এক ওভারে ৪০ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ওভারে ৪০ লাখ! জেনে চোখ কপালে উঠতে পারে, এক ওভারে ১৪ বা তার বেশি রান দেওয়ার জন্য শ্রীশান্তকে দেওয়ার কথা ছিল ৪০ লাখ রুপি! কাল দুপুরে সংবাদ সম্মেলনে দিল্লির পুলিশ কমিশনার নিরজ কুমার এমন চাঞ্চল্যকর সব তথ্যসহ জানালেন কীভাবে স্পট ফিক্সিংয়ে জড়ালেন তিন ক্রিকেটার, কীভাবে তাঁদের ধরা হলো। পুলিশ কমিশনারের বিবৃতির উল্লেখযোগ্য অংশ তুলে দেওয়া হলো তাঁর মুখেই—

‘স্পট ফিক্সিংয়ের প্রক্রিয়াটা ছিল এমন: জুয়াড়িদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি হয়েছিল, একটি নির্দিষ্ট ওভারে তাঁরা এত রান দেবেন বা কমপক্ষে এত রান দেবেন। তবে ওই নির্দিষ্ট ওভারের আগে কোনো একটি সংকেত দিতে হবে, যাতে জুয়াড়িরা বুঝতে পারেন। সেটা হতে পারে হাতঘড়ি ধরে ঘোরানো, রুমাল বা তোয়ালে বের করা, মাঠে হঠাৎ কিছুক্ষণ বসে থাকা। এটাও বলা ছিল, সংকেত দেওয়ার পর জুয়াড়িদের নিজেদের মধ্যে আলোচনার জন্য কিছু সময় প্রয়োজন। এ জন্য ওভার ধীরগতিতে শুরু ও শেষ করতে বলা হয়েছিল।

‘প্রথম ঘটনা ঘটে ৫ মে, পুনে-রাজস্থান ম্যাচে। ওই ম্যাচে চান্ডিলা নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান দেন। জুয়াড়ি অমিতের সঙ্গে চান্ডিলার ফোনালাপ রেকর্ড করা আছে আমাদের কাছে। চান্ডিলা জুয়াড়িকে বলেছিলেন কোন সংকেতটা দেবেন, “আমি আমার শার্ট তুলব, এরপর আকাশের দিকে তাকাব।” আর জুয়াড়ি অমিত বলেছিলেন, “প্রথম ওভারটা আত্মবিশ্বাস নিয়ে ভালোভাবে করবে, পরের ওভারটা করবে আমাদের জন্য।” চান্ডিলা কথামতো ১৪ রান দিলেও ওভারের আগে সংকেত দিতে ভুলে যান। পরে ম্যাচ শেষে টাকা ফেরত চান ওই জুয়াড়ি। কারণ, চান্ডিলাকে অগ্রিম ২০ লাখ রুপি দেওয়া হয়েছিল।

‘দ্বিতীয় ঘটনা ৯ মে রাজস্থান-পাঞ্জাব ম্যাচে। ঠিক হয়েছিল নিজের দ্বিতীয় ওভার করার আগে ট্রাউজারের ওপর তোয়ালে রাখবেন শ্রীশান্ত। এরপর ওভারটা শেষ করতে অনেকটা সময় নেবেন, যাতে জুয়াড়িরা যথেষ্ট আয়ের ব্যবস্থা করতে পারেন। সত্যিই দেখা গেছে, ওভারের আগে তোয়ালে চেয়ে নিয়েছেন শ্রীশান্ত, এরপর স্ট্রেচিং করাসহ গা-গরমে অনেকটা সময় নিয়েছেন। জুয়াড়ি জিজু তখন ফোনে আরেক জুয়াড়িকে বলছিলেন, ওভারে ১৪ বা এর বেশি রান দেবেন শ্রীশান্ত। কিন্তু তিনটি বাউন্ডারি হজম করার পরও ওভার থেকে আসে ১৩ রান। তবে এর পরও ওই ওভার থেকে কোটি কোটি টাকা আয় হয়েছে বুকিদের। কারণ, সতর্কতার কারণে অনেক সময়ই তাঁরা এক-দুই রান কম-বেশি বলে থাকেন ক্রিকেটারদের! এই জিজুর সঙ্গে একসময় ক্লাব পর্যায়ে খেলেছেন শ্রীশান্ত। জুয়াড়িদের সঙ্গে শ্রীশান্তের যোগসূত্রও জিজু।

‘তৃতীয় ঘটনা কাল (পরশু) রাজস্থান-মুম্বাই ম্যাচে। চান্ডিলা না খেললেও কাজ করেছেন অনুঘটক হিসেবে, অঙ্কিত চাভান ও জুয়াড়িদের যোগসূত্র ছিলেন তিনিই। ৬০ লাখ রুপি ছিল চান্ডিলার সঙ্গে...চাভানকে বলা হয়েছিল দ্বিতীয় ওভারে কমপক্ষে ১৩ রান দিতে। প্রথম ওভারে মাত্র ২ রান দিলেও পরের ওভারে প্রথম তিন বলেই ১৪ রান দেন চাভান। পরের তিন বলে লাইন-লেংথ ঠিক রেখে দেন মাত্র ১ রান। সারা দিন চান্ডিলা চাভানকে বুঝিয়েছেন স্পট ফিক্সিংয়ে রাজি হতে। “১৩ রান অনেক বেশি” বলে শুরুতে রাজি হননি চাভান, কিন্তু চান্ডিলা একপর্যায়ে রাজি করিয়ে ফেলেন। ওভারে চাভানের সংকেত ছিল হাতের কবজি ঘোরানো। ওই ওভারের পর চান্ডিলা মনন নামের এক জুয়াড়িকে বলেন, “এবার খুশি?” জুয়াড়ির উত্তর, “হ্যাঁ।” চান্ডিলা বলেন টাকাটা সরাসরি চাভানকে না দিয়ে তাঁর মাধ্যমে দিতে। ওয়েবসাইট।

‘আমরা আগে থেকেই জেনেছিলাম, মুম্বাইয়ের অপরাধজগৎ অনেক জুয়াড়ির মাধ্যমে স্পট ফিক্সিং করায় এবং তাতে ক্রিকেটাররাও জড়িত। আমরা সন্দেহভাজনদের ওপর কড়া নজর রাখছিলাম। এই তিন ক্রিকেটারের সম্পৃক্ততা বুঝতে পারার পর থেকে আমরা উপযুক্ত প্রমাণের অপেক্ষায় ছিলাম। সংকেতগুলো খেয়াল রাখার জন্য পুলিশের দল প্রতিটি ম্যাচেই ছিল মাঠে। প্রমাণ নিশ্চিত হওয়ার পর কাল রাতে নির্দেশনা পেয়ে আমরা ক্রিকেটারদের গ্রেপ্তার করি।

‘কাকতালীয়ভাবে এবার তিনজনই একটি দলের হয়ে গেছেন। তবে আমরা নিশ্চিত নই, অন্য দলের আরও অনেকেই জড়িত কি না। কিছু ক্রিকেটারের ওপর আগে থেকেই জুয়াড়িদের লক্ষ্য থাকে। এটির সঙ্গে আরও অনেক বড় চক্র জড়িত, বিদেশি যোগসূত্রও আছে। সব আমরা এখনই ফাঁস করতে চাই না।’