এক ও একের লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবিড় মনোযোগে কাল অনুশীলনে ব্যাট পরখ করে দেখছিলেন কুমার সাঙ্গাকারা। নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে আজ ইংল্যান্ডের সঙ্গে হাসবে কি এই ব্যাট?  এএফপি
নিবিড় মনোযোগে কাল অনুশীলনে ব্যাট পরখ করে দেখছিলেন কুমার সাঙ্গাকারা। নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে আজ ইংল্যান্ডের সঙ্গে হাসবে কি এই ব্যাট? এএফপি

উইকেট দেখে হাঁটতে হাঁটতে থমকে গেলেন ফ্যাফ ডু প্লেসিস। পাশে দাঁড়ানো বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের দিকে তাকিয়ে হাসলেন। তাঁর বিস্মিত ভাবটা পড়ে ফেলতে সমস্যা হলো না দূর থেকেও!
গতকাল সকালে লঙ্কানরা যখন অনুশীলন করছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, দক্ষিণ আফ্রিকানরা অনুশীলনে তখন এমএ আজিজ স্টেডিয়ামে। অনুশীলন শেষে ডু প্লেসিস তবু ঠিকই হাজির জহুর আহমেদে। সেটা শুধু সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষমাণ সাংবাদিকদের কষ্ট কমাতেই নয়, উইকেটে একটু চোখ বুলিয়ে নেওয়াও ছিল উদ্দেশ্য। তো চোখ বুলিয়ে চোখ হয়ে গেল চড়কগাছ। উইকেটে যে ঘাস!
ঘাস মানে অবশ্যই অকল্যান্ড-ডানেডিনের মতো নয়। কেবল সবুজের ছোঁয়া। তবে মন্থর উইকেটের জন্য পরিচিত চট্টগ্রামে এটুকুই বা কম কী! বল সুইং-টুইং করবে না বেশি, তবে মন্থর হবে না উইকেট। বল ব্যাটে আসবে দারুণভাবে। সংবাদ সম্মেলনে তাই আনন্দময় বিস্ময়টা লুকালেন না ডু প্লেসিস। যদিও প্রোটিয়া অধিনায়কের সুখবরের শেষ ওখানেই। হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি নিজে আর দলের মূল অস্ত্র ডেল স্টেইনের খেলা অনিশ্চিত। আজ ম্যাচের আগে ফিটনেস টেস্টের পর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দুজনের একজনও খেলতে না পারলে সেই ধাক্কা সামাল দেওয়া কঠিন হবে দক্ষিণ আফ্রিকার।
দুই দলের খেলা চার টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ৩-১-এ। সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কায় গিয়েই হারিয়ে এসেছে লঙ্কানদের। তার পরও আজ পরিষ্কার ফেবারিট শ্রীলঙ্কা। শক্তি-সামর্থ্য, কন্ডিশন আর নানা বাস্তবতায় টুর্নামেন্টেরই অন্যতম ফেবারিট শ্রীলঙ্কা। আর দক্ষিণ আফ্রিকা তো বাংলাদেশে এসেই নিজেদের ‘আন্ডারডগ’ মেনে নিয়েছে!
কাগজে-কলমে যদিও যথেষ্ট ভয়ংকর ব্যাটিং লাইনআপ দক্ষিণ আফ্রিকার। ডি কক-আমলা-ডি ভিলিয়ার্স-মিলার-ডুমিনিদের যেকোনো দুজন জ্বলে উঠলেই দল পেতে পারে বড় স্কোর। স্টেইন খেললে তো যেকোনো কন্ডিশনেই গড়ে দিতে পারেন পার্থক্য, উইকেটে বাউন্স মেলার ইঙ্গিতটা সত্যি হলে কার্যকর হতে পারেন মরনে মরকেলও। স্পিনে অনেকটা এগিয়ে শ্রীলঙ্কা। অজন্তা মেন্ডিস, সাচিত্রা সেনানায়েকে তো আছেনই, প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছেন অভিজ্ঞ রঙ্গনা হেরাথও। স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করার ইঙ্গিত দিয়ে রাখলেন কাল দিনেশ চান্ডিমাল।
বাংলাদেশ সিরিজ ও এশিয়া কাপ জিতে চনমনে শ্রীলঙ্কা গত কয়েক দিনে খবরের শিরোনাম মাঠের বাইরের নানা ঘটনায়। ইতিহাস বলছে, বিতর্ক সব সময়ই তাতিয়ে দেয় জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের। তার পরও খেলাটা যখন টি-টোয়েন্টি, শেষ কথা না বলাই নিরাপদ। কে জানে, টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে টি-টোয়েন্টির এক নম্বর দলকে হারিয়েও দিতে পারে টেস্টের এক নম্বর দল!
শ্রীলঙ্কা-দ. আফ্রিকা
মোট শ্রীলঙ্কা দ. আফ্রিকা
মোট ৪ ১ ৩
বিশ্বকাপে ১ ০ ১