এক কোটি থেকে দুই কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ বছর পর দেশকে বিশ্বজয়ের গৌরব এনে দিয়েছেন যাঁরা, তাঁদের কি আর অখুশি রাখা যায়? ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চ থেকেই বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন ভারতীয় দলের প্রতিটি সদস্যকে এক কোটি রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, এত বড় অর্জনের জন্য এই ‘সামান্য’ টাকায় নাকি সন্তুষ্ট নন ভারতীয় ক্রিকেটাররা। গুঞ্জনটাকে বাড়তে দেয়নি বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। গতকাল ওয়ার্কিং কমিটির সভা শেষে বিসিসিআই সচিব এন শ্রীনিবাসন জানালেন, অর্থ পুরস্কার দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিরা পাচ্ছেন দুই কোটি রুপি করে!গ্যারি কারস্টেন, এরিক সিমন্সরা অবশ্য এতটা ভাগ্যবান নন। সাপোর্ট স্টাফদের জন্য পূর্বঘোষিত ৫০ লাখ রুপি আর বাড়ানো হয়নি। অবশ্য দুই কোটিতেও ক্রিকেটাররা সন্তুষ্ট হবেন কি না, কে জানে! সরাসরি না বললেও আকারে-ইঙ্গিতে কয়েকজন ক্রিকেটার নাকি বিসিসিআই কর্তাদের বুঝিয়েছেন, তাঁদের দাবি ৫ কোটি রুপি! শ্রীনিবাসন অবশ্য এসব ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন। কিন্তু দাবিই যদি না থাকে, তাহলে এত দিন পর পুরস্কারের অঙ্কটা হঠাৎ দ্বিগুণ হয়ে গেল কীভাবে! ওয়েবসাইট।