এক ও তিনে
এক দিনে দু-দুটি সুখবর পেলেন সালমা খাতুন। বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের অধিনায়ক জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মেয়েদের সেরা একাদশে। টুর্নামেন্টে ৮ উইকেট, দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অফ স্পিনার উঠে এসেছেন টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে।
সালমা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন তিনে।
ছেলেদের বিভাগে ব্যাটিং-বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। ৬ ম্যাচে ৩১৯ রান, ম্যান অব দ্য টুর্নামেন্ট বিরাট কোহলি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা দুইয়ে। বোলিংয়ে দুইয়ে বদ্রির সতীর্থ সুনীল নারাইন। সেরা অলরাউন্ডার পাকিস্তানের বিদায়ী অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন এর পরই।
পরিবর্তন এসেছে দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপই শুধু জেতেনি শ্রীলঙ্কা, পুনরুদ্ধার করেছেন র্যাঙ্কিং শ্রেষ্ঠত্বও। টুর্নামেন্টের সুপার টেনেই লঙ্কানদের টপকে ১ নম্বরে উঠেছিল ভারতীয়রা। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।