এই বিশ্বকাপের হল্যান্ড

সেমিফাইনালে মুখোমুখি আজ আর্জেন্টিনা-হল্যান্ড। মহারণের আগে চোখ বুলিয়ে নিন বিশ্বকাপের পেরিয়ে আসা পথ কতটা মসৃণ ছিল হল্যান্ড দলের, কতটাই বা ছিল বাঁক!
সেরা খেলোয়াড়

আরিয়েন রোবেন
অননুমেয় অতীতকে পেছনে ফেলেছেন বেশ আগেই। এই টুর্নামেন্টেও দারুণ ধারাবাহিক। প্রতিটি ম্যাচেই ক্ষণে ক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণে। স্পেনের বিপক্ষে সেই ভূমিধস জয়ে করেছিলেন ২ গোল। বয়সের সঙ্গে সঙ্গে যেন গতি আরও বাড়ছে। গতিময় প্রতি-আক্রমণে প্রতিপক্ষকে দিশাহারা করেছেন বারবার।
সেরা মুহূর্ত
স্পেনকে বিধ্বস্ত
চার বছর আগে হল্যান্ডের স্বপ্ন ভেঙে ট্রফি জিতেছিল স্পেন। সেই আক্ষেপের ক্ষতে খানিকটা প্রলেপ পড়েছে এবার প্রথম ম্যাচেই। যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল স্পেনই। কিন্তু এরপর যা হলো, সেটাকে বলা যায় ডাচ মাস্টারক্লাস। রোবেন-ফন পার্সির জোড়া গোল, বিশ্ব চ্যাম্পিয়নদের জালে গুনে গুনে পাঁচটি। গোল হতে পারত এমনকি ছয়-সাত-আটটিও! সেই ধাক্কা পরে আর সামলাতে না পেরে ছিটকে যায় স্পেন।
শঙ্কা
ডি ইয়ংয়ের চোট
দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই কুঁচকির চোটে মাঠ ছাড়েন নাইজেল ডি ইয়ং। ছিটকে যান টুর্নামেন্ট থেকেও। বছরের পর বছর ধরেই দলের সূত্রধর হয়ে আছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঝমাঠ আর রক্ষণকে এক সুতোয় গাঁথেন নিপুণভাবে। হল্যান্ড সেমিতে উঠলেও তাঁর অভাব ঠিকই বোঝা গেছে মাঠে।
সেরা গোল
স্পেনের বিপক্ষে রবিন ফন পার্সি
স্পেনের বিপক্ষে দল যখন পিছিয়ে ১-০তে, মাঝ বিরতির ঠিক আগে বাঁ দিক থেকে দুর্দান্ত এক ক্রস করলেন ডেলি ব্লাইন্ড। ভলি করার চেষ্টাও করতে পারতেন বক্সের ভেতর ছুটে আসা রবিন ফন পার্সি। কিন্তু পুরো শরীর শূন্যে ভাসিয়ে উড়ন্ত হেড, নিখুঁত টাইমিং। যে গোলে ফন পার্সি পেয়ে গেলেন ফ্লাইং ডাচম্যান খেতাব!
সর্বোচ্চ গোলদাতা
রোবেন ও ফন পার্সি (৩টি করে)
ভুতুড়ে তথ্য
হল্যান্ডের ৫-১ গোলের জয়ে ৫১ বছর পর স্পেনের জালে ঢুকেছে ৫ গোল!
বিশ্বকাপ সাফল্য
১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ রানার্স আপ, ১৯৯৮ চতুর্থ। চারবার সেমিফাইনাল খেলে তিন জয়, এক হার।

কোচের পারফরম্যান্স
অসাধারণ, দুর্দান্ত। সব সময়ই নিজেকে সেরা দাবি করে এসেছেন লুই ফন গাল। এই বিশ্বকাপে মাঠেও যেন সেটি দেখিয়ে যাচ্ছেন। দলের শক্তি-দুর্বলতা নিখুঁতভাবে ধরে সেভাবেই কৌশল সাজিয়েছেন। ফন গালের বদলি কাজে লাগানো তো এবারের উদাহরণ হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। ফন পার্সিকে উঠিয়ে হান্টেলারকে নামানো বা টাইব্রেকারের আগে সিলেসেনকে তুলে নিয়ে টিম ক্রাল, বদলি নেমে মেম্ফিস ডিপাইয়ের দুই গোল বা লেরয় ফেরের গোল—যেন রোমাঞ্চকর একেকটি গল্প!
সম্ভাব্য লাইন আপ: ৩-৫-২; সিলেসেন, ডি ভ্রাই, ভ্লার, মার্টিনস ইন্ডি, ইয়ানমাট, ভাইনালডম, স্নাইডার, ব্লাইন্ড, কাউট, রোবেন, ফন পার্সি।