এই সময়ের দিলশান

একের পর এক স্কুপ খেলে যাচ্ছিলেন কুমার সাঙ্গাকারা। পাশের নেটেই মাহেলা জয়াবর্ধনে। কখনো স্কুপ খেলেন তো পরের বলেই প্যাডল সুইপ। পরের বলে আবার ইনসাইড আউট। খানিক দূরে খোলা মাঠে আলতো করে ছোড়া বলে লম্বা লম্বা ছয় মারার অনুশীলন করছিলেন দিনেশ চান্ডিমাল। অনুশীলনের এই বদলে যাওয়া ভাষাই যেন ঘোষণা করছিল টি-টোয়েন্টির আগমনী বার্তা।
অনুশীলনের ধরন যেমন বদলে গেছে, টি-টোয়েন্টি তেমনি বদলে দিয়েছে শ্রীলঙ্কা দলের চেহারাও। নেটে কুশল পেরেরাকে বেশ ভোগাচ্ছিলেন সাচিত্রা সেনানায়েকে। ব্যাটসম্যানের পায়ের অগ্রভাগ তাক করে ইয়র্কার ছুড়ছিলেন লাসিথ মালিঙ্গা। সেই ব্যাটসম্যানের নাম তিলকরত্নে দিলশান। খুব বেশি দিন হয়নি, শ্রীলঙ্কার টেস্ট দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। এখন সেই দিলশানকে দেখেই বুঝে নেওয়া যায়, সাদা পোশাক ছেড়ে লঙ্কার লড়াই এখন রঙিন পোশাকে।
টেস্ট ক্রিকেট ছেড়ে দেবেন বলে গুঞ্জন দুই বছর ধরে বেশ কবার উঠেছে। অবশেষে গত অক্টোবরে শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সিরিজ বাতিল হওয়ার পর ইতি টেনে দেন টেস্ট ক্যারিয়ারের। বাংলাদেশের বিপক্ষে গত মার্চের সিরিজটিই তাই টেস্ট ক্রিকেটে দিলশানের শেষ স্মৃতি। তাঁর অবসরের পর শ্রীলঙ্কা খেলল দুটি টেস্ট সিরিজ, এই বাংলাদেশ সফরের আগে আরব আমিরাতে পাকিস্তান সিরিজ। ওপেনিংয়ে তাঁর জায়গা নেওয়া কৌশল সিলভার দারুণ ধারাবাহিকতায় টেস্টে দিলশানের অভাব খুব একটা বোধ করছে না শ্রীলঙ্কা। কিন্তু তিনি নিজে? টেস্ট আঙিনায় প্রায় ১৪ বছরের পথচলা, সাদা পোশাকে ৮৭ বার মাঠে নামা...টিভিতে সতীর্থদের দেখে বুকের কোনো একটা কোণে শূন্য একটা অনুভূতি কাজ করতেই পারে!
কিন্তু দিলশানের কথা শুনে মনে হলো না টেস্ট ক্রিকেটকে খুব একটা মিস করছেন, ‘টেস্ট থেকে অবসর নেওয়ার পর নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। টিভিতে খেলা দেখার সময় করেই উঠতে পারি না। মাঝেমধ্যে শুধু টুকটাক স্কোর দেখেছি। নতুনরা এসে ভালো খেলছে, দলও বেশ ভালো করছে। ওদের ভালো করতে দেখে ভালো লাগছে।’
সত্যিই যদি মিস না করেন, একটা কারণ হতে পারে টেস্ট না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ তো পাচ্ছেন। আর টেস্টে মনে রাখার মতো পারফরম্যান্স তাঁর কমই আছে। তিলকরত্নে দিলশান আজকের এই দিলশান হতে পেরেছেন তো টি-টোয়েন্টি-ওয়ানডের পারফরম্যান্সেই। ওয়ানডেতে দারুণ সব ম্যাচজয়ী পারফরম্যান্স আছে তাঁর। টি-টোয়েন্টিতে তো অমর হয়ে গেছেন একটি শটের নামই তাঁর নামে হয়ে যাওয়ায়—‘দিলস্কুপ!’
বিশ্বজুড়ে টি-টেয়েন্টি লিগগুলোয় এখনো তিনি সবচেয়ে কাঙ্ক্ষিতদের একজন। আইপিএল খেলছেন, নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন। কদিন আগে বিগ ব্যাশ খেলে এলেন সিডনি থান্ডারের হয়ে। কিছুদিন আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলে গেছেন। সেটি অবশ্য টি-টোয়েন্টি নয়, ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন মোহামেডানের হয়ে। ঢাকা লিগে খেলেছেন আরও ৪০ লঙ্কান ক্রিকেটার। তবে সেই অভিজ্ঞতাকে বাড়তি সুবিধা মানতে নারাজ দিলশান, ‘আমরা আগেও তো এখানে অনেক খেলেছি। আর এই প্রযুক্তির যুগে সবাই সবার দুর্বলতা-শক্তির জায়গা বের করে ফেলে, নতুনদের খুঁটিনাটিও অজানা থাকে না। নির্দিষ্ট দিনটিতে যে দল পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারবে, তারাই জিতবে।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অনেক দিন ধরেই শীর্ষে শ্রীলঙ্কা। বাংলাদেশ সেখানে আয়ারল্যান্ডেরও পেছনে, ১০ নম্বরে। দিলশান তবু যথেষ্টই সমীহের জায়গায় রাখলেন বাংলাদেশকে, ‘কয়েক বছর ধরেই বাংলাদেশ অনেক ভালো খেলছে, বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। টেস্টের চেয়ে এই দুই সংস্করণে ওরা অনেক ভালো দল। বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে।’
শ্রীলঙ্কার সেই সেরা খেলার অনেকটা নির্ভর করছে দিলশানের ওপর। কুশল পেরেরাকে নিয়ে তিনিই নামবেন ইনিংসের শুরুতে ঝড় তুলতে।