এক ওভারে ৫ উইকেট!
‘পারফেকশন’ যেকোনো ক্রীড়াবিদেরই স্বপ্ন। কিন্তু এর দেখা খুব কম জনই পান। সাবেক জিমন্যাস্ট নাদিয়া কোমানেচির ‘পারফেক্ট টেন’ যেমন আজও আলোচিত। কাল এমনই এক ‘পারফেকশনের’ একদম কাছাকাছি চলে গিয়েছিলেন নিল ওয়াগনার। অল্পের জন্য হয়নি। তবে যা হয়েছে, তাতেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের পেসার কাল এক ওভারে নিয়েছেন ৫ উইকেট! সেটিও দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে এই প্রথম এক ওভারে ৫ উইকেট নিলেন কোনো বোলার।ফার্স্ট ক্লাস ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এই কৃতিত্ব এর আগে মাত্র চারজনের ছিল। ১৯৩৭ সালে বিল কপসন, ১৯৩৮ সালে উইলিয়াম হেন্ডারসন, ১৯৭২ সালে প্যাট পোকক এবং সর্বশেষ ২০০৪ সালে ইয়াসির আরাফাতের। পাকিস্তানি এই অলরাউন্ডার অবশ্য টানা ছয় বলে ৫ উইকেট নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে। মাঝখানে একটি নো বল ছেদ টেনেছিল তাঁর উইকেট পাওয়ার ধারায়।কাল পঞ্চম বোলার হিসেবে সেই রেকর্ডের পাতায় নাম লেখালেন ওয়াগনার। প্লাঙ্কেট শিল্ডে ওয়েলিংটন-ওটাগো ম্যাচের তৃতীয় দিন ছিল কাল। ওটাগোর ৪৪১ রানের জবাবে লাঞ্চের এক ওভার আগেও ওয়েলিংটনের রান ছিল ৪ উইকেটে ১৩৬। সেই দলটাই লাঞ্চ করতে গেল ৯ উইকেটে ১৩৬ রান নিয়ে! সেই সময়ই যে ওয়াগনারের এক ওভারে সেই ঝড়!প্রথম বলে ক্যাচ দিলেন ৭৭ রান করা স্টুয়ার্ট রোডস, পরের তিন বলে টানা বোল্ড জাস্টিন অস্টিন-স্মেলি, জিতান প্যাটেল ও ইলি টুগাগা। একটা বল কোনো রকমে ঠেকিয়েছেন মার্ক গিলেস্পি। তবে শেষ বলে পারেননি, তিনিও বোল্ড। লাঞ্চের পর ফিরে শেষ উইকেটটিও নিয়েছেন বাঁহাতি পেসার ওয়াগনার। সব মিলে প্রথম ইনিংসে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও মাত্র ৫ ওভার বোলিং করে নিয়েছেন ৩ উইকেট।এমন পারফরম্যান্সের পরও অবশ্য ওয়াগনারকে খুব শিগগির নিউজিল্যান্ড দলে দেখার সম্ভাবনা নেই। জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান ওয়াগনার এখনো নিউজিল্যান্ডের নাগরিকত্ব পাননি। সেটি পেতে তাঁকে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। ওয়েবসাইট।