এক আইরিশ হানাদার
যেন আকাশ ছোঁবেন। এত লম্বা। সাত ফুটের কাছাকাছি। ট্রেন্ট জনস্টন অবশ্য নিজেকে ‘ক্ষুদ্র’ মানুষই ভাবেন। ক্রিকেট ইতিহাসের পাতায় কত রথী-মহারথী আছেন। তিনি তো ‘ক্ষুদ্র’ই। কিন্তু আয়ারল্যান্ডের ক্রিকেটে তাঁর অবদান ক্যারিবীয় ক্রিকেটে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের মতো কিংবদন্তিদের সমতুল্য।গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়টা এনেছিলেন ছক্কা মেরে। ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটনের নায়কের মুখে আজও সেই স্মৃতি জ্বলজ্বলে।‘হ্যাঁ, হ্যাঁ, আমিই ছক্কা মেরে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডকে এনে দিই ঐতিহাসিক সেই জয়। সেদিন আইরিশদের জীবনে এসেছিল আনন্দের বন্যা। ক্যারিবিয়ান স্মৃতিটা আজও অমলিন’—মিরপুর ইনডোরে কাল অনুশীলনের ফাঁকে চার বছর আগে ফিরে যান ৩৬ পেরোনো পোড় খাওয়া ‘আইরিশ যোদ্ধা’।গত বিশ্বকাপে বাংলাদেশও ধরাশায়ী হয়েছিল আয়ারল্যান্ডের কাছে। প্রতিদিন ডায়েরিতে সব লিখে রাখতেন আয়ারল্যান্ডের সেই দলের অধিনায়ক। দেশে ফিরেই এক সাংবাদিক বন্ধুর আহ্বানে সেই দিনলিপি নিয়ে বই লিখেছেন...রেইডার্স অব দ্য ক্যারিবিয়ানস, ক্যারিবিয়ানের হানাদার বাহিনী। ‘হ্যাঁ, জীবনে এই অভিজ্ঞতাটাও (বই লেখার) হলো...’ জনস্টনের মুখে হাসির রেখা। টাকা-পয়সা পেয়েছেন? রসিকতা বুঝেও ডানহাতি ব্যাটসম্যান আর ডানহাতি মিডিয়াম পেসারের প্রতিবাদ, ‘নো, নো, নো মানি ইয়েট। টাকার জন্য বই লিখিনি। ক্যারিবিয়ান বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার মধুর স্মৃতিটাই শুধু তুলে আনতে চেয়েছি বইয়ে।’প্রসঙ্গ পাল্টায়। জনসন ফেরেন বাস্তবতার জমিনে। এবার চোয়াল শক্ত তাঁর, ‘বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচে ইতিহাসের পুনর্মঞ্চায়ন চাই। টসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা সত্যি, ৩০ হাজার দর্শকের সামনে বাংলাদেশকে হারানো কঠিন।’জম্ম সিডনিতে। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। মার্ক টেলর, মাইকেল বেভান, মাইকেল স্ল্যাটার, মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রাদের সঙ্গে...নামও বলে যান এক নিঃশ্বাসে। সেই সতীর্থরা ক্রিকেট আকাশের বড় তারা। আর তিনি? ভাবলে খারাপ লাগে না? এখানে পেশাদারির বর্মে ঢুকিয়ে ফেলেন নিজেকে, ‘খারাপ লাগে না। জীবনে যা পেয়েছি, আমি খুশি। আয়ারল্যান্ডের হয়ে খেলতে পেরে আমি গর্বিত।’৪৭ ওয়ানডেতে ২১.২৩ গড়ে ৫৫২ রান। বলার মতো কিছু নয়। তবে চারটি বিশ্বকাপ খেলার সুযোগ, গত আইসিসি ট্রফিতে কানাডার বিপক্ষে ১১ রানে ৫ উইকেট পাওয়ার সুখস্মৃতি, ২০০৯ সালে নন-টেস্ট প্লেয়িং দেশগুলোর ‘অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাফিলিয়েট প্লেয়ার্স অব দ্য ইয়ার’ হওয়া, ২০০৫ সালে অধিনায়ক হিসেবে কেনিয়া সফরে কেনিয়ার বিপক্ষে জয়—বর্তমানে রেলওয়ে ইউনিয়ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ক্রিকেটারের কাছে এগুলো একেকটি হীরক খণ্ড।আরেক ‘কীর্তি’ও কম নয়। ২০০৭ সালে ‘ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফি’তে হ্যাটট্রিক করেছেন গ্লুস্টারশায়ারের বিপক্ষে। এটি আইরিশ ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক, রেকর্ডপত্র বলছে, প্রথমটি সেই ১৮৭৭ সালে! ‘প্রথমে কট বিহাইন্ড, এরপর এলবিডব্লু, সতীর্থরা এসে বলল, চেষ্টা করো, হ্যাটট্রিক হতে পারে। তৃতীয় বলটায় মিডল স্টাম্প নেই! হা..হা..হা’—অনুশীলনে ফেরার আগে খুব মজা করে বলে গেলেন এই বিশ্বকাপে আয়ারল্যান্ডের অভিজ্ঞতম সদস্য।একটু পর সিরিয়াস কথায় ঢুকে পড়েন, ‘৬ মার্চ ব্যাঙ্গালোরে টেন্ডুলকারের বিপক্ষে বল করতে অধীর অপেক্ষায় আছি। সে এই সময়ের সেরা ব্যাটসম্যান।’ বেসরকারি একটি কোম্পানির মালিক আইরিশ স্ত্রী দুই সন্তান নিয়ে সেদিন গ্যালারিতে থাকবেন। স্বামীর ক্রিকেট-জীবনে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, স্ত্রী না এসে পারেন!আয়ারল্যান্ড হয়তো একদিন টেস্ট খেলবে। জনস্টন তত দিনে খেলা ছাড়বেন। আর কেবল বছর খানেক খেলার ইচ্ছা রাখেন। টেস্ট না খেলতে পারার অতৃপ্তি অস্ট্রেলিয়ান রক্তের এই ক্রিকেটারকে পোড়াবেই। টেলর, লিদের টিমমেটের ওই আক্ষেপটা তো থাকারই কথা।