এক কিংবদন্তির আবির্ভাব
১৯৫৪ সালের বিশ্বকাপ প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত হলেও ১৯৫৮ সালের খেলাগুলো টেলিভিশনের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়। সুইডেনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা থেকেই বিশ্বকাপ একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তরিত হয়।১৯৫৮ সালে খেলা টেলিভিশনের পর্দার মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রচারিত হওয়ার কারণেই হয়তো এই বিশ্বকাপেই বিশ্ব ফুটবলের মঞ্চে আবির্ভূত হন এডসন আরান্তেস দো নাসিমেন্তো নামের এক কিংবদন্তি। পেলে নামে পরিচিত এই কিংবদন্তি ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে রেখেছিলেন অনন্য ভূমিকা।এই বিশ্বকাপ আরও একজন কিংবদন্তির কারণে স্মরণীয় হয়ে আছে। ফরাসি তারকা জাস্ট ফন্টেইন এই বিশ্বকাপেই ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তাঁর এই রেকর্ড আজও কারও পক্ষে ভাঙা সম্ভব হয়নি।১৯৫৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বিশ্বব্যাপী রেকর্ডসংখ্যক ৫৫টি দেশ বাছাইপর্বে খেলে। তত্কালীন বিশ্বের অন্যতম পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন সেবারই প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেয়। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার জন্য বাছাইপর্ব পেরোয়।অঘটন দিয়েই শুরু হয় ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ। প্রথমবারের মতো খেলতে আসা উত্তর আয়ারল্যান্ড প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই চেকোস্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে সবাইকে অবাক করে দেয়। ফরম্যাট অনেকটাই ১৯৫৪ সালের বিশ্বকাপের মতো হলেও গ্রুপে পয়েন্ট সমান হয়ে গেলে কোয়ার্টার ফাইনালের দল নির্বাচনের জন্য দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল দুটির মধ্যে স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় বিজয়ীই কেবল গ্রুপের প্রথম স্থান অর্জনকারী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই স্থান নির্ধারণী ম্যাচেই পুনরায় নবিশ দল উত্তর আয়ারল্যান্ডের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় চেকোস্লোভাকিয়া।আগেই বলা হয়েছে, এই বিশ্বকাপটি ছিল পেলের কিংবদন্তি হওয়ার প্রথম ধাপ। সুইডেনেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে পেলে সবার হূদয় জয় করে নেন। ১৭ বছর বয়সী এই ফুটবলারের ব্যক্তিগত দক্ষতা বিশ্ব ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখে একজন ফুটবলার এই খেলাটিকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে।পেলের কথা বললে স্বয়ংক্রিয়ভাবেই এসে পড়ে জাস্ট ফন্টেইনের কথা। মরক্কোতে জন্ম নেওয়া এই স্ট্রাইকার তাঁর গোল করার দুর্ধর্ষ ক্ষমতার সঙ্গে পরিচয় করিয়ে দেন বিশ্ববাসীকে। অথচ এই খেলোয়াড়টিকে প্রথমে ফ্রান্স তাদের প্রাথমিক দলেও রাখার প্রয়োজন মনে করেনি। ফ্রান্সের মূল দলের খেলোয়াড় রেনে ব্লিয়ার্ড বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আঘাত পেলে ফন্টেইনকে জরুরি ভিত্তিতে সুইডেনে ডেকে আনা হয়। প্রথম ম্যাচে খেলতে নেমেই তিনি হ্যাটট্রিক করেন। ফ্রান্স ৭-৩ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে। বিশ্বকাপের তৃতীয় স্থাননির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে ফন্টেইন ৪ গোল করে ইতিহাস সৃষ্টি করেন।ব্রাজিল এই বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪-২-৪ পদ্ধতিতে নতুন ধরনের ফুটবল খেলা শুরু করে—এই পদ্ধতিতে চারজন রক্ষণভাগের খেলোয়াড়, দুজন মাঝ মাঠের খেলোয়াড় ও চারজন আক্রমণভাগের খেলোয়াড়ের সমন্বয় ঘটানো হয়। এর আগে বিশ্ব ফুটবলের শীর্ষস্থানীয় দলগুলো ৫-৩-২ ও ৩-৪-৩ পদ্ধতিতে ফুটবল খেলত। এই পদ্ধতির মাধ্যমে ব্রাজিল প্রতিপক্ষকে বেশি রক্ষণাত্মক বানিয়ে বিপক্ষ সীমানায় ঠেলে দিত। ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগের মাধ্যমে বিপক্ষ দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ম্যাচ বের করে নিত।এই বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও সুইডেন। ব্রাজিল সেমিফাইনালে ফ্রান্সকে ৫-২ ও সুইডেন জার্মানিকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনালে পেলের দুর্দান্ত এক হ্যাট্রিক ব্রাজিলকে নিয়ে যায় দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে।ফাইনালে ব্রাজিল পেলের একক নৈপুণ্যে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। পেলে অসাধারণ খেলে দুটো দর্শনীয় গোল করেন। ব্রাজিল ঘোচায় ১৯৫০ বিশ্বকাপের দুঃখ। ব্রাজিলের এই বিশ্বকাপ জয় আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। এই শিরোপার মধ্য দিয়েই ইউরোপের মাটিতে বিশ্বকাপ জয় করে লাতিন আমেরিকার কোনো দেশ।আর্জেন্টিনা এই বিশ্বকাপে প্রথম পর্বেই বিদায় নিয়েছিল। ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে আর্জেন্টাইন দল যখন দেশের মাটিতে নামে, বুয়েন্স আয়ার্সের শত শত বিক্ষুব্ধ জনতা আর্জেন্টিনা দলের ওপর আবর্জনা ছুড়ে তাদের ‘স্বাগত’ জানায়। সুইডেন বিশ্বকাপে আরও একটি ঘটনা স্মরণীয় হয়ে আছে। প্রথম পর্বে ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলশূন্য ড্র।