এই ম্যাচে আগ্রহ নেই রোবেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার একটিই, শিরোপা। সান্ত্বনা পুরস্কার তো আদতে সান্ত্বনা নয়ই বরং সান্ত্বনার জন্য লড়াইটা আরও যন্ত্রণার। সেমিফাইনাল হেরেই মন ভেঙে গেছে আরিয়েন রোবেনের। আগ্রহ নেই আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে।
এই ম্যাচ নিয়ে বিরক্তির কথা সেমিফাইনাল শেষেই বলেছেন লুই ফন গাল। ‘অর্থহীন’ ম্যাচ খেলতে হওয়ায় একহাত নিয়েছিলেন ফিফাকেও। রোবেনের ভাবনাও একই। আজ জিতে মন্দের ভালোতে শেষ করার সুযোগ আছে। কিন্তু সেই ভালোতে কোনো ভালো খুঁজে পাচ্ছেন না রোবেন, ‘সত্যি বলতে, তৃতীয় স্থানের পুরস্কার নিয়ে আমার আগ্রহ আছে সামান্যই।’
গতবার স্বপ্নভঙ্গ হয়েছিল ফাইনালে। এবার সেমিফাইনালে। রাশিয়া বিশ্বকাপ আসতে আসতে রোবেনের বয়স পেরিয়ে যাবে ৩৪। কে জানে, তখনো আন্তর্জাতিক ফুটবল খেলবেন কি না। কিংবা কোন গগনে থাকে ক্যারিয়ার! বিশ্বকাপ জয়ের সুযোগ হয়তো তাই শেষ এবারই। যে ম্যাচ শেষ করে দিল স্বপ্ন, সেই ম্যাচকে ভুলতেই পারছেন না রোবেন। মানতে পারছেন না আর্জেন্টিনার জয়ও, ‘এই জয় আর্জেন্টিনার প্রাপ্য ছিল না। খুব বেশি সুযোগ ওরা পায়নি। সেরা সুযোগগুলো আমরাই পেয়েছি।’ রোবেন নিজেও দারুণ এক সুযোগ পেয়েছিলেন। দারুণভাবে বক্সে ঢুকে শটও নিয়েছিলেন খুব কাছ থেকে। হাভিয়ের মাচেরানোর অসাধারণ ব্লকে পরীক্ষা দিতে হয়নি আর্জেন্টাইন গোলকিপার রোমেরোকে।
হল্যান্ড সেমিফাইনাল খেলবে, বিশ্বকাপ শুরুর আগে এটাই অবশ্য অনেকে ভাবেননি। সেদিক থেকেও সেমিফাইনাল খেলাও কম প্রাপ্তি নয় ডাচদের জন্য। হতাশাটাকে পাশে রেখে সেই সান্ত্বনাই খুঁজলেন রোবেন, ‘আমার দল নিয়ে আমি গর্বিত। এত কাছে এসেও না পারা অবশ্যই হতাশার ও কষ্টের। তবে সত্যিটা হলো এই পর্যন্ত আসতে পারাটাও তো অসাধারণ ব্যাপার। পরস্পরকে আমাদের দোষারোপ করা উচিত নয়, সবাই খুব ভালো খেলেছে।’
নিজেদের চাওয়া পূরণ হয়নি, ফাইনাল নিয়েও তাই আগ্রহ কম এখন। তবে ক্লাব ফুটবল খেলেন জার্মানিতে। ট্রফি দেখতে চান জার্মানদের হাতেই, ‘নিজেদের সবচেয়ে বেশি প্রমাণ করতে পেরেছে জার্মানিই। ওখানে আমার অনেক বন্ধুও আছে। আশা করি ওরাই জিতবে বিশ্বকাপ।’ গোলডটকম, ইএসপিএন।