এএফসির ডিগবাজি, বাংলাদেশের স্বপ্নভঙ্গ
বাংলাদেশের ফুটবলের জন্য কালকের দিনটি হতে পারত আনন্দের। কিন্তু তা হলো বিষাদময়। বাংলাদেশের কাছে বজ্রাঘাতের মতোই এল এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) খবরটা। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠেনি! এ যেন মহানাটকীয়তা!এএফসির মতো প্রতিষ্ঠানের এটা চরম অপেশাদার এবং তুঘলকি কাণ্ড ছাড়া আর কিছু নয়। এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থার এ সংক্রান্ত বাইলজটাই হাস্যকর। একটা দল খেলতে না এলে বাকি সব গ্রুপের চতুর্থ দলের বিপক্ষে জয়-পরাজয় বিবেচ্য হবে না। এটা অদ্ভুত নিয়ম। শেষ পর্যন্ত এই নিয়মের বলিই হলো বাংলাদেশ। মজার ব্যাপার, নিজেদের তৈরি বাইলজ এএফসিই প্রথমে মানেনি। তাই এএফসির ওয়েবসাইটই জানিয়ে দেয় বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত বাইলজের সেই ১৬/১ ধারাতেই সমাধান খুঁজে এএফসিই কাল ফলটা পাল্টে দিয়েছে।সুখবর শোনার অপেক্ষায় থাকা বাফুফের জন্য এটি বয়ে এনেছে একরাশ হতাশা। সভাপতি কাজী সালাউদ্দিন দুঃসংবাদ শুনে ক্ষোভে-দুঃখে ফেডারেশনেই আসেননি। এমনকি সাংবাদিকদের কোনো ফোনও ধরেননি। অন্যরা জানান, সুযোগ থাকলে বিষয়টা নিয়ে এএফসির কাছে আপিল করা হবে। তা ছাড়া এক দিন আগে কোনো দল নাম প্রত্যাহার করতে পারে কি না, সেই বৈধতাও চ্যালেঞ্জ করার কথা ভাবা হচ্ছে।তাতে ফলপ্রসূ কিছু হবে কিনা বাফুফে বলতে পারছে না। আসলে বাছাইপর্বের শেষ গ্রুপের দল ব্রুনাই নাম প্রত্যাহার করার পরই বাংলাদেশের স্বপ্ন শেষ। যেটি পরে পুনরুজ্জীবিত হয় এএফসিরই আরেকটি সিদ্ধান্তে। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৪-০ জয়টা বিবেচ্য হয়নি শেষ পর্যন্ত। বাকি দুই ম্যাচে ৩ পয়েন্ট ও ধনাত্মক এক গোলগড় নিয়ে বাংলাদেশ সেরা রানার্সআপ হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত চারে নেমে গেছে। ভারত তিনে। দুই দলই বাদ।এএফসি ভুলটা করেছে, ব্রুনাইয়ের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। ব্রুনাই খেলতে এসে ওয়াকওভার দিলেই কেবল এই নিয়মটা প্রযোজ্য হতো। শুধু সে ক্ষেত্রেই বাংলাদেশ যেতে পারত চূড়ান্ত পর্বে।কিন্তু এএফসির আইন বিভাগের পরামর্শ এল ভিন্ন। তারা ব্রুনাইয়ের নাম প্রত্যাহার করার ব্যাপারটা গ্রহণ করেনি। কাল দুপুরে এমন সিদ্ধান্তের পরপরই ওয়েবসাইট থেকে বাংলাদেশের উত্তীর্ণ হওয়া নিয়ে লেখা ছাপার অক্ষরগুলো মুছে ফেলা হয়।পরিবর্তিত অবস্থায় চূড়ান্ত পর্বে যাওয়া দলগুলোর তালিকা বাফুফের কাছে পাঠিয়েছে এএফসি। তাতে দ্বিতীয় সেরা রানার্সআপ হিসেবে বাংলাদেশের নাম নেই। এ ব্যাপারে কোনো রকম ব্যাখ্যাও দেওয়া হয়নি। যদিও বারবারই তা জানতে চেয়েছে বাফুফে।এএফসির দেওয়া নতুন হিসাবে ৪ পয়েন্ট নিয়ে সেরা রানার্সআপ হিসেবে পেছন থেকে উঠে আসে লাওস। ৩ পয়েন্ট ও ধনাত্মক ৬ গোলগড় নিয়ে তুর্কমেনিস্তান দ্বিতীয় সেরা রানার্সআপ। এই দুটি দল চূড়ান্ত পর্বে উঠল পাঁচ গ্রুপ চ্যাম্পিয়ন, মিয়ানমার, কিরগিজস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন ও ফিলিপাইনের সঙ্গে।