ইচ্ছে করলেই ছয় শ করতে পারত ইংল্যান্ড, তবে এক কদম দূরেই ইনিংস ঘোষণা করায় একটা দিক থেকে খারাপ হয়নি। টেস্টের এই দীর্ঘ ইতিহাসে ৫৯৯ রানের দলীয় ইনিংস এ নিয়ে দেখা গেল মাত্র তৃতীয়বার। এর আগে যে দুবার এই এক কম ছয় শর স্কোর দেখা গিয়েছিল, সেই দুটো টেস্টেই হয়েছে পাকিস্তানে। কালকের মতো আগের দুবারও ব্যাটিং দলের অধিনায়ক করেছিলেন ইনিংস ঘোষণা। ১৯৯৮ সালে পেশোয়ারে ১৭৪ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ৫৯৯ করেছিল অস্ট্রেলিয়া, অপরাজিত ৩৩৪ করেছিলেন মার্ক টেলর, ১১৬ জাস্টিন ল্যাঙ্গার। ম্যাচটির ফল ড্র। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে পাকিস্তান ৭ উইকেটে ৫৯৯ করেছিল ম্যাচের তৃতীয় ইনিংসে। সেঞ্চুরি করেছিলেন শুধু ফয়সাল ইকবাল, তবে ফিফটি ছিল ছয়টি! ম্যাচের প্রথম ওভারে ইরফান পাঠানের হ্যাটট্রিক, প্রথম ১১ ওভারের ভেতর ৬ উইকেট হারানো পাকিস্তানই শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ৩৪১ রানের বড় ব্যবধানে!