শুরুতেই অভিনন্দন জানাব বাংলাদেশ দলকে, বাংলাদেশের মানুষকে। দুই মাস ধরে আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি, যে পরিকল্পনা মেনে কাজ করেছি, সেটা আজ দারুণভাবে সফল। অনুশীলনে ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে পরিকল্পনা করে। বোলাররা সব সময় একটা নির্দিষ্ট জায়গায় বল ফেলার চেষ্টা করেছে। সেখান থেকে বাইরে গেলে মনে মনে অপমানিত বোধ করেছি। ফিল্ডিংয়েও অনেক পরিশ্রম হয়েছে এই দুই মাস। এতটা হয়তো কেউ আশা করেনি যে এক ম্যাচ আগেই সিরিজ জিতে যাব, ৩-০ হবে, তার পরও বলব, এটা আমাদের প্রাপ্য ছিল। আমার অন্তত বিশ্বাস ছিল, এবার আমরা অনেক ভালো খেলব।সাকিবের কথাটা বলতে হয় বিশেষভাবেই। ও যে ইনিংসটা খেলল, আমার দেখা বাংলাদেশের সেরা ইনিংস। ৬০-এর মতো রান, ৪টি উইকেট পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে যে ইনিংস ও খেলেছে, তাতেই আমাদের খেলোয়াড়েরা আরও বেশি উজ্জীবিত হয়েছে। শুধু এ ম্যাচেই না, পুরো সিরিজেই অবিশ্বাস্য রকমের ভালো খেলছে ও। সাকিবের কথা আলাদা করে বলছি ও অন্যদের চেয়ে বেশি ভালো খেলছে বলে। নইলে দলের সবাই-ই কিন্তু নিজেদের উজাড় করে দিচ্ছে এই সিরিজে। শফিউলের কথাই ভাবুন। ও যে সময়ে বল করতে এল, বিশ্বের সেরা বোলাররাও তখন দারুণ টেনশনে থাকে। অথচ শফিউল কী চমৎকারভাবেই না শেষ করল কাজটা! রাজ্জাক খুব ভালো উন্নতি করছে গত কয়েকটা সিরিজেই। সোহরাওয়ার্দী এখনো নতুন, তার পরও ভালো বোলিং করেছে। মোট কথা, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজের সেরাটা খেলার চেষ্টা করেছে। সাকিবকে এগিয়ে রেখেও বলব, এই সাফল্য দলীয় প্রচেষ্টার ফসল।আমাদের ফিল্ডিং এবার পুরো অন্যরকম মনে হচ্ছে। এটা এমন একটা জিনিস কেউ চাইলেই এতে উন্নতি আনতে পারে, আবার না চাইলে বা চেষ্টা না করলে সেটা নষ্ট হয়ে যায়। এই ফিল্ডিং ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবে বাংলাদেশ। নতুন ফিল্ডিং কোচ এসেছেন। কিন্তু সত্যি কথা হলো, জুলিয়েন ফাউন্টেনকে পাওয়ার পরও এত অল্প সময়ে এতটা উন্নতি আশা করিনি আমি। নিজেও অবাক হচ্ছি। এমন না যে নির্দিষ্ট বিষয় ধরে ধরে ও কাজ করছে। এখন পর্যন্ত টেকনিক্যাল কিছু বিষয় নিয়েই কাজ করেছে ও। তাতেই প্রত্যাশার চেয়ে বেশি উন্নতি দেখছি। শর্ট ফাইন লেগে শাহরিয়ার নাফীস ও রকম দুটি বাউন্ডারি না ঠেকালে আমরা হয়তো এ ম্যাচে জিততাম না। ছোট জিনিস, কিন্তু ম্যাচ জিতে গেছি আমরা! এত বড় সাফল্যের পেছনে এ রকম ছোট ছোট ব্যাপারগুলোর অবদান কম নয়।আমার মনে হয়, নিউজিল্যান্ড এবার সাকিবকে নিয়ে অনেক বেশি চিন্তা করছে। একসময় যেমন মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে চিন্তা করতে করতে আমাদের খেলাই শেষ হয়ে যেত, ওরাও এবার সাকিবের দিকে ও রকম মনোযোগ দিয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও সাকিব তো পারফর্ম করছেই, নিউজিল্যান্ড তাকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগে আমাদের অন্যরাও ভালো খেলছে। চারপাশ থেকে সাকিবের যে সমর্থন দরকার ছিল, সবাই সেটা দিচ্ছে। সে কারণেই হয়তো নিউজিল্যান্ড আর নিজেদের টেনে তুলতে পারেনি। আর একটা ব্যাপার, আমি মনে করি জ্যাকব ওরামের অভাব নিউজিল্যান্ড দারুণভাবে উপলব্ধি করছে। স্টাইরিস না খেলায় ওদের এতটা ক্ষতি হয়নি, যতটা ওরাম না খেলায় হয়েছে।এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০০৭ বিশ্বকাপে। এবার বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় আত্মবিশ্বাসের জ্বালানি হতে পারে। আমরা এখন যে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছি, সেটা ধরে রাখতে পারলে দেশের মাটিতে বিশ্বকাপেও আমরা ভালো খেলতে পারব। এখান থেকে পিছিয়ে গেলে চলবে না। এটা মাত্র শুরু, এখান থেকেই এগোতে হবে।সিরিজ জয়ের পর অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, আমি উৎসবটা মিস করছি কি না। আসলে সিরিজ জিতেছে বলেই যে আমি ব্যাপারটা মিস করছি, তা নয়। যদি বাংলাদেশ এই সিরিজে হারতও, তার পরও একজন খেলোয়াড় হিসেবে আমি তা মিস করতাম। ক্রিকেটই আমার সবকিছু। ক্রিকেট থেকে দূরে থাকা আমার জন্য সব সময়ই কষ্টের। কাজেই জিতেছি বলে নয়, এমনিতেই আমি মিস করছি এই সিরিজ। বরং সিরিজ জিতেছি বলে এখন ভালো লাগছে, আনন্দ হচ্ছে। মাঠের মধ্যে সবাইকে যে রকম দেখছি, এটা আরও বেশি অনুপ্রাণিত করছে আমাকে। এখন আর মনে হচ্ছে না যে আমি দলের অংশ নই। এ রকম একটা পেশাদার দলকে আমরা যে ধারাবাহিকভাবে হারাতে পারছি, আমি তাতে গর্বিত।