এই হলো পেশাদার বিসিবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটারদের পেশাদারি নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা। একবার তো প্রকাশ্যে এটা নিয়ে কথা বলে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তর্কই হয়ে গেল বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের। কিন্তু বিসিবি যেভাবে চলছে, তাতে তো উল্টো তাদের পেশাদারি নিয়েই প্রশ্ন ওঠে! ক্রিকেটারদের পেশাদারি নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার কি আসলেই আছে এই বোর্ডের?পেশাদার ক্রিকেট বোর্ডের মাথা নাকি প্রধান নির্বাহী কর্মকর্তা। অথচ প্রায় তিন বছর হতে চলল বিসিবির সেই ‘মাথা’টাই নেই! বোর্ড চলছে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী দিয়ে, নানা কারণেই যাঁর পক্ষে চাইলেও পেশাদার প্রধান নির্বাহীর মতো কাজ করা সম্ভব নয়। বিসিবির ‘পেশাদারি’র সাম্প্রতিক উদাহরণ তো এর মধ্যেই জেনে যাওয়ার কথা সবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল যাবে মিডিয়া ম্যানেজার ছাড়া। দলের সঙ্গে কোনো নির্বাচকও যাবেন না, কারণ বিশ্বকাপের খেলা টেলিভিশনে দেখানো হবে! অথচ বিশ্বের আর কোনো দলে রেওয়াজটা না থাকলেও হেড অব ডেলিগেশন হয়ে বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ‘ভ্রমণে’ যাচ্ছেন বোর্ডের একজন সহসভাপতি, পর্যবেক্ষক হয়ে বোর্ডের খরচে যাচ্ছেন একজন পরিচালকও।বিসিবি সূত্রের তথ্য, গত পরশু বোর্ডের জরুরি সভায় বিশ্বকাপে মিডিয়া ম্যানেজার পাঠানো নিয়ে দুই বোর্ড পরিচালক জালাল ইউনুস আর দেওয়ান শফিউল আরেফিনের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়েছে। মিডিয়া কমিটির প্রধান হিসেবে জালাল ইউনুস মিডিয়া ম্যানেজার পাঠানোর প্রস্তাব এবং এর যৌক্তিকতা তুলে ধরে দেওয়ান শফিউল আরেফিনের বিরোধিতার মুখে পড়েন। সভায় শফিউল আরেফিন বলেন, বিদেশ সফরে কোনো কাজই থাকে না মিডিয়া ম্যানেজারের। বাড়তি লোক পাঠিয়ে বাড়তি খরচেরও তাই মানে নেই। নির্বাচক কমিটি থেকে বিশ্বকাপে নির্বাচক আকরাম খানকে পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও জালাল ইউনুস-শফিউল আরেফিন তর্কযুদ্ধে ব্যাপারটা নিয়ে আলোচনারই সুযোগ পাচ্ছিলেন না ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন। পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর এনায়েত হোসেন নির্বাচক পাঠানোর বিষয়টি সভায় তুললেও কারও সমর্থন পাননি।শফিউল আরেফিন অবশ্য বোর্ড সভায় জালাল ইউনুসের সঙ্গে তাঁর ‘সেশন’টাকে ‘তর্ক-বিতর্ক’ না বলে ‘যুক্তি-তর্ক’ই বলছেন, ‘বোর্ড সভায় অনেক বিষয়েই যুক্তি-তর্ক হয় পরিচালকদের মধ্যে। সব কথা বাইরে যাওয়া ঠিক না।’ বিশ্বকাপে মিডিয়া ম্যানেজার না পাঠানো সম্পর্কে তাঁর বক্তব্য, ‘সভায় এ ব্যাপারে তিনটা পয়েন্ট তুলে ধরেছি আমি। প্রথমত, মিডিয়া ম্যানেজারসহ টিম ম্যানেজমেন্টের তালিকাটা আইসিসির কাছে পাঠানো হয়েছে বোর্ডের অনুমোদন না নিয়ে। প্রয়োজনে জরুরি সভা ডেকেও এটা বোর্ডে আলোচনা করা উচিত ছিল। দ্বিতীয়ত, ইন্টারনেট আর ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমি মনে করি না দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার পাঠানোর দরকার আছে। তৃতীয়ত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দলের মধ্যে মাত্র ৬টি দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার গিয়েছিল। তা ছাড়া বিদেশে আমি নিজেও দেখেছি মিডিয়া ম্যানেজারের তেমন কোনো কাজ থাকে না।’শফিউল আরেফিনের চোখে না পড়লেও বিদেশ সফরে মিডিয়া ম্যানেজারের কাজ নেহাত কম নয়। মিডিয়া ম্যানেজার না থাকলে বিদেশি সংবাদমাধ্যম সরাসরিই চলে যায় ক্রিকেটারদের কাছে, যা তাঁদের জন্য বিব্রতকর। তা ছাড়া বাংলাদেশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেই তো অনেক সময় ক্রিকেটারদের মিডিয়া ম্যানেজারের ব্রিফিং নিতে হয়, বিশ্বকাপ তো হবে ওয়েস্ট ইন্ডিজে। প্রশ্নকর্তার সারিতে থাকবেন সব বিদেশি সাংবাদিক!শফিউল আরেফিন বলেছেন, ইংল্যান্ডে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠার পরই বোর্ড দলের সঙ্গে পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এর পর থেকে সব সফরেই হেড অব ডেলিগেশন আর পর্যবেক্ষক (সর্বোচ্চ ১০ দিনের জন্য) হয়ে বিদেশে যাচ্ছেন কোনো না কোনো পরিচালক। কিন্তু সফরে হেড অব ডেলিগেশন বা পর্যবেক্ষকের কী ভূমিকা, সেটা এখনো রহস্য। যত দূর জানা গেছে, এক গাজী আশরাফ হোসেন ছাড়া আজ পর্যন্ত কোনো পর্যবেক্ষক বা হেড অব ডেলিগেশনই বিদেশ সফর থেকে ফিরে কোনো রিপোর্ট জমা দেননি।পর্যবেক্ষকেরা যেসব বিষয় ‘পর্যবেক্ষণ’ করেন বলে বোর্ডের দাবি, সেসব পর্যবেক্ষণের ক্ষমতা বিসিবির কতজন পরিচালকের আছে, কতজন পরিচালকের জাতীয় দলের প্রধান হওয়ার মতো ব্যক্তিত্ব আছে, সেসবও বিবেচনার বিষয়। কেবলই বোর্ড পরিচালক হওয়ার সুবাদে যাঁরা এমন আনন্দভ্রমণে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তাঁরা তাঁদের এলাকার ক্রিকেটটা কতটুকু পর্যবেক্ষণ করেন বা সেসব এলাকায় আদৌ খেলা-টেলা হয় কি না, তা নিয়েও তো প্রশ্ন আছে।