এক কলঙ্কিতের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো ফুটবলারদের মুখোমুখি হতে হয় নির্মম সত্যের। ফুটবলারদের কাছে খেলাটা অবশ্যই ধ্যানজ্ঞান, কিন্তু যেখানে জীবন চলে আসে এই দুইয়ের মাঝে, তখন ফুটবলটা হয়ে পড়ে গৌণ। শিয়েভো মিডফিল্ডার সিমোনে বেন্তিভোগলিওকে এখন এ রকম এক কঠিন পরিস্থিতির সঙ্গেই যুঝতে হচ্ছে। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন ১৩ মাসের জন্য। একটা ম্যাচ পাতানোর দায়ে, আর অন্য দু ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও চেপে যাওয়ার জন্য। তবে সাজা পাওয়া বেন্তিভোগলিও লা রিপাবলিকা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ওই মুহূর্তে প্রস্তাবটা প্রকাশ করলে হয়তো তাঁর জীবনটাই চলে যেত। এখন সবার চোখে তিনি ‘দণ্ডপ্রাপ্ত আসামি’। এ ব্যাপারটাই ভীষণ পীড়া দিচ্ছে তাঁকে, ‘আমি ফুটবল ভালোবাসি, তবে নিজের জীবনকে এর চেয়েও বেশি ভালোবাসি। আমি স্বপ্নেও কখনো ম্যাচ ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। আমার চাওয়া, সত্যটা বেরিয়ে আসুক, আর সেটা হলো ইতালিয়ান ফুটবল এখন ভণ্ডামির একটা স্বর্গরাজ্য।’ইতালির ফুটবলে ম্যাচ পাতানোর বীজ বিশাল বিষবৃক্ষ হয়ে শাখাপ্রশাখা বিস্তার করেছে। পুরো এই ব্যাপারটায় স্রেফ ‘পরিস্থিতির শিকার’ বলে দাবি তাঁর, ‘আমি ম্যাচ ছেড়ে দেওয়া কোনো অপরাধী নই। আমাদের ফুটবল কাঠামোটাই এখন কালিমালিপ্ত।’ শাস্তিটাকে তাই চোখ বুজে মেনে নেননি তিনি, আত্মপক্ষ সমর্থনও করেছেন। সেটা না করলে শাস্তির মেয়াদটা আরও বড়ই হতে পারত বলে তাঁর ধারণা, ‘আমি যদি পাল্টা যুক্তি দাঁড় না করাতাম, তবে হয়তো সাড়ে তিন বছর জেল খাটতে হতো। তখন আমার কিছু বলারও সুযোগ থাকত না।’ ম্যাচ পাতানোর খবর প্রকাশ করেননি বলে স্বীকার করেছেন, তবে ম্যাচ পাতানোয় জড়িত থাকার বিষয়টা উড়িয়ে দিয়েছেন। গত বছরের মে মাসে পারমার সঙ্গে ২-১ গোলে হেরে যায় তাঁর দল বারি, সেই ম্যাচের দিকেই উঠেছে অভিযোগের তির। ওই ম্যাচে নাকি টাকার বিনিময়ে হেরে গিয়েছিল তাঁর দল, অথচ ম্যাচে একটা গোলও করেছিলেন তিনি। পুরো ব্যাপারটাকে তাই আবার খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার, ‘ওই ম্যাচে আমি একটা গোল করেছিলাম। কেউ পারলে প্রমাণ করুন, ওই ম্যাচে আমি জেতার জন্য খেলিনি। আমি আর কী করতে পারতাম?’ ওই মে মাসেই লেচ্চের সঙ্গে ও এপ্রিলে সাম্পদোরিয়ার সঙ্গেও ম্যাচ পাতানোর প্রস্তাব নাকি পেয়েছিলেন। তাতে রাজি হননি। কিন্তু হুমকি পেয়েছিলেন, এ নিয়ে মুখ খুললেই প্রাণ যাবে। পুরো সময়টাতে সন্ত্রস্ত ছিলেন শিয়েভোর ফুটবলার। ফুটবলের ওপর থেকেই মন উঠে গেছে বেন্তিভোগলিওর। আর যদি খেলেনও, ইতালিতে না খেলার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। ইন্টারনেট।