এই সব সুন্দর স্টেডিয়াম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ এখনো শেষ হয়নি। এরই মধ্যে জ্যাকব জুমা ‘অলিম্পিক চাই, অলিম্পিক চাই’ আওয়াজ তুলছেন। এখনো পর্যন্ত বিশ্বকাপ আয়োজনের যে সাফল্য, তাতে অলিম্পিকের দাবি দক্ষিণ আফ্রিকা করতেই পারে। কিন্তু এই দাবির মধ্যে আরও কোনো রহস্য লুকানো নেই তো? থাকতেই পারে। দু-দশ বছরের মধ্যে একটা অলিম্পিক আয়োজন করে ফেলতে পারলে দক্ষিণ আফ্রিকান স্টেডিয়ামগুলোর আরেকটা গতি অন্তত হয়। নতুবা দশটি বিশালকায়, বিলাসবহুল স্টেডিয়াম নিয়ে এখন তো মহা বিপাকে পড়ার অবস্থা হয়েছে আফ্রিকানদের।শুধু এবারের বিশ্বকাপ নয়, বিশ্বকাপ ফুটবল বা অলিম্পিক, প্রতিটি মেগা ইভেন্ট শেষ হতে হতে স্বাগতিক দেশগুলো থেকে এই আওয়াজটা শোনা যায়—এখন এই শ্বেতহস্তী লইয়া আমরা কী করিব!ইউরোপিয়ান দেশগুলোর তবু গন্ডায় গন্ডায় বড় বড় ক্লাব আছে। এসব স্টেডিয়াম কখনো তাদের হোম গ্রাউন্ড হয়ে যায়। আবার ওসব দেশে ছোট-বড় ইভেন্টও সারা বছর লেগে থাকে। ফলে স্টেডিয়াম পোষাটা অত চাপ হয়ে দাঁড়ায় না। কিন্তু পোলকওয়ানের পিটার মোকাবা স্টেডিয়ামের তো কোনো ব্যবহারই খুঁজে পাওয়া কষ্ট। পাঁচ লাখ মানুষের এই শহরে ৪০ হাজার আসনের এই স্টেডিয়ামে আয়োজনের মতো ইভেন্ট যে নিকট ভবিষ্যতে হবে, তেমন নিশ্চয়তাও নেই।অথচ ১৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একেবারেই নতুন করে তৈরি করা এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ খরচ চালানোই একটা বিশাল ব্যাপার। প্রতিদিনকার বিদ্যুৎ-ব্যয় আছে, আছে নিরাপত্তা খরচ। সেই নিরাপত্তাকর্মীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলছিলেন, ‘এই লিমপুপু প্রদেশেই বড় ইভেন্ট খুব একটা আয়োজন হয় না। আমরা আশা করছি, এখন থেকে কিছু কিছু যাতে আয়োজন হয়। তাতে আমাদের চাকরিটা অন্তত টিকে থাকবে।’মুখে আশা করলেও, ভদ্রলোক দিব্যি বুঝতে পারছেন এ চাকরি টিকে থাকার আশা বড় দুরাশা, ‘আমাদের কাজ তো হয়ে গেছে। বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আমি সৌভাগ্যবান লোকদের একজন। আমার চাকরি এখনো টিকে আছে, কারণ যন্ত্রপাতি সরানোর কাজ শেষ হয়নি।’ডারবান, প্রিটোরিয়া, ব্লুমফন্টেইন বা কেপটাউনের স্টেডিয়ামের এই সমস্যা নেই। সারা বছরই কিছু না কিছু খেলা আয়োজন করতে পারবে তারা। এ ছাড়া স্থানীয় পেশাদার ফুটবল দলগুলোকে হোম গ্রাউন্ড হিসেবে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়ার পরিকল্পনাও আছে শহরগুলোর।সমস্যা নেই সকার সিটি নিয়েও। এখানে আগামী মাসেই নিউজিল্যান্ডের সঙ্গে রাগবি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া আরও রাগবি টেস্ট, ফুটবল ম্যাচ জোহানেসবার্গের স্টেডিয়ামটি পেতে থাকবে। জোহানেসবার্গের এলিস পার্ক স্টেডিয়ামটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।সমস্যায় পড়েছিল পোর্ট এলিজাবেথের ‘নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম’ কর্তৃপক্ষও। তাদের প্রদেশে কোনো পেশাদার ফুটবল দল নেই। শেষ পর্যন্ত স্টেডিয়াম কর্তৃপক্ষ স্থানীয় রাগবির দ্বিতীয় বিভাগ দল ‘মাইটি এলিফ্যান্টস’-এর সাথে একটা সমঝোতায় গেছে। দলটি এখন নিজেদের স্টেডিয়াম ছেড়ে এখানে এসে উঠবে। আবার নেলসপ্রুইটের ‘এমবোমবেলা স্টেডিয়াম’ কর্তৃপক্ষ তাদের প্রদেশের পেশাদার দল ‘এমপুমালাঙ্গা ব্ল্যাক এইসেস’-এর সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে।কিন্তু পিটার মোকাবা স্টেডিয়ামের কী হবে! স্টেডিয়ামটির বিশ্বকাপ আয়োজক কমিটির পরিচালক এনডাভে রামাকুয়েলা বলছেন, ‘আমরা জুলাই মাসেই কোনো ম্যানেজমেন্ট কোম্পানিকে স্টেডিয়ামটার দায়িত্ব দিয়ে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করব। সঙ্গে বেশ কিছু রাগবি ও ফুটবল দলের সঙ্গে কথা বলছি আমরা।’সবকিছু হবে। তবে অলিম্পিকটা হলে বোধ হয় সবার টানাটানি কমে যেত! এএফপি।