এই ম্যাচ ভুলে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

মুশফিকরা যখন মিরপুরে, আমি খুলনায়। জাতীয় লিগের ম্যাচ খেলছি। আজ (কাল) অবশ্য আমি সারা দিন ড্রেসিং রুমেই ছিলাম। খুলনা ব্যাটিং করছে, আমাকে নামতে হয়নি। ড্রেসিং রুমে টিভি ছিল না বলে খেলা দেখা হয়নি। তবে খোঁজ নিচ্ছিলাম একটু পর পরই। একটা সময় দেখলাম স্কোর ৪ উইকেটে ১০২। দলের আশা তখনই আসলে শেষ, চাইছিলাম মুশফিক আর মুমিনুল ভালো কিছু করুক। শেষ পর্যন্ত সেটাও হয়নি।
আগের দিনই লিখেছিলাম, এই ম্যাচে কিছুই আমাদের পক্ষে আসছে না। কালও আসেনি। খুব বাজে চারটি দিন গেল আমাদের। ক্রিকেটে এটা অস্বাভাবিক নয়। অনেক বড় দলও অনেক সময় অনেক বাজেভাবে হারে। এবারের অ্যাশেজের আগে ইংল্যান্ড ছিল ফেবারিট, অথচ ওরা হারল ৫-০ তে। উদাহরণটা টানলাম এ জন্য যে ক্রিকেটে অভাবনীয় অনেক কিছুই হয়। এটিকে আঁকড়ে থেকে লাভ নেই। এই ম্যাচ এখন যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়, ততই ভালো।
ব্যাপারটি অবশ্য সহজ নয়। তবে আমার বিশ্বাস, মুশফিক পারবে ছেলেদের মনোবল ফেরাতে। এমনিতে আবেগপ্রবণ মনে হলেও মুশফিক খুব শক্ত মানসিকতার ছেলে। সঙ্গে সাকিব-তামিমদের মতো সিনিয়ররা আছে। আশা করি, ওরা পরিস্থিতি খুব ভালোই সামাল দেবে, ছেলেদের ভেঙে পড়তে দেবে না। যেটা বলেছি, এই ম্যাচটা মাথা থেকে তাড়াতে হবে। শুধু ব্যক্তিগত ভুলগুলো শোধরাতে হবে। বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। চট্টগ্রাম টেস্টে শুরু করতে হবে নতুন করে। গত বছর জিম্বাবুয়েতে প্রথম টেস্ট হেরেও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। জিম্বাবুয়ের কাছে হার তো আরও বাজে ব্যাপার, কিন্তু পরের টেস্টে জেতার পর আবার সব ঠিক হয়ে গেছে। আমি নিশ্চিত, পরের টেস্টেই ছেলেরা ঘুরে দাঁড়াবে।
এই মিরপুর টেস্টকে মনে করতে হবে শুধু একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্নের রাত শেষে ভোর ঠিকই আসে। আশা করি, চট্টগ্রামেই আমরা ভোর দেখব।