এই হার ‘অগ্রহণযোগ্য’: মরিনহো
এক গোলে এগিয়ে থেকেও ২-১-এ পরাজয়। তা-ও দুর্বল এক প্রতিপক্ষের কাছে। কোনো কোচেরই মাথা ঠিক থাকার কথা নয়। রিয়াল কোচ ‘ওনলি ওয়ান’ হোসে মরিনহোও নিজেকে ঠিক রাখতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের খেলোয়াড়দের একহাত নিয়েছেন তিনি। বলেছেন, গেটাফের মতো দলের কাছে হার ‘অগ্রহণযোগ্য’।গেটাফের কাছে হেরে লা লিগায় টানা ২৪ ম্যাচ জয়ী রিয়াল মাদ্রিদ প্রথম পরাজয়ের স্বাদ মুখে নিল। শুধু তাই নয়, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থাকার পরও হার মানল এই স্প্যানিশ জায়ান্ট। এই হার লিগ রেসের শুরুতেই পিছিয়ে দিয়েছে রিয়ালকে। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা রিয়াল কাল গেটাফের কাছে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ল পাক্কা পাঁচ পয়েন্টে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বার্সার পয়েন্ট যেখানে ছয়, রিয়ালের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। হোসে মরিনহো মুখ কালো করে সংবাদ সম্মেলনে এসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটা বাজে ম্যাচ।’ পুরো দলকে দুষলেও মরিনহো কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে রিয়ালের এই পরাজয়ের জন্য দায়ী করেননি। কারও নাম ধরেও সমালোচনা করেননি। কেবল বলেছেন, ‘এই পরাজয় আমাদের প্রাপ্য ছিল।’মরিনহোর মতে, এই ম্যাচে রিয়ালের খেলোয়াড়েরা যেভাবে খেলেছেন, তাতে জিতলেও খুশি হওয়ার মতো কিছু থাকত না। তাঁর মতে, এমন পারফরম্যান্সের পর কেবল পরাজিতদের দলেই থাকা যায়।মৌসুমের শুরুতে দুটি ম্যাচে জয়ের দেখা না পাওয়া যথেষ্টই পীড়িত করছে হোসে মরিনহোকে। আশঙ্কা করছেন, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে শুরুতেই এই পিছিয়ে পড়া রিয়ালের জন্য মৌসুম শেষে না আবার কাল হয়ে দাঁড়ায়! তিনি বলেন, ‘দুই ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’কালকের ম্যাচে মরিনহোকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে গেটাফের হুয়ান ভ্যালেরার সমতাসূচক গোলটি। ফ্রি-কিক থেকে মার্কার সার্জিও র্যামোসকে ফাঁকি দিয়ে তিনি যে গোলটি করেন, মরিনহোর মতে, ডেড বলের পরিস্থিতিতে ওর চেয়ে বাজে গোল আর হয় না। মরিনহো বলেন, ‘ডেড বল পরিস্থিতি নিয়ে খেলোয়াড়দের অনেক বুঝিয়েছি। কাজ করেছি। খেলোয়াড়েরাও অনেক পরিশ্রম করেছে। এর চেয়ে বেশি কিছু করা সত্যিই সম্ভব নয়। মাঠে গিয়ে খেলোয়াড়েরা আগের ভুলগুলোরই পুনরাবৃত্তি করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপরীতে হজম করা গোলটিও ছিল অগ্রহণযোগ্য।২০০১-০২ মৌসুমেও লা লিগায় রিয়াল মাদ্রিদের শুরুটা ছিল এমনই। সেবারও প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত লিগে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় সান্তিয়াগো বার্নাব্যুর সৈনিকদের। রয়টার্স।