এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের
চট্টগ্রামে সাত বছর আগে গড়া নিজেদের রেকর্ড আজ শুক্রবার ভেঙেছে বাংলাদেশ। এত দিন টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৮৮ রান। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিল রেকর্ডটি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে চতুর্থ দিনের খেলায় আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।৫৫৬ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। এর আগে, ৪ উইকেটে ৫২৭ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের স্বস্তি দেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ছাপিয়ে ২৯ রানের লিড নেয় মুশফিকুর রহিমের দল। ৪ উইকেটে ৪৫৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ৩৩ রানে অপরাজিত থাকা নাসির হোসেন অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি। আউট হন টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৬ রানে। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ফেরেন ৬২ রানে।দলীয় ৪৮৯ রানে মাহমুদউল্লাহ-নাসিরের ১২১ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। নারাইনের একই ওভারে বোল্ড হন অভিষেক টেস্ট খেলা সোহাগ গাজী (৪)। দলের এ অবস্থায় এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন নাসির, সফলও হয়েছেন। তবে শেষ পর্যন্ত একটা আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাঁকে—মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ।জুনায়েদ সিদ্দিকী (৭) ছাড়া বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের সব ব্যাটসম্যানই ভালো খেলেছেন। গতকাল নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির দেখা পান নাঈম ইসলাম (১০৮)। সাকিব আল হাসান সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পারেননি। আউট হন ব্যক্তিগত ৮৯ রানে। এ ছাড়া তামিম ইকবাল ৭২, মুশফিকুর রহিম ৪৩ ও শাহরিয়ার নাফীস ৩১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নারাইন ও রামপল প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন।