একজন ফুটবলার যতই অভিজ্ঞ হোক না কেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পেটে প্রজাপতির নাচন টের পাবেই৷ তবে একজনের অভিজ্ঞতার সঙ্গে আরেকজনের অভিজ্ঞতা তুলনা করা মুশকিল৷ আমার প্রথম বিশ্বকাপ, আর্জেন্টিনা ১৯৭৮, যেন ছিল ভিন্ন কোনো এক ফুটবল-জগতে৷
আমার বয়স তখন ২৫, তত দিনে পেশাদার ফুটবলে ৭ বছর খেলা হয়ে গেছে৷ তবে এর একটা বড় অংশ ছিল ব্রাজিলিয়ান লিগে৷ আর্জেন্টিনা বিশ্বকাপের দুবছর আগেই ব্রাজিল দলে অভিষেক আমার৷ তার পরও বিশ্বকাপ খেলতে যখন আর্জেন্টিনায় পা রাখলাম, ভীষণ নার্ভাস ছিলাম৷ তখনো কোনো কোপা আমেরিকাও খেলিনি, ছিল না বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা৷ কিন্তু এখনকার কথা ভিন্ন৷ এই ব্রাজিল দলের দিকে তাকান৷ স্কলারির দলের বেশির ভাগেরই যদিও বিশ্বকাপ অভিজ্ঞতা নেই৷ কিন্তু প্রায় সবাই প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগের মতো কঠিন টুর্নামেন্টে খেলে অনেক পোক্ত হয়ে উঠেছে৷ এটা অবশ্যই একটি বাড়তি সুবিধা৷ যদিও দেশের মাটিতে খেলার প্রবল চাপ থাকবে ব্রাজিলের ওপর৷ ব্রাজিলের মাটিতে সর্বশেষ (১৯৫০) বিশ্বকাপের স্মৃতিও বারবার ঘুরেফিরে আসবে চাপ হয়ে৷
তবে আজ বিশ্বকাপে প্রথম ম্যাচটির আগে ব্রাজিল দলটিকে নিয়ে আমি দারুণ আত্মবিশ্বাসী মূলত একটি কারণে, দলটি জানে ওদের কাছে কী প্রত্যাশিত৷ স্কলারি যেভাবে দলকে চাপ থেকে আগলে রেখেছেন, তাতেও আমি মুগ্ধ৷ যদিও দলের কয়েকজনের অতি আত্মবিশ্বাসী মন্তব্য আমাকে বেশ বিস্মিত করেছে৷ বিশেষ করে দলের টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস আলবার্তো পাহেইরা মাঠের বাইরের প্রস্তুতি ভালো জানিয়ে দাবি করলেন, ট্রফিটা ব্রাজিলের হাতছোঁয়া দূরত্বে৷ পাহেইরা খুবই অভিজ্ঞ একজন মানুষ, বিশ্বকাপজয়ী কোচ, নিশ্চয়ই কারণ আছে বলেই অমন দাবি করেছেন৷ কিন্তু তার মানে এই নয় যে দলে কোনো ঘাটতি নেই বা দুশ্চিন্তার কারণ নেই৷
সাও পাওলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে মনে রাখতে হবে যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই৷ ব্রাজিল দলটি সেরা সময়ের মাইক টাইসনের মতো৷ শুরুতেই বাজিমাত করতে চায় তারা প্রতিপক্ষকে ঘায়েল করে৷ যিদ সেটা কাজে লেগে যায়, তাহলে দলটি আরও উজ্জীবিত হয়ে ওঠে৷ সমর্থকেরাও তখন দলকে দারুণভাবে সমর্থন দিয়ে যায়৷
সাও পাওলোর দর্শকেরা কতটা কঠিন হতে পারে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে৷ ১৯৫০ বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিল যখন সুইজারল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করেছিল, সাও পাওলোর দর্শকেরা দলকে দুয়ো দিয়েছিল৷ গত সপ্তাহে সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলের জয়েও সেই দুয়োর প্রতিধ্বনি শোনা গেছে৷ তবে আমার ধারণা, বিশ্বকাপে দর্শকের আচরণ ভিন্ন হবে৷ শিরোপা জিততে দর্শকদের পাশে প্রয়োজন ব্রাজিলের৷
বাছাইপর্বে ক্রোয়েশিয়ার খেলা আমার ভালো লাগেনি৷ সরাসরি বিশ্বকাপে জায়গা নেওয়ায় লড়াইয়ে বেলজিয়ামকে খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি ক্রোয়েশিয়া, প্লে-অফে আইসল্যান্ডকেও খুব দাপটে হারাতে পারেনি৷ তার মানে অবশ্য এই নয় যে তারা সেলেসাওদের চমকে দিতে পারবে না৷ তবে ক্রোটরা আজ নিশ্চিতভাবেই মিস করবে মারিও মানজুকিচকে৷ ওর উচ্চতা এবং দক্ষতা ব্রাজিলিয়ান রক্ষণে আতঙ্ক ছড়াতে পারত৷ তবে লুকা মডরিচ, ইভান রাকিটিচদেরও যথেষ্ট সামর্থ্য আছে ব্রাজিলকে ভোগানোর৷
আজ ব্রাজিলই ফেবারিট৷ তবে খানিকটা দুশ্চিন্তার ব্যাপার হলো গুরুত্বপূর্ণ ফুটবলারদের কয়েকজন গত কয়েক মাসে ছিল বেশ নিষ্প্রভ৷ অস্কার বা পাওলিনহো কারোরই ক্লাব মৌসুম খুব ভালো কাটেনি৷ আশা করি, জাতীয় দলের হয়ে ওরা জ্বলে উঠবে৷ অস্কারের কথা আগেও বলেছি, কিন্তু বক্স টু বক্স ফুটবল খেলার সামর্থে৵র কারণে পাওলিনহোর পারফরম্যান্সও ব্রাজিলের জন্য হবে গুরুত্বপূর্ণ৷ বিগ ফিলের পছন্দের একাদশ আমি বদলাতে চাই না, এমনকি গোলে হুলিও সিজারকেও না৷ গত বছর খানেক সে যথেষ্ট সময় না খেলায় খানিকটা দুশ্চিন্তা আছে৷ তবে আমার মনে হয়, অভিজ্ঞতা আর টেকনিক মিলিয়ে সে এখনো ব্রাজিলের এক নম্বর হওয়ার যোগ্য৷
আমার মতে, এর চেয়েও বড় দুশ্চিন্তা হলো দুই ফুলব্যাক ওপরে উঠে গেলে সেন্টারব্যাকে ডেভিড লুইজ ও থিয়াগো সিলভার জুটি ওদের কতটা কাভার করতে পারে৷ আমি চাইব, ওরা দানি আলভেজ বা মার্সেলোর একজনকে কাভার করবে, গুস্তাভো ওদের সঙ্গ দেবে৷ কিন্তু আমি দেখছি ওরা নিচে নেমেই থাকছে, একটা কারণ হতে পারে ইউরোপিয়ান দলগুলো ফুলব্যাকদের অনেকটা রক্ষণাত্মকভাবে ব্যবহার করে৷ গুরুত্বপূর্ণ হলো, সমন্বিত পারফরম্যান্সে আস্থা রাখা৷ নেইমার একা দলকে জেতাতে পারবে না, ২০০৬ বিশ্বকাপে যেমন রোনালদিনহোর ওপর অতিনির্ভরতা ছিল ভুল৷ এই দলটির ওপর আমার বিশ্বাস আছে৷ মনে হচ্ছে, বিশাল এই দায়িত্ব নিতে ওরা প্রস্তুত৷ ১৯৮২ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে আমরা ভুতুড়ে গোল হজম করলাম, পরে নিজেদের অন্তত আরও দুটি গোল করা উচিত ছিল৷ অথচ প্রথমার্ধে আমরা পিছিয়ে থাকলাম৷ তখন আমরা মুষড়ে পড়লে মোটেও দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে ম্যাচ জিততে পারতাম না৷
বলার চেয়ে করা অবশ্যই কঠিন৷ তবে স্নায়ুর চাপকে চেপে বসতে না দেওয়ার জন্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা জরুরি৷ জিতলে চাপ অনেকটাই কমে যাবে৷