এই মারাকানা, সেই মারাকানা
ভাবুন তো, আপনার চারপাশে দুই লাখ লোকের গগনবিদারী চিৎকার, মাঠে লাতিন ফুটবলের অনিন্দ্যসুন্দর ফুল ফুটছে তার সব সৌরভ নিয়ে। ভাবছেন, এসব তো রূপকথাতেই সম্ভব, এমন ধারণক্ষমতা আছে বিশ্বের কোন স্টেডিয়ামের! একসময় ছিল, ১৯৫০ বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-উরুগুয়ের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে দর্শকসংখ্যা নাকি এ রকমই ছিল!যাঁরা ফুটবলের মোটামুটি খোঁজখবর রাখেন, তাদের কাছে মারাকানা নামটা খুব পরিচিত। ১৯৫০ বিশ্বকাপ উপলক্ষেই নির্মিত এই স্টেডিয়াম হয়ে গেছে ফুটবল ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ। সামনের বছর বিশ্বকাপ হচ্ছে ব্রাজিলে। আবারও তাই আলোচনায় আসছে মারাকানা। ফাইনালটাও হবে এখানেই। তবে দুই লাখ দর্শকের স্টেডিয়াম এখন কল্পগাথার অংশই। নতুন সাজে সাজতে গিয়ে মারাকানার দর্শক ধারণক্ষমতা নেমে এসেছে ৮২ হাজারে।বিশ্বকাপের ১২টি ভেন্যুর একটি রিও ডি জেনিরোর এই স্টেডিয়াম। ২০০৭ সাল থেকে রিওর স্থানীয় সরকার প্রায় ৪৩০ মিলিয়ন ডলার খরচ করেছে মারাকানাকে নতুন রূপ দিতে। আগের চেয়ে দৃষ্টিনন্দন তো বটেই, সঙ্গে যোগ হয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধাও। সংস্কারকাজের পর গত ডিসেম্বরের মধ্যেই উদ্বোধনের সময়সীমা বেঁধে দিয়েছিল ফিফা। এর মধ্যে অবশ্য কাজ শেষ হয়নি। কিছু কাজ এখনো বাকি, তবে গত পরশু একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে উদ্বোধন হয়ে গেল নতুন মারাকানার। বিশ্বকাপজয়ী দুই ফুটবলার রোনালদো ও বেবেতো নেতৃত্ব দিয়েছেন দুই দলের। উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ছিলেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভাও। ৮২ হাজারে নেমে আসার পরও মারাকানা ব্রাজিলের তো বটেই, দক্ষিণ আমেরিকারই সবচেয়ে বড় স্টেডিয়াম। রোনালদো এই রূপান্তরের ‘নেপথ্য নায়ক’ অগণিত শ্রমিকদের স্মরণ করেছেন, ‘তোমাদের অভিনন্দন, এই বদলে যাওয়ার নায়ক তোমরাই। মাঠটা দুর্দান্ত। স্ট্যান্ডগুলোও দারুণ সুন্দর, অভ্যন্তরীণ সুবিধাও। আসলে সবকিছুই অনেক ভালো। যারা বলছিল, ব্রাজিলে বিশ্বকাপ ও কনফেডারেশনস কাপ আয়োজন করা সম্ভব নয়, তাদের জন্য এটা একটা শিক্ষা।’ম্যাচ হয়ে গেল বটে, তবে এখন পর্যন্ত পুরোপুরি তৈরি হয়েছে মাত্র দুটি প্রবেশপথ। বাকি সব কাজ খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাওয়ার কথা। ১৬ জুন কনফেডারেশনস কাপের উদ্বোধনী ম্যাচ যে এখানেই। এর আগেই অবশ্য আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২ জুন ব্রাজিল-ইংল্যান্ড প্রীতি ম্যাচ দিয়ে। নতুন মারাকানা নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে অবশ্য গলাগলি করে আছে বিতর্কও। দুটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে ৩৫ বছরের জন্য এই স্টেডিয়াম লিজ দেওয়ার কথাবার্তা হচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয়ে গেছে, বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে গত পরশুই অনেকে ব্যানার নিয়ে এসেছিলেন স্টেডিয়ামে। নতুন স্টেডিয়ামে টিকিটের দাম অনেক বেড়ে যাবে, এ নিয়েও ক্ষোভ আছে রিওবাসীদের মধ্যে। এএফপি, রয়টার্স।