এএফসি মহিলা ফুটবলে পিৎ জা হাট
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে এসেছে ইরান মহিলা ফুটবল দল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গিয়ে পরশু নিয়মিত অনুশীলনও সেরেছে দলটি। তবে কাল আর কোনো অনুশীলন করেনি। বেশ কজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে সবাইকে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী পরশু শুরু হতে যাওয়া মহিলা এশিয়া কাপের বাছাইপর্বের জন্য জোরেশোরেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দেওয়া হলো। বরাবরই মহিলা ফুটবলের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠান কেএফসির সহযোগী পিৎ জা হাট টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। ১৫ লাখ টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ‘বাংলাদেশ মহিলা ফুটবল দলের স্পনসর হতে পেরে গর্বিত’—নিজেদের সন্তুষ্টির কথা জানালেন পিৎ জা হাটের কর্মকর্তা রূপম প্রসন্ন ঠাকুর।আর মাত্র দুই দিন বাকি টুর্নামেন্টের। কিন্তু ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে এখনো পুরো সন্তুষ্ট নন বাফুফের কর্মকর্তারা। স্টেডিয়াম পরিদর্শন করতে কাল ঢাকায় এসেছেন এএফসির নিরাপত্তা কর্মকর্তা, যদিও ম্যাচ কমিশনার এখনো এসে পৌঁছাননি। আজ এ দুজনের ভেন্যু পরিদর্শন করার কথা। চারটি ড্রেসিংরুমের দুটি এখনো অপ্রস্তুত। ফ্লাডলাইট সমস্যার সমাধান অবশ্য হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আজকের মধ্যেই বাকি সব প্রস্তুত হয়ে যাবে। কিন্তু প্রেসবক্স এ মুহূর্তে সংস্কার করা যাবে না। ঝড়বৃষ্টির রাতে কাচভাঙা কক্ষেই গণমাধ্যমকে কাজ করতে হবে। টুর্নামেন্টের ছয়টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। খেলোয়াড়দের নিরাপত্তা ও অনুশীলন সুযোগ-সুবিধা নিয়ে এরই মধ্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে বাফুফেকে। সমালোচনার মুখে মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার (কিরণ) কাল বললেন, ‘অনুশীলনের বল, পানি, বরফ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। মেয়েদের নিরাপত্তার বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছি আমরা।’