এই ব্রাজিল আরও ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েনস্টাইগার
শোয়েনস্টাইগার

বড় আঘাত কখনো কখনো ভুলিয়ে দেয় ছোট ক্ষত। বড় বিপর্যয়ে যেমন চাপা পড়ে যায় সামান্য না পাওয়া, আক্ষেপ, বেদনা, মনোমালিন্য। একটা পরিবারে যেমন, তেমনি কোনো দলেও। সব ভুলে একই লক্ষ্যে এককাট্টা হয় সবাই। এটিকেই ভয় বাস্তিয়ান শোয়েনস্টাইগারের। জার্মান মিডফিল্ডারের ধারণা, নেইমারকে হারানো আরও তাতিয়ে দেবে ব্রাজিলকে। সবাই একতাবদ্ধ হয়ে জিততে চাইবে নেইমারের জন্য!
নেইমারের সঙ্গে আজকের এই ম্যাচে নেই ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভাও। যুদ্ধের ময়দানে যদি সামলাতে না হয় প্রতিপক্ষের সবচেয়ে ভরসার রক্ষণবর্ম, এর চেয়ে স্বস্তি আর কী হতে পারে! শোয়েনস্টাইগার অবশ্য মুখোমুখি লড়াইয়ের স্বস্তি কণ্ঠে না এনে বললেন বৃহত্তর ক্ষতির কথাই। হয়তো স্বস্তিটা প্রকাশ্য হলো না আড়াল থেকে উঁকি দেওয়া শঙ্কাটার কারণে, ‘নেইমার খেলতে পারবে না বলে আমরা সবাই হতাশ, সবাই কষ্ট পেয়েছি। ফুটবলের জন্য এটা ভালো কিছু নয়। প্রতিপক্ষের সব সেরা খেলোয়াড়েরা থাকলেই খেলে মজা। তবে নেইমারের চোট আরও তাতিয়ে দিতে পারে ব্রাজিলকে। ওরা হয়তো এখন আরও বেশি একতাবদ্ধ হবে এবং নেইমারের জন্য ট্রফি জিততে চাইবে।’
শুধু না থাকা নেইমারে প্রেরণা নয়, শোয়েনস্টাইগারের সমীহ পাচ্ছেন ব্রাজিলের কোচিং স্টাফও, ‘স্কলারি ও পাহেইরার (টেকনিক্যাল ডিরেক্টর) মতো দুজন কোচ আছেন ওদের, যাঁদের কিনা বিশ্বকাপ শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। এই ধরনের পরিস্থিতি, এই মঞ্চের অভিজ্ঞতা তাঁদের অনেক আছে। আছে আরও দারুণ কিছু ফুটবলার। ঘরের মাঠে নিজ দর্শকের সামনে খেলার বাড়তি সুবিধা তো আছেই।’ সব মিলিয়ে এই নেইমারবিহীন ব্রাজিলকেও সেমিফাইনাল প্রতিপক্ষ হিসেবে চাননি শোয়েন, ‘বিশ্বের যত দেশেই খেলি, যত অভিজ্ঞতা হোক, এই ফুটবলপাগল দেশে স্বাগতিক দলের বিপক্ষে খেলা বিশেষ কিছু। এটা যেমন দারুণ সম্মানের, তেমনি বড় চ্যালেঞ্জও। সত্যি বলতে ব্রাজিলকে ফাইনালে পেলেই সবচেয়ে ভালো হতো।’
শুধু প্রতিপক্ষ স্বাগতিক দল বলেই নয়, শোয়েনস্টাইগারের জন্য আজকের ম্যাচ বড় পরীক্ষা একটা মানসিক বাধার জন্যও। গত দুই বিশ্বকাপেই সেমিফাইনালে হেরেছে জার্মানি। দুবারই দলে ছিলেন এই মিডফিল্ডার, মনে কুডাক তাই আসতেই পারে। তবে দাবি করলেন, দল এবার অনেক আত্মবিশ্বাসী, ‘আবারও আমরা এক ধাপ দূরে, এবার ব্যর্থ হতে চাই না। আমাদের প্রতিটি ফুটবলার আগের চেয়ে পরিণত। দলে ভালো ফুটবলারের সংখ্যাও বেড়েছে।’ ফিফাডটকম, গোলডটকম।