এই হল্যান্ড অন্য রকম!
‘প্রতিবারই সাধারণত আমরা খুব ভালো ফুটবল খেলি, কিন্তু কখনোই বেশি দূর যেতে পারি না’—বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে অভিজ্ঞ মিডফিল্ডার মার্ক ফন বোমেলের বলা কথাটিতে যেন ফুটে উঠল ডাচ ফুটবলের পুরো ইতিহাসটাই। মন রাঙানো ফুটবল খেলে একের পর এক দলের বাধা ভেঙেচুড়ে এগিয়ে যাবে, কিন্তু ভেঙে পড়বে সবচেয়ে বেশি প্রয়োজনের সময়—বিশ্বকাপের হল্যান্ড মানে তো এই!বিশ্ব ফুটবলের বড় দল হয়েও তাই বিশ্বকাপে হল্যান্ডের অর্জনের ভাঁড়ারটা শূন্য। অথচ বিশ্ব ফুটবলে তাদের অবদানটা কিন্তু কম নয়। ১৯৭৪-এর বিশ্বকাপে অভূতপূর্ব টোটাল ফুটবলের বিস্ময়কর প্রদর্শনীতে বিমোহিত করেছিল তারা পুরো বিশ্বকে। কিন্তু ফাইনালে হারতে হয়েছে ‘জার্মান যন্ত্রে’র কাছে। রানার্সআপ পরের বিশ্বকাপেও। বিশ্বকাপে হল্যান্ডের অর্জন এটুকুই, সেমিফাইনালেই উঠতে পেরেছে আর একবার। এখানেই শেষ নয়, বিশ্ব ফুটবলকে ইয়োহান ক্রুইফ, ইয়োন নিসকেন্স, অঁরি হান, মার্কো ফন বাস্তেনদের মতো অসাধারণ সব ফুটবলারও উপহার দিয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি।টপ ফেবারিট না হলেও বরাবরই ফেবারিটদের মধ্যে থাকে তারা। ব্যতিক্রম নয় এবারও। তবে এই দলকে নিয়েও শঙ্কাটা একই রকম। ২০০৮ ইউরোতে ‘গ্রুপ অব ডেথ’-এ ফ্রান্স, ইতালিকে উড়িয়ে দেওয়া দলটি বাদ পড়েছিল রাশিয়ার মতো দলের কাছে ৩-০-তে হেরে। বাছাইপর্বে জিতেছে আট ম্যাচের সবগুলোতেই, কিন্তু এই দলকে নিয়ে চিরাচরিত হল্যান্ড দলের বাইরে কিছু ভাবতে বাধা দিচ্ছে ইউরোর অভিজ্ঞতা।তবে বার্ট ফন মারউইক কিন্তু আগের দলগুলোর সঙ্গে মেলাতে চান না তাঁর দলকে। হল্যান্ড কোচের কাছে এই দল কেন আলাদা, শুনুন তাঁর মুখেই, ‘বিশ্বসেরা তারকাদের কেউ হয়তো এই দলে নেই, তবে আমার ছেলেরা খেলে একটা দল হিসেবে, যারা নিজেদের একটা পরিবার ভাবতে পছন্দ করে।’ ইনজুরির জন্য আজ খেলতে পারছেন না আরিয়েন রোবেন, তার পরও দলের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। ওয়েসলি স্নাইডার, রাফায়েল ফন ডার ভার্টদের সামনে থাকবেন রবিন ফন পার্সি ও ডির্ক কিউট। রায়ান বাবেল, ইয়ান ক্লাস হান্টেলারদের নিয়ে শক্তিশালী রিজার্ভ বেঞ্চটাও।বাছাইপর্বে পর্তুগাল, সুইডেনদের গ্রুপে সেরা হয়ে সবাইকে চমকে দিয়েছিল ডেনমার্ক। তবে গত বিশ্বকাপ ও ইউরোতে কোয়ালিফাই করতে না পারা ড্যানিশদের সাম্প্রতিক ফর্মটা সুবিধার নয়। প্রস্তুতি ম্যাচে হেরেছে তারা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কাছে। এর ওপর আবার যোগ হয়েছে ইনজুরিতে দলের তারকা স্ট্রাইকার নিকলাস বেন্টনারের না খেলার শঙ্কা। ভরসা তাই অধিনায়ক ও অভিজ্ঞ স্ট্রাইকার জন ডাল টমাসন।তবে টমাসন বা ডেনমার্ক নয়, দৃষ্টি বেশি থাকবে হল্যান্ডের ওপরই। মারউইকের কথামতো এই ডাচ দলটা কি সত্যিই অন্যরকম!হল্যান্ড-ডেনমার্কওয়েসলি স্নাইডারআয়াক্সের যুব প্রকল্পের অন্যতম সেরা ‘পণ্য’। ফ্রি-কিক স্পেশালিস্ট ওয়েসলি স্নাইডার দাপিয়ে বেড়ান ক্লাব ও দেশের মিডফিল্ড। হল্যান্ড ব্যর্থ হওয়ার পরও জায়গা পেয়েছিলেন গত ইউরোর সেরা একাদশে, এ মৌসুমে ইন্টার মিলানের ট্রেবল জয়েও ছিল বড় অবদান। বল বানিয়ে দেওয়ার পাশাপাশি দূর থেকে আচমকা গোল করতেও দারুণ দক্ষ।জন ডাল টমাসনসেরা সময়টা পেছনে ফেলেছেন, একসময় সিরি ‘আ’, লা লিগায় খেলা স্ট্রাইকার এখন খেলেন ডাচ লিগে। তবে জন ডাল টমাসনের সেরাটা বের করে আনতে পারে বড় উপলক্ষ, তিনি যে বড় মঞ্চের খেলোয়াড়! ২০০২ বিশ্বকাপে চার গোল করেছিলেন, পরের ইউরোতে তিনটি। সম্ভাব্য শেষ বিশ্বকাপে ড্যানিশ অধিনায়ক জ্বলে উঠতে পারেন আরেকবার।