম্যাচ ড্র হলে আর্জেন্টাইনদের আত্মবিশ্বাসে নিশ্চয়ই লাগত বড় এক চোট।
সর্বোচ্চ গোলদাতা
লিওনেল মেসি (৪ গোল)
ভুতুড়ে তথ্য
আর্জেন্টাইন স্কোয়াডের চার ফরোয়ার্ড আগুয়েরো-লাভেজ্জি-হিগুয়েইন-প্যালাসিও মিলে সর্বশেষ ক্লাব মৌসুমে করেছেন ৮৩ গোল। চারজন মিলে বিশ্বকাপে এখন পর্যন্ত ১ গোল!
বিশ্বকাপ সাফল্য
১৯৭৮ ও ১৯৮৬ চ্যাম্পিয়ন, ১৯৩০ ও ১৯৯০ রানার্সআপ। চারবার সেমিফাইনাল খেলে কখনো হারেনি।

কোচের পারফরম্যান্স
আর্জেন্টিনা শেষ চারে মূলত মেসির জাদুতে, আলেসান্দ্রো সাবেলার নয়। বিশ্বকাপজুড়েই গুঞ্জন শোনা গেছে, শিষ্যদের কাছ থেকে সামান্য শ্রদ্ধাই আদায় করতে পেরেছেন সাবেলা। বসনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের মধ্য বিরতিতে তো কোচের সঙ্গে কথা-কাটাকাটিও নাকি হয়েছে মেসির। কয়েকটি আর্জেন্টাইন ও স্প্যানিশ পত্রিকার খবর, মেসিদের ‘নির্দেশেই’ ৫-৩-২ ফর্মেশন বদলে বিরতির পর ৪-৩-৩ ফর্মেশনে খেলেছে দল। এরপর প্রতিটি ম্যাচেই ছিল ৪-৩-৩ ফর্মেশন।
সম্ভাব্য লাইন আপ: ৪-৩-৩; রোমেরো, জাবালেতা, গারাই, ডেমিচেলিস, রোহো, পেরেজ, মাচেরানো, বিলিয়া, মেসি, হিগুয়েইন, লাভেজ্জি।