এই সিদ্দিক আত্মবিশ্বাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষসেরা রানারআপের ট্রফি হাতে গলফার সিদ্দিকুর রহমান l প্রথম আলো
বর্ষসেরা রানারআপের ট্রফি হাতে গলফার সিদ্দিকুর রহমান l প্রথম আলো

দুই বছর আগের কথা। গ্রামীণফোন-প্রথম আলো ২০১০ সালের বর্ষসেরা হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গলাটা কাঁপছিল সিদ্দিকুর রহমানের। ২০১২ সালের ওই সন্ধ্যাতেই পেয়েছিলেন ২০১১ সালের বর্ষসেরা রানারআপ পুরস্কারটিও। দুই বছর পর আবারও বর্ষসেরা রানারআপ বাংলাদেশের এই গলফার। এবার আর কণ্ঠে কোনো কাঁপন নেই, নেই দ্বিধা। প্রতিটি কথাতেই ঠিকরে পড়েছে আত্মবিশ্বাস।
বিশ্বজুড়ে গলফের রথী-মহারথীদের সঙ্গে সমানতালে খেলা। শিরোপা জয়। ধারাবাহিকভাবে ভালো খেলা। গলফ কোর্সের পারফরম্যান্সই আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে সিদ্দিকুরের। ২০১৩ সালেই জিতেছেন পেশাদার ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা। গত নভেম্বরে দিল্লি জয় করে এনেছেন হিরো ইন্ডিয়ান ওপেন ট্রফি। প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন গলফের বিশ্বকাপে। এরপর এ বছর ইউরেশিয়া কাপে অসাধারণ খেলে মান বাঁচিয়েছেন এশিয়া মহাদেশের।
বর্ষসেরা রানারআপ হওয়াটা বছরজুড়ে ভালো খেলে যাওয়ারই স্বীকৃতি। সেই স্বীকৃতি পাওয়ার পর মঞ্চে উঠে প্রতিশ্রুতি দিলেন আরও ভালো খেলার, দেশকে আরও সম্মান এনে দেওয়ার। যেকোনো স্বীকৃতিই যে অফুরন্ত অনুপ্রেরণার উৎস হতে পারে মনে করিয়ে দিেলন সেটিও, ‘গ্রামীণফোন-প্রথম আলো খেলোয়াড়দের জন্য ভালো একটা অনুষ্ঠান করে। আমি বলতে পারি এটা আমাকে ব্যক্তিগতভাবে অনেক উৎসাহ জোগায়। এই যে আমাদের সম্মানিত করা হচ্ছে, আমরা উৎসাহিত হচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি ভবিষ্যতে ভালো করারও।’
অবশ্য শুধু পুরস্কারই সিদ্দিকুরের অনুপ্রেরণা নয়। অনুপ্রেরণা ছবির মতো সুন্দর গলফ কোর্সগুলোও। নয়নাভিরাম গলফ কোর্সগুলোর প্রেমে মজে যাওয়া সিদ্দিকুরের কাছে গলফই এখন জীবন। দিনের অধিকাংশ সময় গলফ কোর্সেই কাটানো ২৯ বছর বয়সী গলফার শোনালেন সেই কথাও, ‘গলফ কোর্সগুলো এত সুন্দর আমি বলে বোঝাতে পারব না। আমি এক শর বেশি গলফ কোর্সে খেলেছি, প্রতিটিই অসাধারণ। আমাদের কুর্মিটোলা গলফ ক্লাবও অনেক সুন্দর। আমি এখানে এসে সকালের নাশতা করি, দুপুরের খাবার খাই, শুধু রাতে বাড়িতে গিয়ে খাই।’
গলফ ক্লাবকে বাড়িঘর বানিয়ে ফেলা সিদ্দিকুর এখন তাকিয়ে বছরের দ্বিতীয় অংশের দিকে। গতবারের মতো এবারও বছরটাকে শেষ করতে চান সাফল্যে মুড়িয়ে, ‘আমি অনেক কনফিডেন্ট। আমি অনেক ভালো খেলছি, আশা করছি ইনশাআল্লাহ সেকেন্ড হাফটা ভালো হবে। গতবারও দ্বিতীয় অংশটা ভালো হয়েছিল।’
চোটের কারণে কিছুদিন খেলার বাইরে থাকা সিদ্দিকুর চোট থেকেও সেরে উঠেছেন প্রায়। আগামীকাল চিকিৎসার জন্য মালয়েশিয়ার বিমানে চড়তে যাওয়া বাংলাদেশের ‘টাইগার উডস’ আগামীবার আর রানারআপ ট্রফি নিতে চান না, হতে চান বর্ষসেরাই।
বাংলাদেশও সেটাই চায়। সিদ্দিকুরের সাফল্য মানেই যে বাংলাদেশের নাম বিশ্বে আরও ছড়িয়ে পড়া।