এক কুস্তিগিরই সাক্ষীর জীবনসঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে করতে যাচ্ছেন সাক্ষী মালিক। ছবি: রয়টার্স।
বিয়ে করতে যাচ্ছেন সাক্ষী মালিক। ছবি: রয়টার্স।

সাক্ষী মালিক বিয়ে করতে যাচ্ছেন। রিও অলিম্পিকে প্রথম নারী হিসেবে ভারতকে পদক এনে দেওয়া এই কুস্তিগির নাকি ডুব-সাঁতারে অসম্ভব পটু! অলিম্পিকের আগেই ডুবে ডুবে জলটা খেয়েছিলেন তিনি। কুস্তির ম্যাটে নিজের লক্ষ্য স্থির করার সঙ্গে সঙ্গে বেছে নিয়েছেন নিজের জীবনসঙ্গীকেও।


ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাক্ষী নিজেই জানিয়েছেন তাঁর ভালোবাসার মানুষটির কথা! এই সংবাদে যদি অজস্র ভারতীয় উঠতি তরুণের হৃদয় ভেঙে যায়, তাহলে কিছুই করার নেই তাঁর। ভারতীয় কুস্তির এই সম্রাজ্ঞী জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এক কুস্তিগিরকেই। বিয়েটা হতে যাচ্ছে এ বছরই।

সাক্ষাৎকারে সাক্ষী নিজের জীবনসঙ্গীর নামটা জানাননি। তবে জানিয়েছেন, অচিরেই বিয়েটা করতে যাচ্ছেন তাঁরা। তাঁর জীবনসঙ্গী তাঁর স্বপ্নের যোগ্য সারথি—এটাও বলতে ভোলেননি।
সাক্ষী বলেন, ‘ওর নামটা জানতে চাইবেন না দয়া করে। ব্যাপারটা একটু গোপন। তবে সে একজন কুস্তিগির। আমাকে ভীষণ সমর্থন করে। আমার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে সে। বিয়ের পর দারুণ একজন বন্ধু পাব আমি। সে আমার প্রস্তুতিতেও সাহায্য করবে।’

রিওকে ব্রোঞ্জ জয় তাঁর স্বপ্নের পরিধি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সাক্ষীর ভবিষ্যতের লক্ষ্যটাও অলিম্পিক ঘিরেই, ‘২০২০ সালে টোকিও অলিম্পিকে গিয়ে ব্রোঞ্জের চেয়েও বেশি কিছু জিততে চাই।’

অলিম্পিকে ৫৮ কেজির ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতে ভারতের পদক-প্রতীক্ষার অবসান ঘটান সাক্ষী। হরিয়ানার রোহতাক থেকে উঠে আসা সাক্ষী স্রোতের প্রতিকূলে লড়াই করেই নিজেকে একজন সফল কুস্তিগির হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সূত্র : ডিএনএ ইন্ডিয়া।