এই রাত কখনো ভোলার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন আনন্দের উদ্যাপন কীভাবে করতে হয়। আমি তো আমি, শাহরুখ খানেরও বোধ হয় জানা ছিল না। যাকে সামনে পাচ্ছেন, তাকেই আনন্দে জড়িয়ে ধরছেন। চিৎকার করছেন। একবার তো দেখলাম ডিগবাজি খেলেন ক্যামেরার সামনে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম আইপিএল জেতার রাতটা ভেসে গেছে আবেগে। আনুষ্ঠানিকভাবে বিজয় উদ্যাপন অবশ্য পরশু রাতেই হয়নি। সেটা জমা ছিল কাল রাতের জন্য। আজও নাকি কী কী আছে। আমি এই খবরগুলো রাখি না। যখন অনুষ্ঠান হবে, তার এক-দুই ঘণ্টা আগে জানলেই হয়। তবে এটুকু বুঝতে পারছি, অনাস্বাদিত শিরোপার স্বাদ পেয়ে দলের সবাই মোহাবিষ্ট। কেকেআর আর কলকাতার মানুষের জন্য পরশুর রাতটা কখনো ভোলার নয়।তবে আমরা জানতাম, সামর্থ্য উজাড় করে দিলে এবার শিরোপা ধরা দেবেই। সবার মধ্যেই বাড়তি কিছু করার, বাড়তি কিছু পাওয়ার তৃষ্ণা ছিল। ফাইনালের রাতে সতীর্থদের ঘর্মাক্ত মুখগুলো বলছিল, সেই তৃষ্ণা মিটেছে।ম্যাচের শেষ পর্যন্ত উইকেটে থাকায় আমি একটু বেশিই তৃপ্ত। ব্যাট হাতে মাঠে নামার সময় একটা বিষয়ই মাথায় ছিল—জিততে হবে। আমার জায়গায় ক, খ, গ, ঘ যেই থাকত, জেতার জন্যই খেলত ওই সময়ে। তাহলে আমি সেই চেষ্টা করব না কেন? সবাই চায় ম্যাচ জিতিয়ে ফিরতে। আমারও সেটাই ইচ্ছা ছিল। ফলাফল যাই হোক, হাল ছেড়ে আসা যাবে না। ইচ্ছাটা পূরণ হওয়াতেই বেশি ভালো লাগছে। বলতে পারেন ম্যাচ আমি জেতালাম কই, শেষ দুটি চার মেরে জিতিয়েছে তো মনোজ তিওয়ারি! আমিও তা-ই বলি। মনোজই শেষ দৃশ্যের নায়ক এবং সেটা আমি নই বলে আমার এক বিন্দুও আফসোস নেই। আমরা খেলি দলকে জেতানোর জন্য, নিজে নায়ক হওয়ার জন্য নয়। দলের লক্ষ্য পূরণ হয়ে গেলে বাকি সব গৌণ হয়ে পড়ে।যখন উইকেটে যাই, ১৭ বলে ২৭ রান দরকার ছিল জেতার জন্য। হাতে ছয় উইকেট নিয়ে কাজটা খুব কঠিন কিছু ছিল না। তবে ক্রিকেটে শেষ বলের আগে কিছুই বলা যায় না, তার ওপর এটা টি-টোয়েন্টি ক্রিকেট। চকিতে উল্টে যেতে পারে দৃশ্যপট। ক্যালিসের সঙ্গে জুটিতে এবং এরপরও চেষ্টা করেছি সেটা যাতে না হয়। ম্যাচের নিয়ন্ত্রণ যেন আমাদের হাতেই থাকে। হিলফেনহসের আগের দুটি বলে চেষ্টা করেও বাউন্ডারি পাইনি। একটা নো বলে তো ক্যাচই তুলে দিলাম ঠিকভাবে ব্যাটে না লাগায়। ওটা ছক্কা হওয়া উচিত ছিল। এরপর ভাবলাম, বাউন্ডারি পেতে আমার জন্য নিরাপদ শটই খেলতে হবে। যেই ভাবা সেই কাজ। বলটাও পেয়ে গেলাম ফুলটস। স্কুপ শটে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে তুলে চার। এটা খেললে আমি অনেক সময় আউট হয়ে যাই ঠিকই, তবে আমার মনে হয়, এই শটটা আমার জন্য সবচেয়ে বেশি নিরাপদও। স্কুপ মারার সময় অনেক বেশি আত্মবিশ্বাসী থাকি। বাউন্ডারির জন্য ওই সময়ে ওই শট খেলাটাকেই ঠিক মনে করেছি। বাউন্ডারিটা এসে যাওয়ায় শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ল ৯ রান। তখনই বুঝে যাই, শিরোপা এবার আমরাই উঁচিয়ে ধরছিআইপিএলের সাফল্যকে অনেকে টি-টোয়েন্টি বলে উড়িয়ে দিতে চান। অথচ আইপিএলই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। সেই আসরে চ্যাম্পিয়ন হতে পারা, দলের শিরোপা জয়ে ভূমিকা রাখতে পারা আমার ক্যারিয়ারের বিশেষ অর্জন হয়ে থাকবে। ব্যক্তিগতভাবে আমার সব সময়ই লক্ষ্য থাকে দলের জন্য কিছু করা, তা যে দলেই খেলি। কার সঙ্গে খেলছি, কে আমার সতীর্থ বা প্রতিপক্ষ এসব কখনো মাথায় আনি না। নিজে যা পারি, তার কতটুকু করতে পারলাম, সেটাই বড়।মাঠেও আমি এই আত্মবিশ্বাস নিয়েই নামি; আমি যতটুকু পারি সেটা অন্তত করে ফিরব। সামর্থ্যের সর্বোচ্চ অনুবাদ করতে পারার তৃপ্তি বরাবরই অন্যরকম। আইপিএল থেকে সেই তৃপ্তি নিয়ে ফিরতে পারছি বলে ভালো লাগছে।