
গোলের ঠিকানা লেখা একটা কর্নারই শেখ জামালের হাতে দ্বিতীয়বারের মতো তুলে দিল ফেডারেশন কাপ। মুক্তিযোদ্ধার যাবতীয় লড়াই বৃথা গেল নর্দে-নাসিরের বিষমাখা এক সেটপিসের যুগলবন্দীতে।
প্রতিদ্বন্দ্বিতার বারুদে ঠাসা ২৮তম ফেডারেশন কাপের বয়স তখন ৮২ মিনিট। ম্যাচ ০-০। কর্নার নিতে গেলেন শেখ জামালের সবচেয়ে বড় তাস সনি নর্দে। তাঁর সঙ্গে চোখের ইশারায় কথা হলো ডিফেন্ডার নাসিরউদ্দিনের। হাইতিয়ান ফরোয়ার্ড বুঝে নিলেন সতীর্থের চাওয়া। ঠিক নাসিরের মাথায় বল ফেললেন। নাসিরের হেড এক ড্রপ খেয়ে জালে।
আহত আমিনুলের জায়গা নেওয়া তরুণ গোলরক্ষক লিটন দারুণ আস্থার প্রতীক হয়ে থাকলেও এই যাত্রায় তাঁর বাঁধেও ফাটল। পারলেন না দলকে বাঁচাতে।
দায়টা লিটনের নয়। কর্নারে সব খেলোয়াড়কেই পাহারায় রাখা অত্যাবশ্যকীয় দায়িত্ব ডিফেন্ডারসহ অন্যদের। কিন্তু এই কাজটা করতে পারেনি মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা। ঢাকার মাঠে একসময় স্ট্রাইকার হিসেবে খেলতেন নাসির, সেনাবাহিনীর চাকরি ছেড়ে যিনি এখন জাতীয় দলেরও নির্ভরযোগ্য ডিফেন্ডার। দলের প্রয়োজনে প্রায়ই কর্নারে হেড নিতে আসেন। কালও নিলেন এবং তাতেই মুক্তিযোদ্ধার স্বপ্নভঙ্গ। প্রতিপক্ষ খেলোয়াড়কে অরক্ষিত রাখার মাশুল গুনল তারা ৮ বছর পর একটা টুর্নামেন্টের ফাইনালে এসে।
তবে মুক্তিযোদ্ধার আক্ষেপ থাকা উচিত নয়। বীরের মতোই যে লড়েছে দলটি।
শেখ জামাল আগের দুটি ম্যাচের মতো অতটা গুছিয়ে খেলতে পারেনি মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে। বলা ভালো, মুক্তিযোদ্ধা খেলতে দেয়নি। তা যতই শেখ জামাল ৪-৩-৩ ছকে প্রাধান্য বিস্তার করে আক্রমণাত্মক খেলতে চাক না কেন। শেখ জামাল নামের টগবগে ঘোড়ার লাগাম কাল মুক্তিযোদ্ধার হাতেই ছিল এই গোলটির আগ পর্যন্ত।
কারণটা পরিষ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই জমাট ফাইনালে সনি নর্দে, ওয়েডনসন, ডার্লিংটন, মামুনুলরা ডাবল মার্কিংয়ে থাকায় সেভাবে জ্বলতে পারেননি। জামালের মাঝমাঠ থেকে স্ট্রাইকার সবাইকেই কড়া মার্কিংয়ে রেখে খেলতে না দেওয়ার কৌশলে মুক্তিযোদ্ধা প্রায় সফলই হতে চলেছিল।
নর্দে তাঁর সহজাত খেলাটা এদিন খেলতে পারেননি। নিজে সুযোগ তৈরি করে গোলমুখে এসে শট নেন সাধারণত, কিন্তু মুক্তিযোদ্ধার জালে আটকে শট খুব একটা নিতে পারেননি পোস্টে। উইংয়ে গিয়েছেন, দু-তিনজনকে ড্রিবল করে হয়তো দারুণভাবে বল ছেড়েছেন। কিন্তু নিজ গোল করার রাস্তা পর্যন্ত যেতে পারেননি, যেটি মুক্তিযোদ্ধার বড় কৃতিত্ব।
এ ম্যাচে মুক্তিযোদ্ধা নিজেদের পছন্দের ৩-৫-২ ছক থেকে সরে এসে খেলে ৪-৪-২-এ। মাঝমাঠ থেকে বিপ্লব এবং বিপুল নেমে আসেন রক্ষণে। প্রয়োজনে আক্রমণেও উঠেছেন। তবে মুক্তির মিডফিল্ডাররা প্রতিপক্ষের মাঝমাঠকে ভোঁতা করতেই বেশি ব্যস্ত ছিলেন। আক্রমণে তাই সেভাবে গুছিয়ে বল জোগান দেওয়া যায়নি। কখনো কখনো তো লম্বা বলে গিয়েছে মুক্তিযোদ্ধা। যেটা এনামুলদের স্বাভাবিক ছন্দ নষ্ট করেছে।
লাভ হয়েছে এতে শেখ জামালেরই। জামাল আগেই ঠিক করে রেখেছিল, নর্দে কড়া পাহারায় থাকলে ডার্লিংটন, ওয়েডসনরা গোল করবেন। নর্দের পেছনে দু-তিনজন লোক থাকায় শেখ জামাল বিল্ডআপ খেলার সুযোগটা তুলনামূলক বেশি পেয়েছে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে মুক্তিযোদ্ধা হুংকার দিচ্ছিল ভালোই। মনে হচ্ছিল, ম্যাচটা যে কারও হতে পারে। স্ট্রাইকার এলিটা কিংসলে ভালো জায়গায় বল পেয়েও মারেন বাইরে, উল্টো পাল্টা-আক্রমণ থেকেই গোল হজম। জামাল সমর্থকেরা ম্যাচের পর ‘শেখ জামাল’, ‘শেখ জামাল’ স্লোগানে মুখরিত করার সুযোগ পেল। নইলে বিপরীত ছবিও দেখা যেতে পারত। মুক্তিযোদ্ধার দলীয় অধিনায়ক মারুফ চোটের কারণে ছিলেন না, থাকলে দলটা আরেকটু শক্তি পেত। তবু পরাক্রমশালী প্রতিপক্ষের কাছ থেকে যতটুকু সম্মান আদায় করেছে মুক্তিযোদ্ধা, সেটিও তো কম নয়।
শীতের সন্ধ্যায় ফাইনালের মতোই এক ফাইনাল। শেষমুহূর্তে ব্যবধানটা গড়ল ওই এক কর্নারই।
শেখ জামাল: জিয়া, নাসির, রায়হান, ইয়াসিন, আবদুল্লাহ, লিংকন, মামুনুল, সোহেল রানা (দিদার), সনি নর্দে, ডার্লিংটন, ওয়েডসন।
মুক্তিযোদ্ধা: লিটন, উত্তম, এলিটা বেঞ্জামিন, জেরার্ড, এনামুল, সাইদুল, বিপুল (জিতু), বিপ্লব, জাহেদ পারভেজ (ইব্রাহিম), এলিটা কিংসলে, এন কে কিংসলে।
রোল অব অনার
চ্যাম্পিয়ন রানার্সআপ
২০০১ মুক্তিযোদ্ধা আরামবাগ
২০০২-০৩ মোহামেডান মুক্তিযোদ্ধা
২০০৩-০৪ মুক্তিযোদ্ধা মোহামেডান
২০০৪-০৫ ব্রাদার্স মুক্তিযোদ্ধা
২০০৮ মোহামেডান আবাহনী
২০০৯ মোহামেডান আবাহনী
২০১০ আবাহনী শেখ জামাল
২০১১ শেখ জামাল বিজেএমসি
২০১২ শেখ রাসেল শেখ জামাল
২০১৩ শেখ জামাল মুক্তিযোদ্ধা
সর্বশেষ ১০ মৌসুম
এক নজরে
ফাইনালের সেরা
ওয়েডসন আসেলম
টুর্নামেন্ট-সেরা
সনি নর্দে
সর্বোচ্চ গোলদাতা
সনি নর্দে (৭ গোল)
ফেয়ার প্লে ট্রফি
বিজেএমসি