এই হল্যান্ড কুৎসিত: ক্রুইফ
ইয়োহান ক্রুইফ মর্মাহত। প্রচণ্ড হতাশ। অনেকেই হয়তো ধরে নেবেন, হল্যান্ডের তীরে এসে তরী ডুবে যাওয়াতেই এমন অনুভূতি ডাচ কিংবদন্তির। আসলে তা নয়। ক্রুইফের হতাশা আর লজ্জা ফাইনালে হল্যান্ড গা-জোয়ারি ও বাজে ফুটবল খেলেছে বলে।ফাইনালের আগের দিন দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এই হল্যান্ড দলকেই প্রশংসায় ভাসিয়েছিলেন ক্রুইফ। ফাইনাল শেষে এই ক্রুইফই হল্যান্ডের ফুটবলকে বললেন ‘নোংরা’ আর ‘কুৎসিত’।আসলেও তা-ই। ফাইনালে রেফারি হাওয়ার্ড ওয়েব ১৪টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে হল্যান্ডের খেলোয়াড়েরাই দেখেছেন ৯টি। শুরু থেকেই বাজে ট্যাকল করতে শুরু করেন ডাচ খেলোয়াড়েরা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত এই কাজটাই তাঁরা করে গেছেন নিখুঁতভাবে। দুই হলুদ কার্ডের খাড়ায় পড়ে জন হেইটিঙ্গাকে ছাড়তে হয়েছে মাঠ। হল্যান্ডের এই নেতিবাচক ফুটবল একদমই পছন্দ হয়নি ক্রুইফের।কাতালান দৈনিক এল পেরিওদিকোয় লেখা কলামে ক্রুইফ লিখেছেন, ‘হল্যান্ডের বাজে ফুটবল আমাকে মর্মাহত আর দুঃখিত করেছে। ফাইনালে হল্যান্ড কুৎসিত আর নোংরা ফুটবল খেলেছে। এটা আসলে ফুটবলেরই চেতনাবিরোধী।’ফাইনালে গোল পেতে স্পেনকে ১১৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কিন্তু ক্রুইফ মনে করছেন, হল্যান্ড স্পেনকে স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি বলেই এটা হয়েছে, ‘নির্ধারিত ৯০ মিনিটে হল্যান্ড ও রকম খেলেছে বলেই গোল পায়নি স্পেন। স্পেন তো তাদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেনি।’হল্যান্ড দলের সমালোচনা করলেও কোচ বার্ট ফন মারউইকের প্রশংসা করেছেন হল্যান্ডকে ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে তোলা ক্রুইফ। এই বিশ্বকাপে হল্যান্ড দলের একের পর এক সাফল্য দেখে অনেকেই মারউইককে তুলনা করতে শুরু করেছিলেন ‘টোটাল ফুটবলে’র জনক রাইনাস মিশেলসের সঙ্গে।মারউইক বলেছিলেন, মিশেলস-ক্রুইফের চুয়াত্তরের দলের চেয়েও তাঁর দলটি একদিক দিয়ে এগিয়ে। রোবেন-স্নাইডারদের নিয়ে গড়া দলটি নাকি বল হারালে তা কীভাবে আবার কেড়ে নিতে হয়, সেটা খুব ভালো জানে। ক্রুইফ মারউইকের প্রশংসা করেছেন শক্তিশালী একটা দল গড়ে তুলতে পারার কারণেই।মারউইকের প্রশংসা করলেও ফাইনালের রেফারি হাওয়ার্ড ওয়েবের সমালোচনা করেছেন ক্রুইফ। ওয়েবের সমালোচনা করেছেন মারউইক-রোবেনরাও। ফাইনালে ডাচদের স্বপ্ন চুরি করেছে ওয়েব—রোবেনের অভিযোগ এ রকমই। তবে ক্রুইফ তাঁর সঙ্গে গলা না মিলিয়ে পাল্টা অভিযোগ করে বলেছেন, হল্যান্ড দলকে আরও কার্ড দেখানো উচিত ছিল রেফারির, ‘হল্যান্ড দলের দুজন অন্তত লাল কার্ড পেতে পারত। বিশেষ করে, নাইজেল ডি ইয়ং (জাভি আলোনসোর বুকে কুংফু স্টাইলের লাথি মেরেছিলেন ইয়ং)। এ ছাড়া রোবেনও দ্বিতীয় হলুদ কার্ড দেখতে পারত।’বিশ্বকাপের ফাইনালে আরেকটু ভালো মানের রেফারি দেওয়া উচিত বলে মনে করেন ক্রুইফ, ‘আপনি বাজে রেফারিং করতে পারেন, কিন্তু ব্যক্তিগত নিয়ম চালু করতে পারেন না। বিশ্বকাপ ফাইনালে ভালো রেফারিই থাকা উচিত। এমন একজন রেফারি দরকার, যিনি কিনা ন্যায় প্রতিষ্ঠা করতে ভয় পাবেন না।’ এএফপি, ওয়েবসাইট।