এক আর দুইয়ের লড়াই
খেয়াল করেছেন নিশ্চয়ই। কিছুদিন ধরেই তো ‘টেন স্পোর্টস’ সাড়ম্বরে প্রচার করছে বিজ্ঞাপনটি। পেছনে দামামার বাজনা। দক্ষিণ আফ্রিকানরা বেশ গম্ভীর স্বরে জানান দিচ্ছে: উই আর ওয়েটিং। পর্দায় ভেসে আসছে আঁকাবাঁকা অক্ষরে লেখা একটা লাইন: ইন্ডিয়া’স ফাইনাল ফ্রন্টিয়ার।কেমন জানি একটা যুদ্ধ-যুদ্ধ ভাব। তারই ছোঁয়া যেন লেগেছে দক্ষিণ আফ্রিকার পথেঘাটে, পানশালায়, রেডিওতেও। আজ সেই আবহ নেমে আসছে মাঠে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হচ্ছে তিন টেস্ট সিরিজের প্রথমটি। শুরু হচ্ছে ভারতের অজেয় রণভূমি জয়ের লড়াই। নিজেদের এক নম্বরের যোগ্যতা প্রমাণের পালা।এমন একটা সিরিজের জন্য অপেক্ষাটা শুধু ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার নয়, অপেক্ষা টেস্ট ক্রিকেটেরও। গত ১০টি টেস্ট ম্যাচের আটটি নিষ্ফলা ড্র—পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, ভারত-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের টানা তিনটি সিরিজই যখন বাজে বিজ্ঞাপন হয়ে রইল টেস্ট ক্রিকেটের জন্য, অ্যাশেজের উত্তাপের মাঝখানে সুখবর হয়ে শুরু হচ্ছে টেস্ট র্যাঙ্কিংয়ের এক আর দুইয়ের লড়াই।ভারত এবং দক্ষিণ আফ্রিকা অবশ্য দাবি করতে পারে, উত্তেজনার দিক দিয়ে অ্যাশেজকেও ছাপিয়ে যাবে এই দ্বৈরথ। এখানে যে লড়াইটা পতনোন্মুখ একটা দলের সঙ্গে উজ্জীবিত এক দলের নয়। দুই মল্লবীরই এখানে শক্ত-সমর্থ। শঙ্কা কেবল সেঞ্চুরিয়নের মেঘলা আকাশ নিয়ে। এমনিতে লড়াইটা হবে সেয়ানে-সেয়ানে।ওপেনিংয়ে শেবাগ-গম্ভীর আছে। গ্রায়েম স্মিথের সঙ্গে সেখানে আছেন ভারতের বিপক্ষেই অভিষেকে সেঞ্চুরি করা আলভিরো পিটারসেন। তিনে ফর্মে ফেরা রাহুল দ্রাবিড় আছেন তো দক্ষিণ আফ্রিকার আছে জীবনের সেরা ফর্মে থাকা হাশিম আমলা। টেন্ডুলকার-লক্ষ্মণের জবাব হয়ে আছেন ক্যালিস-ডি ভিলিয়ার্স। ভারত স্পিনে এগিয়ে তো স্বাগতিকেরা তৈরি ডেল স্টেইনের দানবগতি নিয়ে।সমানে সমান। তার পরও পাল্লা একটু এদিক-ওদিক তো হয়ই। দক্ষিণ আফ্রিকা যেমন মনে করিয়ে দিতে চাইবে তাদের ডেরায় এসে ভারত কীভাবে হোঁচট খায় বারবার। দক্ষিণ আফ্রিকায় ১২ টেস্টের মাত্র একটি জিতেছে ভারত, ২০০৬ সালে জোহানেসবার্গে। ওই সিরিজেই ডারবান আর কেপটাউনে জিতে ভারতের সিরিজ জয়ের আশা গুঁড়িয়ে দিয়েছিল স্মিথের দল।দক্ষিণ আফ্রিকার পেস-বান্ধব কন্ডিশনেও যুঁজতে দেখা গেছে ভারতের ব্যাটসম্যানদের। ৫৭ ক্যারিয়ার গড়ের টেন্ডুলকারের গড় এখানে ৪০। দ্রাবিড়ের ৫৩ গড় এখানে নেমে আসে ৩৪-এ। শেবাগ তো আরও শোচনীয়। গড় ২৬। তবে এবার ভারত নিয়ে এসেছে অন্য এক ‘অস্ত্র’। যে অস্ত্র মাঠে না নেমেও গড়ে দিতে পারে ব্যবধান। অস্ত্রের নাম গ্যারি কারস্টেন।ভারতের এই দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে অধিনায়ক ধোনির রসায়ন কতটা দুর্দান্ত, সেটি নতুন করে বলার কিছু নেই। কারস্টেন এরই মধ্যে দলের ওপর থেকে চাপের মেঘ সরিয়ে নিয়েছেন এই বলে, এক নম্বরের যোগ্যতা প্রমাণের কোনো তাগিদ ভারতের নেই। কারস্টেনও তো ভালো করেই জানেন, ১৯৯২ সালে টেস্ট ক্রিকেটে ফিরে আসার পর নিজেদের মাটিতে ৩১টি সিরিজের মাত্র পাঁচটি হেরেছে প্রোটিয়ারা।সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট আয়োজনের সময় দক্ষিণ আফ্রিকান বোর্ডের কর্তাব্যক্তিরা এ মাঠের সঙ্গে দলের সুসম্পর্কের ব্যাপারটিও হয়তো মাথায় রেখেছেন। এ মাঠে গত ১০ টেস্টে অপরাজিত দক্ষিণ আফ্রিকা, জিতেছে আটটিতেই। ওয়েবসাইট।