এএফসি থেকেও বহিষ্কৃত বিন হাম্মাম
অবশেষে দীর্ঘ তদন্ত শেষে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) খুঁজে পেয়েছে মোহাম্মদ বিন হাম্মামের অপরাধ। আজ মঙ্গলবার এএফসি তাদের সাবেক সভাপতির অপরাধের শাস্তিও নিশ্চিত করেছে। সংগঠনটির সব কর্মকাণ্ড থেকে বহিষ্কৃত হয়েছেন কাতার ফুটবলের ক্ষমতাবান এই ব্যক্তি। তবে এই বহিষ্কারাদেশের মেয়াদ মাত্র ৩০ দিন।হাম্মামের বিরুদ্ধে এএফসি বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে হাতেনাতেই। এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বেশির ভাগ কেলেঙ্কারিই সংঘটিত হয়েছে কোনো না কোনো চুক্তি সম্পাদনের সময়। চুক্তি সম্পাদ বিভিন্ন সময় আর্থিকভাবে লাভবান হওয়ারও প্রমাণ পাওয়া গেছে হাম্মামের বিরুদ্ধে।গত বছর জুনে ফিফার সভাপতি নির্বাচনে সেপ ব্লাটারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিন হাম্মাম। কিন্তু শেষ মুহূর্তে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনের আগে এক ক্যারিবীয় ফুটবল কর্তাকে ৪০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগে তাঁকে ফিফা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।বিন হাম্মাম অবশ্য ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করেছেন। সেই মামলা এই মুহূর্তে বিচারাধীন। রয়টার্স।