এই স্মিথ নির্ভার আবার সতর্কও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ট্রফিটা একদম নিঃশ্বাস-দূরত্বে। চাইলেই হাত বাড়িয়ে ছোঁয়া যায়। ছোঁয়া যাবে না—এমন কোনো সতর্কীকরণ বিজ্ঞপ্তিও নেই। আর তিনি তো অধিনায়ক, ক্রিকেট-বিশ্বের বড় তারকা। ট্রফিটা ছুঁয়ে দিলেই বা কী এমন ক্ষতি? কেউ তো আর বকে দিচ্ছে না।না, গ্রায়েম স্মিথ ছুঁলেন না। তাঁর সামনে, টেবিলের ওপরে রাখা ট্রফিটার দিকে মুগ্ধ দৃষ্টিতে বার কয়েক তাকালেন শুধু। এর পর মনোযোগ দিলেন সামনে বসা সাংবাদিকদের প্রশ্নের দিকে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষের এই ছবি দুটো বার্তাও দিল। আক্ষরিক অর্থেই বিশ্বকাপ ট্রফি থেকে স্মিথ এখন নিঃশ্বাস-দূরত্বে। এবং চ্যাম্পিয়ন হয়েই সেটি তুলে নিতে চান হাতে।দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মনে নিশ্চয়ই দোলা দিচ্ছে সেই রোমাঞ্চ। কাল সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় বেশ হাসিখুশি দেখাল স্মিথকে। টিভির ক্যামেরাম্যানরা ‘ভয়েস’ পাচ্ছিলেন না। ‘মাইক্রোফোন টেস্টিং ওয়ান-টু-থ্রি...হ্যালো হ্যালো’ বলে পরীক্ষাও করে নিলেন একবার। কোনো কোনো প্রশ্নে সূক্ষ্ম রসিকতা। কখনো গম্ভীর। মেঘের মতো বদলাল অভিব্যক্তি। কিন্তু সূর্যের মতো জ্বলজ্বলে প্রত্যয় অনুভব করা যাচ্ছিল ঠিকই।‘শিরোপা জিতবই’ এ ধরনের কথাবার্তা স্মিথ মোটেও বলছেন না। কথা বলছেন সাবধানতার গজ-ফিতে মেপে। অতীতটাকে তো আর শিকেয় তুলে রাখা যায় না। আজকের ম্যাচে ফেবারিট হয়েও স্মিথ তাই বিনয়ী, ‘এই ম্যাচ নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়। আমরা সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে রাখব, খেলব আমাদের সেরা খেলাটাই, যেমনটা আমরা গ্রুপ পর্বে খেলেছি।’শিরোপা থেকে মাত্র তিন পা দূরে—এটি যেমন সত্যি, তেমনি বিদায় নিতেও দরকার মাত্র এক ম্যাচ। স্মিথের সতর্কতা এখানেই। তা ছাড়া নিউজিল্যান্ড দলটাও তাঁকে সাবধানী করছে, ‘এরা খুবই চালাক-চতুর দল। দলে ম্যাচ জেতাতে পারে এমন অনেকেই আছে। ওদের সমীহ তাই করতেই হবে।’মাঠে আজ তাই কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত স্মিথের দল। তবে এর আগে অন্য এক পরীক্ষায় দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে পরীক্ষিতদের বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের পরীক্ষা নেওয়া হয়েছিল। সুযোগ পেয়েই পারনেল-সতসোবেরা দারুণ খেলেছেন। কাকে বসিয়ে কাকে নেওয়া হবে আজ? কণ্ঠে কৃত্রিম অসহায়ত্ব এনে স্মিথ বললেন, ‘একাদশ বেছে নেওয়া সব সময়ই কঠিন ছিল। এখন সেটি কঠিনতর হয়ে উঠছে। এটা উপভোগ্য এক চ্যালেঞ্জ। বিশ্বকাপ জিততে চাইলে পাঁচ থেকে আটজন খেলোয়াড় লাগে যারা পারফর্ম করে। আমাদের দলে ১৫ জন আছে, ১৫ জনেরই পারফরম্যান্স দরকার।’সবাই ভালো খেলছে বলেই দক্ষিণ আফ্রিকা দলটি এত ভারসাম্যপূর্ণ। বিশেষ করে তাদের বোলিং। গ্রুপ পর্বে একমাত্র দক্ষিণ আফ্রিকাই ছয় প্রতিপক্ষকে অলআউট করেছে। পেস-স্পিন মিলিয়ে বোলিংটা ভারসাম্যপূর্ণ হওয়াতেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন স্মিথ। বরাবরই পেস আক্রমণনির্ভর দক্ষিণ আফ্রিকা দলে এখন দুর্দান্ত তিন স্পিনার। সেখানেও কত বৈচিত্র্য। একজন বাঁহাতি, একজন অফ স্পিনার, একজন লেগ স্পিনার! গ্রুপ পর্বে স্পিনাররাই এনে দিয়েছেন ৩৩ উইকেট।সুখী পরিবারের গৃহকর্তার তৃপ্তি নিয়ে স্মিথ বলছেন, ‘এই উপমহাদেশ সব স্পিনারই ভালোবাসে। আমাদের স্পিনাররা তো বেশিই ভালোবাসে। কারণ নিজ দেশে তো আর এ ধরনের কন্ডিশন ওরা পায় না। তারা নিজেদের কাজটা করুক। স্পেশাল কিংবা তাক লাগিয়ে দেওয়া কিছু করার দরকার নেই।’স্পিনারদের মধ্যে রবিন পিটারসনকেই বেশি পিঠ চাপড়ে দেওয়া উচিত। বিশ্বকাপের আগে ৪০ ওয়ানডেতে উইকেট ছিল ২৪টি, গড় পঞ্চাশের ওপরে; সেই পিটারসন পরশপাথরের সন্ধান পেয়েছেন। ৬ ম্যাচে ১৪ উইকেট, গড় ১৩.৫০! রহস্যটা কোথায়? স্মিথের উত্তর—আত্মবিশ্বাসে, ‘আগেও সে ভালো খেলেছে। কিন্তু এখন ওপর আস্থা বেড়েছে। ফলে ওর আত্মবিশ্বাসও বেড়ে গেছে।’দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাসও উঁচু তারে বাঁধা। তবে নকআউট পর্বের সঙ্গে বৈরিতা আছে বলেই কিনা, স্মিথ কেবল চেয়ে চেয়ে ট্রফিটায় দেখেন। সেটি স্পর্শ করেন না!