এই ভূখণ্ডের সর্বকালের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারীদার চলে যাওয়ার খবরটা যখন শুনলাম, চোখের সামনে একটা খেলার দৃশ্য ভেসে উঠল। ১৯৫৬ সালে ঢাকা স্টেডিয়ামে আমি প্রথম খেলা দেখতে গিয়েছিলাম। আমি তখন ফাইভে-টাইভে পড়ি। খেলা হচ্ছিল মোহামেডান ও আজাদ স্পোর্টিং ক্লাবের মধ্যে। মনে আছে, মাঠটা ছিল ভেজা। আর মনে আছে, বারবার আমি একজন খেলোয়াড়কেই ফিরে ফিরে দেখছিলাম। সেই খেলোয়াড়টির নাম চিহ্লা মং চৌধুরী মারী। তাঁর চেহারা, মাঠে হাঁটাচলা, শরীরী ভাষা—সবকিছুই ছিল অন্য রকম। বল নিয়ে দৌড় দেওয়ার সময় মাথাটা একটা ঝাঁকি দিতেন। আমার ওই কিশোর চোখে তাঁর সবকিছুই এমন সুন্দর লাগছিল যে আমি বিহ্বল হয়ে পড়েছিলাম। মারীদার মৃত্যুসংবাদ শোনার পর আমাকে প্রায় ভাসিয়ে নিয়ে গেল ৫৬ বছর আগের এই স্মৃতি।মারীদার কত খেলা চোখে লেগে আছে, কোনটা রেখে কোনটা বলি! এর মধ্যেও আরেকটি ম্যাচের কথা খুব মনে পড়ছে। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের খেলা। ঢাকা ১ গোলে পিছিয়ে, কোনোভাবেই গোল শোধ হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক ছিলেন রণজিৎ দাস। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওদের গোলের নিচে দাঁড়িয়েছিলেন মনজুর হাসান (মিন্টু)। মিন্টু ভাই খুব ভালো কিছু সেভ করেছিলেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় মারীদা রণজিৎদার কাছ থেকে একরকম ধমক দিয়েই বল চেয়ে নিলেন। এখনো চোখে ভাসে, নিজেদের বক্সের সামনে বল নিয়ে শুরু করলেন দৌড়। প্রতিপক্ষের ছয়-সাতজনকে কাটিয়ে গোল করার পর বাঁ হাতটা তুলে উদ্যাপন করলেন। ওই গোলটা বেশি মনে আছে, কারণ সেটি ছিল দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার উদাহরণ। মারীদার কথা বললেই কবীর-মারী-আশরাফ বিখ্যাত সেই ‘ত্রয়ী’র কথা আসবে। লেফট ইনসাইড ফরোয়ার্ড মারী, রাইট ইনসাইড ফরোয়ার্ড কবীর আর স্ট্রাইকার আশরাফ। আশরাফ ভাই ছিলেন দুর্দান্ত ফিনিশার। কবীর ভাইও খুব স্টাইলিশ ছিলেন। তবে সবাইকে ম্লান করে জ্বলজ্বল করতেন মারীদা। ওয়ান অব দ্য বেস্ট-টেস্ট নয়, আমি বলব, আমাদের এই ভূখণ্ডে মারীদাই অলটাইম গ্রেট ফুটবলার। তাঁর মতো ফুটবলার আর আসেনি। ভবিষ্যতেও আসবে বলে মনে হয় না। এটি শুধু আবেগের কথা নয়। হ্যাঁ, আবেগ হয়তো একটু আছে। আমার কৈশোরের নায়ক বলে কথা। ওই ১৯৫৬ সালে যখন প্রথম তাঁর খেলা দেখি, তখনো ফুটবলার হব, এমন কোনো চিন্তা ছিল না। মারীদাকে দেখার পরই প্রথম মনে হলো, ফুটবল খেলতে হবে, এই লোকটার মতো খেলতে হবে। আমি নিশ্চিত, ওই সময় আমার বয়সী এমন অনেক কিশোর মারীদার খেলা দেখে ফুটবলে এসেছে।তখন তো আর ফুটবলের টেকনিক্যাল দিকটিক বোঝার বয়স বা জ্ঞান কোনোটাই হয়নি। এখন যখন মনশ্চক্ষে মারীদার খেলা দেখি, মনে হয় কী ছিল না তাঁর! অ্যাথলেটিকস করতেন বলে দুর্দান্ত গতি ছিল, নিজে দায়িত্ব নেওয়ার তাগিদ ছিল, অদ্ভুত একটা ড্রিবলিং ক্ষমতা ছিল, যেটি ঠিক চোখে না দেখলে বলে বোঝানো কঠিন। বড় যেকোনো খেলোয়াড়ের মধ্যেই অপ্রত্যাশিত কিছু করার ক্ষমতা থাকে। সেটি ছিল তাঁরও। ফুটবলার হিসেবে কোনো ঘাটতিই ছিল না। কমপ্লিট ফুটবলার বলতে যা বোঝায়, তিনি ছিলেন ঠিক তা-ই।সবকিছুর ওপরে ছিল অদ্ভুত এক সৌন্দর্য। মাঠে যা-ই করতেন, সেটি একটা শৈল্পিক ছবি হয়ে উঠত। মারীর কথা উঠলেই সবাই তাঁর বাঁ পায়ের কথা বলবে। বলারই কথা। মারীর বাঁ পায়ে বল পড়লে তিনি কী করবেন, সেটি বোঝার ক্ষমতা কারও ছিল না। গোলার মতো শট ছিল বাঁ পায়ে। তবে এমন নয় যে তিনি ডান পায়ে কিছু করতে পারতেন না। বাঁ পাটা অমন অবিশ্বাস্য ভালো ছিল বলেই ডান পা আড়ালে পড়ে গিয়েছিল। নইলে ডান পায়েও মারীদা প্রচুর গোল করেছেন।মাঠে যেমন স্টাইলিশ ছিলেন, মাঠের বাইরেও তা-ই। ঝকঝকে পোশাক-আশাক, সব সময়ই ঠোঁটে স্মিত হাসি। অহমিকা বলতে কিছু ছিল না। এখন তো ‘আমি, আমি’ বলে গলা ফাটানোর যুগ, অথচ মারীদা কখনোই নিজের কথা বলতেন না। বরং ফুটবল নিয়ে কথাই বলতে চাইতেন না। অথচ মারীদা এমন মানের ফুটবলার ছিলেন, তাঁর খেলা নিয়ে, তাঁর জীবন নিয়ে গবেষণা হওয়া উচিত ছিল। তাহলে নতুন প্রজন্ম জানতে পারত, এমন ফুটবলারের জন্ম হয়েছে যাঁকে নিয়ে গর্ব করা যায়।