এএফসির কাণ্ড!
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছে সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ স্বীকারও করে নিয়েছে এএফসি। একই সঙ্গে ক্ষমা চেয়েছে এশীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে আমিরাত ফুটবল দলকে ‘মরুর বানর’ বলে আখ্যায়িত করে এএফসি। এটাকে এএফসির বর্ণবাদী আচরণ ও অশ্রদ্ধার নিদর্শন হিসেবে নেয় আমিরাত কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় ক্ষমা চেয়ে এএফসি দাবি করেছে, কাজটা ইচ্ছাকৃত ছিল না, ভুলবশত হয়েছে।এক বিবৃতিতে এএফসি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ফুটবল দলের নাম বিকৃতভাবে ছাপা হওয়ায় এএফসি দুঃখ প্রকাশ করেছে। মূলত ওয়েবভিত্তিক একটি এনসাইক্লোপিডিয়া থেকে প্রচলিত নাম নেওয়ার কারণেই এমনটা হয়েছে। তবে ভুল চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমরা তা সংশোধন করেছি। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন বা আমিরাত ফুটবলের ভক্তরা অনিচ্ছাকৃত এই ভুলের কারণে আঘাত পেয়ে থাকলে এএফসি তাঁদের কাছে ক্ষমা চাইছে।উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দলের প্রচলিত নাম ‘আল-আবিয়াদ’ বা ‘দ্য হোয়াইটস’।