সেই ছোট্টটি থাকতে ছেলের হাতে ব্যাট তুলে দিয়েছিলেন, আর হাঁটতে শেখার পর ক্রিকেটের প্রথম পাঠ। ছয় বছরের ছেলেকে নিয়ে গিয়েছিলেন কোচিং ক্লিনিকে। ছেলের হূদয়ে এঁকে দিয়েছিলেন টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন। স্বপ্নপূরণের পথ মসৃণ করতে উজাড় করে দিয়েছিলেন নিজেকে। স্বপ্নপূরণের মুহূর্তটি অবশ্য দেখে যেতে পারেননি বাবা। ছেলে পরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে, জায়গা করে নিয়েছে সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়। তবে বাবাকে, বাবার অবদানকে ভোলেননি। আইসিসি হল অব ফেমে অভিষেক ব্রায়ান লারা উৎসর্গ করেছেন বাবাকে।পরশু আইসিসির পুরস্কার রজনীতে লারার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে হল অব ফেমের স্মারক। ১৯৯০ সালে টেস্ট অভিষেক লারার, পাকিস্তানের বিপক্ষে লাহোরে। আগের বছরই হূদেরাগে মারা যান বাবা বান্টি লারা। খেলাটার সেরাদের কাতারে আনুষ্ঠানিক জায়গা পাওয়ার মুহূর্তে লারা শ্রদ্ধা জানালেন প্রয়াত বাবার প্রতি, ‘হল অব ফেমের স্মারক হাতে আজ যে মানুষটাকে দেখছেন, সে তাঁর (বাবা) গড়া। ক্রিকেটার হিসেবে ও ব্যক্তিগত জীবনে সফল হওয়ার জন্য যা যা করা প্রয়োজন, সব নিশ্চিত করেছেন তিনি। সম্ভব সবকিছুই করেছেন আমার ভ্রমণকে মসৃণ করতে।’টেস্ট ক্যাপ মাথায় ছেলেকে দেখে যেতে পারেননি বাবা। লারার কণ্ঠে বাজল সেই আক্ষেপও, ‘আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে...কিন্তু জানতাম মাথার ওপরে আছে বড় এক ছাতা। তিনি আমাকে টেস্ট খেলতে দেখে যেতে পারেননি, এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। তবে ত্রিনিদাদে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলের উপস্থিতি ছিল ওই মানুষটির প্রতি বিশেষ এক সম্মান, যিনি এই গৌরবময় খেলাটার সব উপকরণ আমার হাতে তুলে দিয়েছিলেন।’ বাবার সঙ্গে ছোট্ট লারাকে কোচিং ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন বোন অ্যাগনেসও। পরশু রাতে সেই বোন আর বড় ভাইয়ের অবদানও স্বীকার করলেন লারা, ‘আজ রাতে এখানে আমার ভাই ও বোন আছে আমার সঙ্গে। আমার ছয় বছর বয়সে আমাকে প্রথম কোচিং ক্লিনিকে নিয়ে গিয়েছিল অ্যাগনেস। আর উইনস্টন ছিল আমার ছেলেবেলার আদর্শ, স্টাইলিশ ডানহাতি ব্যাটসম্যান ছিল ও। এখানে ওদের উপস্থিতি মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।’১৩১ টেস্টে ৫২.৮৮ গড়ে ১১৯৫৩ রান, ২৯৯ ওয়ানডেতে ৪০.৪৮ গড়ে ১০৪০৫ রান—এই পরিসংখ্যানই তাঁকে গ্রেটদের তালিকায় রাখতে যথেষ্ট। কিন্তু গ্রেটদের মাঝেও লারাকে বিশেষ করে তুলেছে তাঁর অসাধারণ কিছু ইনিংস। টেস্টে ৪০০ রান করা একমাত্র ব্যাটসম্যান তিনি, প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ করা একমাত্রও। তাঁর (৯) চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে কেবল স্যার ডন ব্র্যাডম্যানের (১২)। টেস্টে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড (৩৭৫) হারিয়ে উদ্ধার (৪০০*) করার একমাত্র কীর্তিও তাঁর। প্রায় সবার মতে তাঁর সেরা ইনিংস অবশ্য ১৯৯৯ অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৫৩। শেষ জুটিতে কোর্টনি ওয়ালশকে নিয়ে জিতিয়েছিলেন দলকে। উইজডেনের সর্বকালের সেরা ইনিংসগুলোর তালিকায় যেটি দ্বিতীয়।লারা নিজে কিন্তু এগিয়ে রাখছেন ওই সিরিজেই খেলা আরেকটি ইনিংসকে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যামাইকায় ২১৩ রানের ইনিংসটা (উইজডেনের তালিকা ১৪তম) নিঃসন্দেহে আমার সেরা ইনিংস। সার্বিক পরিস্থিতিটা বুঝতে হবে। ওই ম্যাচের আগে আমার অধিনায়কত্ব, সিরিজ, ব্যাটসম্যান হিসেবে শ্রদ্ধা ও সমর্থকদের শক্তি—সবকিছুই সুতোয় ঝুলছিল। যে মানসিক শক্তি ওই সপ্তাহে আমি সঞ্চয় করেছিলাম, সেটাই ইনিংসটাকে আর সবকিছুর চেয়ে এগিয়ে রেখেছে। উইজডেন ও ক্রিকেটগুরুদের কাছে এগিয়ে যদিও পরের সপ্তাহে বারবাডোজে খেলা ১৫৩ রানের ইনিংসটা, কিন্তু জ্যামাইকার ডাবল সেঞ্চুরিটাই আমার কাছে সেরা।’ ওয়েবসাইট।