এই রোনালদো অচেনা
ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর বিরক্ত তাঁর সতীর্থরা। বিরক্ত? হ্যাটট্রিক করার পরও বিরক্তি! বিরক্তি হ্যাটট্রিক করার জন্যই। এই মৌসুমে লিগে আট ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে এসেছে পাঁচটি হ্যাটট্রিক। তিনটাই রোনালদোর, দুটো গঞ্জালো হিগুয়েইনের। ক্লাবের অলিখিত প্রথা হলো, হ্যাটট্রিক হলে একটা বলের মধ্যে সব সতীর্থরা সই করে। সেই বলটা স্মারক হিসেবে চলে যায় হ্যাটট্রিককারীর বাড়িতে। এই মৌসুমে যেভাবে হ্যাটট্রিকের বন্যা হচ্ছে, তাতে সই করতে করতে ‘ক্লান্ত’ রিয়ালের খেলোয়াড়েরা!পরশু ম্যাচ শেষে কৃত্রিম বিরক্তি এনে মজা করে সেটাই বলছিলেন রিয়ালের ডিফেন্ডার আলভেরো আরবেলোয়া, ‘এটা ভালো যে ওরা হ্যাটট্রিক ভাগাভাগি করে করছে। একদিন এ করে তো অন্যদিন ও। তবে বলে সই করতে করতে আমি ক্লান্ত। আমাদের ভাই এত কলমও নেই!’এর আগে রিয়াল জারাগোজা আর রায়ো ভ্যালেকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। পরশু ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে রোনালদো উড়িয়ে দিলেন মালাগাকেও। অবশ্য ক্লাবের জার্সি গায়ে আগের তিন ম্যাচে গোল ছিল না। এই তিন ম্যাচে দেখা গেছে অন্য রোনালদোকে। স্বার্থপর, নিজেরটাই সব সময় ভালো বোঝেন—এমন সমালোচনা শুনে অভ্যস্ত আগের তিন ম্যাচে গোল করার চেয়ে করানোর দিকেই ছিলেন মনোযোগী। গঞ্জালো হিগুয়েইনের টানা দুই হ্যাটট্রিকে তাঁর অনেক অবদান।রোনালদোর এই নতুন চেহারা দেখার পর হোসে মরিনহোও উচ্চকণ্ঠে বলেছেন, ‘রোনালদোকে যারা স্বার্থপর বলে তারা এখন কোথায়?’ পরশু হ্যাটট্রিক করে লিওনেল মেসিকে ধরে ফেলার পরও (লিগে দুজনের গোলই এখন ১০টি) রোনালদো বলছেন, ‘গোল পেয়েছি, এতে আমি খুশি। কিন্তু এটা বড় ব্যাপার নয়। আমি গোল করি আর না করি, সবচেয়ে বড় হলো দলের জয়। নিজে গোল না পেলে আমি উদ্বিগ্ন হই না, উদ্বিগ্ন হই যখন আমরা জিতি না।’এ কারণে তাঁর প্রতিক্রিয়ায় ‘আমি’র চেয়ে বড় হয়ে উঠল ‘আমরা’, ‘আমরা ভালো খেলেছি। প্রথমার্ধে সম্ভবত এই মৌসুমে আমাদের সেরা সময়টা গেছে।’ নতুন যে লক্ষ্যের কথা বললেন, সেখানেও ‘আমি’ নেই, ‘এখন আমাদের কাজ হবে আরও উন্নতি করা। একদম নিখুঁত হয়ে ওঠা।’ রয়টার্স, ওয়েবসাইট।