এই বেশ ভালো আছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটা দিন খেলা নেই। খামাখা লিস্টারে বসে থেকে লাভ কী? স্ত্রী শিশিরকে নিয়ে লন্ডনের পথে বেরিয়ে পড়লেন সাকিব আল হাসান। ড্রাইভিং সিটে নিজেই। ১৬৬ কিলোমিটার পথ পেরিয়ে লন্ডনে পৌঁছে গেলেন আড়াই ঘণ্টার মধ্যে।সাকিবের জীবন এখন অনেকটা মাসুদ রানার মতো। মাথার ওপরে রাহাত খান টাইপ কেউ হয়তো নেই; তবে ক্যালেন্ডারের পাতা উল্টে নিজেকেই ঠিক করে নিতে হচ্ছে নিজের অ্যাসাইনমেন্ট। আজ লন্ডন, দিন চারেক পর আবার লিস্টার। ২৯ তারিখে ধরতে হবে বারবাডোজের বিমান। এরপর আগস্টের শেষ দিকে বাংলাদেশে এসে আবার হয়তো ভারত কিংবা শ্রীলঙ্কা।জীবনের এই গতি দারুণ উপভোগ করছেন সাকিব। কাউন্টি, আইপিএল খেলতে এর আগেও লম্বা সময় বিদেশে থেকেছেন। কিন্তু সেই একাকী জীবনের সঙ্গে শিশিরসঙ্গের এই জীবনের পার্থক্য অনেক। কাল লন্ডন থেকে টেলিফোনে সাকিবও বলছিলেন, ‘আগে তো একাই আসতাম, একাই থাকতাম। বোরিং লাগত খুব। একা একা ঘুরেও মজা নেই। এবার ও (শিশির) থাকায় অনেক মজা হচ্ছে। খেলা না থাকলে ঘুরতে বেরিয়ে যাই। তা ছাড়া এবার থাকবও অল্প কয়দিন।’‘কেমন আছেন’ প্রশ্নটা তাই আর করার প্রয়োজন পড়ল না। ক্রিকেট-প্রবাসীর জীবন যে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন, সে তো বেশ বোঝাই যাচ্ছে। তবে সাকিবের এই ভালো লাগা, ভালো থাকা শুধু স্ত্রীসঙ্গের কারণে নয়, স্ত্রীসঙ্গ ভালো লাগার মাত্রাটাই বাড়িয়েছে কেবল। ইংল্যান্ডের প্রশস্ত হাইওয়েতে ছুটতে থাকা গাড়ির এক্সেলেটর চেপে ধরেও সাকিবের চোখের সামনে হয়তো ভেসে ওঠে ঢাকা-মাগুরার যানজটক্লিষ্ট পথের ছবি। লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়ছে দেশের হরতাল আর সহিংসতার কথা। বাংলাদেশে প্রায়ই মেধা পাচারের কথা শোনা যায়। সাকিবও না সেই মেধাবীদেরই প্রতিনিধি হয়ে যান! শঙ্কাটা টেলিফোনে তাঁর কথা শুনে, ‘গরম, রাজনৈতিক গোলমাল, হরতাল, মারামারির মধ্যে থাকার চেয়ে বিদেশে অনেক ভালো আছি। আরামে আছি। বাসার মানুষদের জন্য, বাবা-মায়ের জন্য একটু খারাপ লাগে। আর কোনো কিছুর জন্যই খারাপ লাগে না।’সাকিব বাংলাদেশের ক্রিকেটার হলেও এখন থেকে হয়তো বাংলাদেশের চেয়ে বিদেশেই বেশি সময় কাটবে তাঁর। কাউন্টি, আইপিএল, সিপিএল, এসএলপিএল—এই সব কটি টুর্নামেন্টে খেললে এমনিতেই একজন ক্রিকেটারকে মাস চারেক বিদেশে থাকতে হওয়ার কথা। স্ত্রীর বাবা-মা যুক্তরাষ্ট্র-প্রবাসী বলে খেলা না থাকলে সেখানে গিয়ে কিছু সময় কাটানোরও দায় থাকে সাকিবের। ইংল্যান্ডে যাওয়ার আগে তাই বেড়াতে গেছেন যুক্তরাষ্ট্রেও। পরিস্থিতির দাবি মেটাতে এখন অনেকটাই প্রবাসী সাকিব। নিজেও বলছিলেন, ‘এমন না যে, আমার পাকাপাকিভাবে বিদেশে থেকে যাওয়ার প্ল্যান আছে। কিন্তু আমি যদি বাইরের সবগুলো টুর্নামেন্টে খেলি, এমনিতেই মাস ছয়েক বিদেশে থাকতে হবে। এরপর সময় পেলে প্রতিবছর এক মাসের জন্য আমেরিকায় বেড়াতে যেতেই পারি। তবে জাতীয় দলের খেলা থাকলে ভিন্ন কথা। তখন তো আর বাইরে থাকব না।’হ্যাঁ, যতই এদেশ-ওদেশ ঘুরে বেড়ান, সবচেয়ে বড় কাজ মনে করেন দেশের হয়ে খেলাটাকেই, ‘এখন যদি বাংলাদেশের খেলা থাকত, তাহলে তো আর বাইরে আসতাম না। সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগ হলে হয়তো সেটাও খেলব।’ বিদেশে থাকার আনন্দের তুলনায় সাকিব এখনো দেশের আনন্দগুলোকেই রাখেন এগিয়ে, ‘এমন না যে, দেশে মজা কম হয় বা উপভোগ করি না। আমাদের দেশেও অনেক মজা আছে, উপভোগ করার অনেক বিষয় আছে।’আবেগের পটভূমিতে কথাটা ঠিক। তবে বাংলাদেশে এই মুহূর্তে একজন ক্রিকেটারের জন্য বিপিএলের পাওনা পারিশ্রমিকের জন্য হাহাকার করা আর দুষ্ট ক্লাবচক্রের পাল্লায় পড়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য বেকার অপেক্ষা করাটাই হলো নিষ্ঠুর বাস্তবতা। সঙ্গে দেশের রাজনৈতিক অস্থিরতাটাকে যোগ করে নিলে সাকিব নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন।