এই সপ্তাহেই 'খুনে' মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ বলেছিল দীর্ঘ বিরতি মরচে ধরিয়ে দেবে পায়ে। কারও আশঙ্কা চোট তাঁর জাদুকরি বাঁ পাকে দুর্বল করে দেবে না তো? আবার অনেকেই আশায় বুক বেঁধে বলেছিলেন, চোট কাটিয়ে মেসি ফিরবেন আগের চেয়েও ভয়ংকর রূপে। কোনটা সত্যি হবে, সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। তবে আপাতত তৃতীয়টার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। অন্তত অনুশীলনে যেমন আভাস দিয়েছেন, তেমনটা হলে তো বটেই!
লিওনেল মেসি অনুশীলনে ফিরে হ্যাটট্রিক করেছেন, এটা পুরোনো খবর। কাল এলচের সঙ্গে যে নামেননি, সেটাও জেনে গেছেন এতক্ষণে। তবে জেরার্ডো মার্টিনোর কথা যদি ঠিক হয়, তাহলে ভয় পাওয়ার অনেক কারণই আছে প্রতিপক্ষের, ‘মেসিকে খুবই ভালো মনে হচ্ছে। সে পুরোদমে অনুশীলন করছে। আমি তো তার মধ্যে খুনে মানসিকতাটাই দেখছি এখন।’ মেসির শারীরভাষায় ফুটে ওঠা দৃঢ়প্রত্যয় নিশ্চয়ই চোখ এড়ায়নি মার্টিনোর!
তবে ফিট হলেও মেসিকে না নামানোর একটা যৌক্তিক কারণ আছে। আগামী সপ্তাহেই লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। শুধু শুধু মেসিকে তার আগে নামানোর ঝুঁকি নেবেন কেন মার্টিনো? তবে ওই ম্যাচের আগে বুধবার গেটাফের বিপক্ষে কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচে নামিয়ে দিতে পারেন দলের সেরা সম্পদকে। সুসংবাদ আছে আরও একটা, ওই ম্যাচেই খেলতে পারেন চোট কাটিয়ে ফেরা গোলরক্ষক ভিক্টর ভালদেস। ওয়েবসাইট।