এই ব্রাজিলে বিরক্তি সক্রেটিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামকরা চিকিৎসক। দর্শনের ওপর পিএইচডি ডিগ্রিও আছে। তবে ব্রাজিলের মানুষ সক্রেটিসকে চিরদিন মনে রাখবে তাঁর অনিন্দ্যসুন্দর ফুটবলের জন্যই। ১৯৮২ আর ১৯৮৬ বিশ্বকাপে ছিলেন দলের নেতৃত্বে, যে দলটায় জিকো, ফ্যালকাওরাও ছিলেন সুন্দর ফুটবলের পূজারি। শেষ পর্যন্ত ‘বিশ্বকাপ না-জেতা সোনালি প্রজন্মে’র আক্ষেপ সঙ্গী হয়েছে তাঁদের। কিন্তু একটা জায়গায় কখনোই কসুর করেননি তাঁরা—সুন্দর ফুটবল।সেই ‘জোগো বনিতো’র ব্রাজিল এখন আর সুন্দর ফুটবল খেলে না বলে কত আক্ষেপ! সেই আক্ষেপ এই সাবেক মিডফিল্ডারেরও। আর তাই এবার ব্রাজিল নয়, স্পেনের দিকেই তাকিয়ে থাকবেন বলে জানিয়েছেন সক্রেটিস, ‘ব্রাজিল অবশ্যই এবার বিশ্বকাপ জিততে পারে। কিন্তু সুন্দর আর চোখ-ধাঁধানো ফুটবল খেলছে স্পেনই। আমি ব্রাজিলের বিপক্ষে নই, তবে এখন ওদের খেলা দেখে আর মজা পাই না। খেলার মধ্যে যে কল্পনার ছোঁয়া ছিল, সেটি বিসর্জন দিয়েছে ব্রাজিল। তারা ছেড়ে গেছে তাদের শেকড়ও।’জিততে তাঁরাও চাইতেন, কিন্তু ‘যে করেই হোক’ নীতিতে নয়। সক্রেটিস জানিয়েছেন, ‘এখন ফুটবল স্রেফ একটা ব্যবসা। জয়টাই এখন শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। ফুটবল এখন ফলনির্ভর। টাকার দিকটা মাথায় রেখেও বলছি, এটা লজ্জাজনক। কারণ ব্রাজিল তাদের অনন্যসুন্দর ফুটবল খেলেও তো জিততে পারে। শিরোপার পিছে অন্ধের মতো ছুটতে গিয়ে এখন সেটি থেকে আমরা দূরে সরে এসেছি। ঈশ্বরের দোহাই দিয়েই বলছি, ফুটবলে জেতাটাই সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত নয়। শিল্প ও সৌন্দর্যটাও এর অংশ থাকা উচিত।’স্পোর্টস মেডিসিন নিয়েই এখন ব্যস্ত এই ৫৬ বছর বয়সী সাবেক খেলোয়াড়। নিজের শহর বেলেম ডো পারাতেই থাকেন। তবে এখনো স্মৃতিকাতর করে তোলে তাঁকে খেলোয়াড়ি জীবন। বিশেষ করে ’৮২ বিশ্বকাপ। ওই আসরে ৫ ম্যাচে ১৫ গোল করা ব্রাজিল আসলে শেষ পর্যন্ত বিদায় নিয়েছিল পাওলো রসির দুর্দান্ত এক হ্যাটট্রিকে। তবে সক্রেটিস আজীবন মনে রাখবেন সেই বিশ্বকাপ, ‘ব্রাজিলের অধিনায়ক হিসেবে ’৮২ বিশ্বকাপে মাঠে নামা, প্রথম ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত শোনা—এই আবেগের তুলনা হয় না। নিজের দেশ আর মানুষের প্রত্যাশার প্রতিনিধিত্ব করা সত্যিই রোমাঞ্চকর। এই স্মৃতি আমি মনের সিন্দুকে ভরে রাখব।’ ’৮২-র দলটিকে অনেকেই বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা দলগুলোর একটি বলে মনে করেন। সেবার সক্রেটিসরাও যে অপার সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন, সেটি তো খানিক আগেই জেনেছেন। এবার জেনে নিন, রসির ইতালির কাছে হেরে বিদায় নেওয়ায় আজও কোনো আক্ষেপ নেই সক্রেটিসের, ‘সেটি হতাশার ছিল বটে, কিন্তু ফুটবলে কোনো পরাজয়েই আমি কখনো অনুতপ্ত হইনি। নিজেকে আমি খেলাটির দার্শনিক হিসেবে ভাবতে চাই। পরাজয় খেলাটির খুবই স্বাভাবিক একটি পরিণতি। ১৯৮২ বিশ্বকাপ দলের অংশ হতে পেরে আজও আমি গর্ব বোধ করি।’তবে এই ব্রাজিলকে নিয়ে কোনো গর্ব নেই তাঁর। এর জন্য অবশ্য আর সবার মতো কোচকে দুষছেন না সক্রেটিস, ‘দুঙ্গা আসলে পরিস্থিতির শিকার। ওর বদলে অন্য কেউ কোচ হলে তিনিও ঠিক এই ধরনেই খেলাতেন। কারণ কর্তাব্যক্তিরা এখন এটাই চান। এই দলটা টুর্নামেন্ট জিতছে, ম্যাচ জিতছে; কিন্তু ব্রাজিলের ফুটবলের যে মুক্ত বিহঙ্গের মতো খেলার একটা ধাঁচ আছে, সেটি নেই। ব্রাজিল আসলে এখন বিরক্তিকর।’ ওয়েবসাইট।