এক অধ্যায়ের ইতি টানলেন কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ক্রিকেট দর্শক একদিক দিয়ে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। কারণ, মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুকার এই ঢাকাতেই খেলেছেন জীবনের শেষ একদিনের ম্যাচটি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ধন্য হতে পারে ক্রিকেটের ছোট ফরম্যাটে শচীনের শেষ পদচ্ছাপ পেয়ে। কিন্তু ক্রিকেট-বিশ্ব আজ ভারাক্রান্ত শচীন টেন্ডুলকারকে ‘বিদায়’ বলে। সত্যিই ক্রিকেট ইতিহাসের এক ভরপুর অধ্যায়ের পরিসমাপ্তিই ঘটল আজ। আর কোনোদিন রঙিন পোশাকে রাজকীয় ঢঙে দেখা যাবে না ক্রিকেটের এই কৃতী পুরুষকে। শচীন টেন্ডুলকার সম্পর্কে কিছু লিখতে গেলে ক্রিকেট লিখিয়েদের ভাষার খেই হারিয়ে যায়। গত ২৩ বছর কত কিছুই না লেখা হয়েছে তাঁকে নিয়ে। কতভাবেই না ক্রিকেটামোদীদের কাছে উপস্থাপন করা হয়েছে তাঁকে। কিন্তু এই কিংবদন্তি সম্পর্কে যেকোনো লেখায় যে কথা চলে আসে তা হলো, ‘শচীন টেন্ডুলকার হচ্ছেন সেই খেলোয়াড়, ক্রিকেটের সম্ভব-অসম্ভব সব রেকর্ডই যাঁর দখলে। তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম ক্রিকেটার, যিনি একটি দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রে ছিলেন ক্যারিয়ারের প্রায় পুরো সময়ই। টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাট মিলিয়ে তিনি যে রান করেছেন, তা কেবল স্বপ্নেই আসতে পারে কোনো ক্রিকেটারের। সব মিলিয়ে ক্রিকেটের এক অনন্য সৃষ্টিই যেন তিনি।’ সৃষ্টি হলেই ক্ষয় আছে—এই নিয়মের মধ্যে থেকেই যেন আজ একদিনের ক্রিকেটে শেষ হয়ে গেল শচীন-পরিক্রমা। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের গুজরানওয়ালায় মাত্র ১৬ বছর বয়সে শচীন টেন্ডুলকারের অভিষেক হয়েছিল একদিনের ক্রিকেটে। এরপর কেটে গেছে ঠিক ২৩টি বছর। ২৩ বছর পর সেই ডিসেম্বরেই একদিনের ক্রিকেটকে বিদায় বললেন শচীন টেন্ডুলকার। তবে এই ২৩ বছরে শচীন ক্রিকেটকে যা দিয়েছেন, তার ধারে-কাছে যাওয়ার স্বপ্ন দেখারও যে খুব বেশি ক্রিকেটার এই মুহূর্তে পৃথিবীতে নেই—এটা বলে দেওয়ার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। শচীন একদিনের ম্যাচ খেলেছেন ৪৬৩টি। এতগুলো একদিনের ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি আর কোনো ক্রিকেটারেরই। একদিনের ফরম্যাটে তাঁর উইলো থেকে বেরিয়েছে ১৮,৪২৬ রান। শতরান ৪৯টি, অর্ধশত ৯৬টি। একদিনের ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে এক ডাবল সেঞ্চুরিও। ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর এই ডাবল সেঞ্চুরিটি তাঁর ব্যাটিং ক্ষমতার এক অনন্য বহিঃপ্রকাশও ছিল। ১৮ হাজারের বেশি রান করেছেন তিনি ৪৪.৮৩ গড়ে। আর স্ট্রাইকরেটটা দেখুন; প্রতি এক শ বল খেলে তিনি দলকে উপহার দিয়েছেন ৮৬.২৩ রান। দেশের হয়ে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। জীবনের শেষ বিশ্বকাপে এসে জিতেছেন সেই আরাধ্য পুরস্কার। যেকোনো বিচারেই অচিন্তনীয় ও প্রায় অলঙ্ঘনীয় এক রেকর্ডধারী ২৩ বছর আগের ‘ওয়ান্ডার বয়’ ও আজকের ‘লিজেন্ড অব ক্রিকেট’ যদি বিশ্বকাপ জিততে না পারতেন, তা ক্রিকেটের জন্য সত্যিই বড় দুঃখের ব্যাপার হতো। ক্রিকেটের অবিসংবাদিত এই ক্রিকেটার তাঁর বিদায় বেলায় সবার মনের মধ্যে কি একটু খচখচানি রেখে গেলেন না? তাঁর মতো একজন কিংবদন্তির বিদায়টি যে ধরনের হওয়া উচিত ছিল, তেমনটি কি হলো? উত্তর, অবশ্যই না। ক্রিকেট বোর্ড বরাবর একটি চিঠি দিয়েই এই কিংবদন্তির বিদায়টা হওয়া উচিত ছিল না। কিন্তু নিজের সাম্প্রতিক ফর্ম ও অবসর নেওয়া না-নেওয়া নিয়ে বিতর্কের মধ্যে এমন কিছু ঘটাই হয়তো নিয়তিতে ছিল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে শচীনকে নেওয়া হবে না—এমন আঁচ টেন্ডুলকার হয়তো পেয়ে গিয়েছিলেন। তাই আর দেরি না করে নিজেই ঘোষণাটা দিয়ে দিলেন। ক্যারিয়ারে কখনোই নির্বাচকদের সিদ্ধান্তে দল থেকে বাদ পড়েননি শচীন টেন্ডুলকার। বিদায় বেলায়ও সেই চলই অক্ষুণ্ন রাখলেন। নির্বাচকদের সুযোগ দিলেন না অপ্রিয় কাজটি করার। নিজেই জানিয়ে দিলেন একদিনের ক্রিকেটে আর খেলবেন না তিনি। তাঁকে ঘিরে সাম্প্রতিক সময়ে শত সমালোচনার ভিড়ে তাঁর এই সিদ্ধান্ত সমালোচকদেরও কি একটু লজ্জা পাইয়ে দিল না?