এই রুনিতে মুগ্ধ ফার্গি

এই কিছুদিন আগেও তাঁকে দুর্জন ভাবতে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। দায়টা ওয়েইন রুনিরই ছিল বেশি। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে যেন মরিয়া হয়ে উঠেছিলেন ইউনাইটেড স্ট্রাইকার। কিন্তু কোচ ডেভিড ময়েস যেতে দিলেন না। রুনিও ক্লাব ছাড়ার ইচ্ছে জলাঞ্জলি দিয়ে রয়ে গেলেন ইউনাইটেডে। তারপরের গল্পটা তো বিস্ময়-জাগানিয়া।
ক্লাব ছেড়ে দিতে চেয়েছিলেন যিনি, সেই রুনিই আবার ইউনাইটেডের ত্রাতা হয়ে উঠেছেন। তাঁর চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ ইউনাইটেডের সাবেক কোচ ও এখনকার পরিচালক স্যার অ্যালেক্স ফার্গুসনও।
ওল্ড ট্রাফোর্ডে নিজের শেষ ম্যাচের শেষে রুনির ক্লাব ছাড়ার ইচ্ছের কথা প্রথম জনসমক্ষে প্রকাশ করেছিলেন এই ফার্গুসনই। ফার্গির কথায় সাবেক ছাত্রের ওপর স্পষ্টতই ছিল ক্ষোভ আর বিরক্তি। কিন্তু নতুন মৌসুমের পারফরম্যান্স দিয়ে সেই রুনিই জিতে নিয়েছেন সাবেক গুরুর মন। চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ইউনাইটেডের রুনিকে দেখে তো রীতিমতো মুগ্ধ ফার্গুসন, ‘ওয়েইন (রুনি) অসাধারণ খেলেছে। আমি ওকে দেখে মুগ্ধ। ও নিজের প্রাণশক্তি ফিরে পেয়েছে। ইউনাইটেডের পরিচালক হিসেবে আমার জন্য এটা খুবই আনন্দের। আমরা ওকে যেভাবে সব সময় চেয়েছি ও ঠিক সেভাবেই ফিরেছে।’
একসময় গুঞ্জন ভাসছিল, ময়েস তাঁর দলে রবিন ফন পার্সিকে মূল স্ট্রাইকার হিসেবে খেলাবেন। রুনির ক্লাব ছাড়ার ইচ্ছার পেছনে এটিকেও একটা কারণ বলে ধরা হয়। তবে ফার্গুসন আশাবাদী রুনি-ফন পার্সি ইউনাইটেডে দুর্দান্ত এক স্ট্রাইকিং জুটি গড়ে তুলবেন, ‘রুনি-ফন পার্সি জুটির কারণে আমাদের সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে যাবে। কারণ, এই দুই ফরোয়ার্ড আপনাকে যেকোনো ম্যাচ জিতিয়ে দিতে পারে।’ রয়টার্স।

ম্যানইউ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক কোচের সঙ্গে সুর মিলিয়েছেন রুনির সতীর্থ ফন পার্সিও, ‘আমি ওর সঙ্গে খেলতে পছন্দ করি, কারণ সে সবকিছু করতে পারে। ও নিচে নেমে খেলতে পারে, আবার ওপরে উঠে আসতে পারে। ও আসলেই অসাধারণ খেলোয়াড়।’