এক কিংবদন্তির অভিষেক-মুহূর্ত

জুলাই মাসটা ব্রাজিলীয়রা সব সময় মনে করে বিশেষ এক কারণে। এই মাসেই যে অভিষেক হয়েছিল ব্রাজিলীয় ফুটবল-সম্রাট পেলের। মাত্র ১৬ বছর বয়সে রিও ডি জেনিরোর মারাকানার মঞ্চে পেলে তাঁর অভিষেকের ক্ষণটি স্মরণীয় করে রেখেছেন নিজের ক্যারিশমাতেই। তিনি সেদিন সারা বিশ্বকে শুনিয়েছিলেন এক কিংবদন্তির আগমনবার্তা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচে মারাকানার লাখো দর্শক সেদিন অবাক বিস্ময়ে অবলোকন করেছিল এই ঐশ্বরিক প্রতিভার বর্ণিল ঝলক।
সালটা ১৯৫৭। সময়টা ছিল ব্রাজিলীয় ফুটবলের এক অস্থির সময়। ফুটবলপাগল ব্রাজিলীয়রা তখনো বয়ে বেড়াচ্ছে সাত বছর আগের ‘মারাকানা ট্র্যাজেডি’র বেদনা। ১৯৫০ সালে নিজ মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে সেই দুঃখজনক পরাজয় তখনো তাড়িয়ে বেড়াচ্ছিল ব্রাজিলীয় ফুটবলকে। বিশ্বকাপ জয়ের তীব্র বাসনায় গোটা ব্রাজিল তখন উন্মত্ত। ১৯৫০-এর ক্ষত শুকাতে না শুকাতেই ’৫৪ বিশ্বকাপের সেমিফাইনালে ‘ব্যাটেল অব বার্ন’-এ হাঙ্গেরির কাছে পরাজয় তাদের দুঃখগাথা বাড়িয়ে দিয়েছিল আরও। ’৫৫-তে ব্রাজিলের হয়ে অভিষেক হলো দুরন্ত উইঙ্গার গারিঞ্চার। কিন্তু ব্রাজিলীয়রা যেন তখনো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আরও কার্যকর এক অস্ত্র, যে অস্ত্রে প্রতিশোধ মিলবে পর পর দুটো বিশ্বকাপের জ্বালা-যন্ত্রণার।
’৫৭-এর জুলাইয়ে পেলে নামের ১৬ বছরের ‘অস্ত্র’টি পেয়ে গিয়েছিল ব্রাজিল। জাতীয় দলে অভিষেকের আগে ক্লাব সান্তোসের হয়ে পেলে নজর কেড়েছিলেন সবার। ব্রাজিলের জার্সি গায়ে অভিষেকের ১০ মাস আগে সান্তোসের হয়ে অভিষেকেই হ্যাটট্রিক ছিল তাঁর। সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। বয়সটা ১৬ হলেও আন্তর্জাতিক অঙ্গনে পেলেকে অভিষিক্ত না করানোর কোনো কারণ ওই সময় খুঁজে পাননি ব্রাজিলীয় ফুটবল নির্বাচকেরা।
আগেই বলা হয়েছে, পেলের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা ছিল আর্জেন্টিনার বিপক্ষে। ওই সময় রোকা কাপ নামের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো একে-অন্যের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলত। পেলের অভিষেক ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে প্রথম পর্বের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে পেলে যখন মাঠে নামলেন, তখন মারাকানায় কেউ হাততালি দেয়নি। হাততালি দেবে কি, ১৬ বছরের ওই পুঁচকে ছেলেকে চেনার মতো খুব বেশি মানুষ সেদিন মারাকানায় থাকলে তো।
পেলের অভিষেক-মুহূর্তটির দারুণ এক বর্ণনা দিয়েছিলেন ওই ম্যাচে আর্জেন্টিনার গোলবারের নিচে দাঁড়ানো আমাদেও কারিজো, ‘সত্যি কথা বলতে, পেলেকে আমি সেদিন ভালো করে খেয়ালও করিনি। ছোটখাটো গড়নের কৃষকায় ছেলেটি যে পরবর্তী সময়ে নিজেকে কিংবদন্তিতে পরিণত করবে, সেটা তখন কি আর ভেবেছিলাম! পেলে মাঠে নামার কিছুক্ষণ পরই আর্জেন্টিনার ফুটবলাররা সতর্ক হয়ে গেল। নাহ, অবহেলা করার মতো খেলোয়াড় নয় এই ছেলে।’
কারিজো কিছুক্ষণ পরই বুঝতে পেরেছিলেন ‘কৃষকায়’ ছেলেটি যেমন-তেমন কিছু নয়, ‘ও যেভাবে বল ধরছিল, অন্যকে বল বাড়াচ্ছিল, সুযোগ তৈরি করছিল, তাতে বুঝে গেলাম, ছেলেছি অন্য গ্রহের ফুটবলার। ওই দিনই আমি বুঝতে পেরেছিলাম, ফুটবলের ইতিহাসে ঠাঁই পেতেই এসেছে ছেলেটি।’
কারিজো ঠিকই বুঝতে পেরেছিলেন। আর্জেন্টাইন দল বুঝতে পেরেছিল পেলের পায়ে গোল হজম করে। আন্তর্জাতিক ম্যাচে পেলের অভিষেক গোলটির আগে ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে ছিল ওই ম্যাচে। পেলের গোলটি ছিল বিশ্ব ফুটবলে সবচেয়ে কম বয়সী ফুটবলারের পা থেকে আসা গোল। এই কীর্তিও রেকর্ড বইয়ে অমরত্ব দিয়ে রেখেছে এই কিংবদন্তিকে।
খেলাটিতে শেষ অবধি ব্রাজিল জেতেনি। পেলে সমতাসূচক গোলটি করার কিছুক্ষণ পরই আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। ম্যাচের শেষ বাঁশি বাজার আগমুহূর্ত পর্যন্ত ম্যাচের স্কোর লাইন ছিল ওই ২-১।
খেলার জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি স্মরণীয় পেলের জন্যই। ফুটবল-সম্রাটের সিংহাসনে আরোহণের মুহূর্ত তো স্মরণীয় হবেই। জুলাই মাসও তাই স্মরণীয় ফুটবল কিংবদন্তির অভিষেকের ইতিহাসটি ধারণ করে। (ফুটবল সাময়িকী ‘ফোর ফোর টু’ অবলম্বনে লেখা)