এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল শুরু আজ
ঢাকায় আজ শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাইপর্বের ‘এ’ গ্রুপের খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হচ্ছে ওমান। সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।সাত গ্রুপ থেকে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও সেরা দুটি তৃতীয় দলসহ ১৬ দল উঠবে চূড়ান্ত পর্বে। এই গ্রুপে রয়েছে শক্তিশালী সৌদি আরব, পাঁচবারের চ্যাম্পিয়ন ইরাক, ওমান ও মালদ্বীপ। বাংলাদেশ ছাড়া প্রতিটি দলই দেশের বাইরে খেলে এসেছে প্রস্তুতি ম্যাচ। চূড়ান্ত পর্বে উঠতে হলে অন্তত রানার্সআপ হতে হবে বাংলাদেশকে। চূড়ান্ত পর্বে কি উঠতে পারবে বাংলাদেশ? প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কি দারুণ আশাবাদী, ‘আমি সব সময়ই আশাবাদী। দলের প্রস্তুতি ভালো। ছেলেরা ১২টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এই দলে ভালো মানের স্কোরার রয়েছে। আশা করি, চূড়ান্ত পর্বে উঠতে পারব।’ মালদ্বীপ কোচ ইব্রাহিম হালিমেরও একই লক্ষ্য, ‘বাংলাদেশ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে আমরা জিততেই এসেছি।’ কাল ফুটবল ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে এসেছিলেন ‘এ’ গ্রুপের প্রতিটি দলের কোচ-অধিনায়ক। সবার মুখে ঘুরেফিরে উচ্চারিত একই শব্দাবলি, ‘চূড়ান্ত পর্বে যেতে চাই।’ প্রতিযোগিতার কো-স্পনসর হয়েছে আরবি গ্রুপ। পৃষ্ঠপোষকতা বাবদ তারা বাফুফেকে দিচ্ছে ৭ লাখ টাকা। দর্শকদের জন্যও তারা রেখেছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন পাঁচজন দর্শককে লটারির মাধ্যমে দেওয়া হবে পাঁচটি মোবাইল হ্যান্ডসেট। টিকিটের মূল্য সাধারণ গ্যালারি ২০ টাকা ও ভিআইপি গ্যালারি ৫০ টাকা করে।