
মুখে হাসি, হাতে ট্রফি। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে এখনো দুই দিন বাকি। তার আগেই ট্রফি হাতে ছবি তুললেন নোভাক জোকোভিচ ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। কাল মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ড্রয়ের আগেই বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের হাতে ট্রফি ধরিয়ে দেওয়া হলো ফটোশুটের জন্য। টানা তিনবারের চ্যাম্পিয়ন ‘জোকার’ জোকোভিচ মজা করতেও ভুললেন না, বললেন যেহেতু ট্রফিতে তাঁর আঙুলের ছাপ বসে গেছে, এবার টানা চার হতেই পারে।
কিছুক্ষণ পর হওয়া ড্রও সাহায্যের হাত বাড়াল দ্বিতীয় বাছাই জোকোভিচের দিকে। শীর্ষ বাছাই রাফায়েল নাদাল, চতুর্থ বাছাই অ্যান্ডি মারে, পঞ্চম বাছাই হুয়ান মার্টিন দেল পোত্রো ও ষষ্ঠ বাছাই রজার ফেদেরাররা পড়ে গেছেন বাছাইয়ের এক অর্ধে। ফাইনালের আগে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী কোথায়?
ড্রয়ে উপস্থিত জোকোভিচের নতুন কোচ, ছয়বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন বরিস বেকারও নাদালের অর্ধটাকে কঠিন মানছেন, ‘এটা একেবারেই নিশ্চিত, এই অর্ধটারই ভার বেশি।’
মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস নিজের অর্ধে পেয়েছেন লি না ও ২০১১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরকে। গত দুবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা পড়েছেন অন্য অর্ধে। সেরেনার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কিশোরী অ্যাশলি বার্টি।
প্রথম রাউন্ডে নাদালের সামনেও এক অস্ট্রেলীয়, বার্নার্ড টমিক। ড্রতে নাদালের প্রতিপক্ষ হিসেবে টমিকের নাম উঠতেই উপস্থিত অস্ট্রেলীয় সংবাদকর্মী ও সমর্থকদের মধ্যে চাপা গুঞ্জন ওঠে। টুর্নামেন্টের পরিচালক ক্রেগ টিলি তো বলেই ফেললেন তিনি চেয়ার থেকে পড়ে যাচ্ছেন। তবে বেকার কিন্তু ম্যাচটাকে নাদালের জন্য কঠিনই দেখছেন, ‘অবশ্যই এটা প্রথম রাউন্ডের কঠিনতম ম্যাচ। স্বাগতিকদের সমর্থন থাকবে টমিকের দিকে, তা ছাড়া অস্ট্রেলিয়ায় সে ভালো খেলে।’
গতবার অস্ট্রেলিয়ার ওপেন খেলতে না-পারা নাদাল চোট কাটিয়ে ফেরার পর দুটি গ্র্যান্ড স্লামসহ জিতেছেন ১০টি শিরোপা। জোকোভিচকে হটিয়ে এক নম্বর স্থানটাও দখলে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড। সবকিছু ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে দেল পোত্রোকে পাবেন নাদাল। শেষ আটে মুখোমুখি হয়ে যেতে পারেন মারে ও ফেদেরার। এএফপি।