এক আসরেই বাইল্সের চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলগত ও ব্যক্তিগত অল-অ্যারাউন্ডের সোনা জিতেছেন আরও আগেই। গত রোববার সোনা জিতেছেন ভল্টেও। বাকি ছিল বিম ও ফ্লোর—এই দুটি ইভেন্ট। জিতলেই এক অলিম্পিকে পাঁচটি সোনা জেতা জিমন্যাস্ট হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতেন সিমোন বাইল্স। কিন্তু পারলেন না জিমন্যাস্টিকসের ‘সিনডারেলা’। ব্যালেন্স বিমে পিছলে পড়ে সোনা হারিয়েছেন বাইল্স। জিতেছেন ব্রোঞ্জ। এই ইভেন্টে সোনা জিতে নিয়েছেন হল্যান্ডের সানে ভেভার্স।
এক গেমসে চারটি করে সোনা জয়ের রেকর্ড আছে শুধু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (১৯৫৬), চেকের ভেরা কাসালাভস্কা (১৯৬৮) ও রোমানিয়ার ইকাতেরিনা জাবোর (১৯৮৪)। বাইল্সের পক্ষে তাঁদের ছাড়িয়ে যাওয়া সম্ভব না হলেও নিজের শেষ ইভেন্টে সোনা জিতে ছুঁয়ে ফেলেছেন তাঁদের।
বিমে সোনার পদক হারানোর পর বাইল্সকে অবশ্য খুব একটা হতাশ মনে হয়নি। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাঁচটি সোনা আমার চেয়ে আপনারাই বোধ হয় বেশি চাইছিলেন। আমি তো শুধু চেয়েছি যেভাবে অনুশীলন করেছি, এখানে যেন সেভাবে সেরাটা দিতে পারি।’ ব্যালেন্স বিমে পিছলে যাওয়াটাও মানবিক ভুল হিসেবেই দেখছেন, ‘আপনি যত বড় চ্যাম্পিয়নই হন, মানুষ হলে ভুল হতেই পারে।’
অবশ্য তাঁর কোচ আইমি বোরম্যান তারপরও ছাত্রীর পারফরম্যান্সে মুগ্ধ, ‘পিছলে পড়েও সে যেভাবে সামলে নিয়েছে, সেটি শুধু ওর পক্ষেই সম্ভব। অতিমানবী না হলে এটা সম্ভব নয়।’
রিওতে আর তাঁর একটাই ইভেন্ট বাকি—ফ্লোর এক্সারসাইজ। সর্বশেষ খবর, এই ইভেন্টে গতকাল সোনা জিতেছেন বাইল্স। এর মধ্য দিয়ে এক আসরে চারটি সোনা জয়ের লারিসা লাতিনিনা, ভেরা কাসালাভস্কা ও ইকাতেরিনা জাবোর রেকর্ড ছুঁয়ে ফেললেন বাইল্স। এএফপি, রয়টার্স।